দূরপ্রাচ্যের আঁকিবুকি
এখন শাহবাগে চারুকলার সামনে গেলেই চোখে পড়বে বিশাল ব্যানারে ‘রেইকো হনজো এক্সিবিশন’। রেইকো হনজো জাপানের নবীন শিল্পীদের একজন। চারুকলার জয়নুল গ্যালারির দুই নম্বর কক্ষে চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী। জাপানি ঐতিহ্য অনুসারে ছবিতে রঙের স্বল্প ব্যবহার করে ড্রয়িংকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছবির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাক্রিলিক, জলরং আর চারকোল। ছোট-বড় ক্যানভাসে আঁকা ছবিগুলো কিছুটা বৈচিত্র্যহীন।ক্যানভাসের পটভূমিতে হালকা ফ্ল্যাট রঙের ওপর এলোমেলো ড্রয়িং। প্রতিটি ছবিতেই পাতা ও শামুক ঘুরেফিরে এসেছে। এ থেকে শিল্পী ছবিতে তাঁর অন্তর্গত প্রতীকী তাত্পর্যের ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। শামুক সুস্থিত জীবন বা নির্ভরশীলতার প্রতীক। পাতা মূলত বিষাদের প্রতীক হলেও এর আরও অর্থ আছে। পাতা কখনো সুখ, কখনো সকল সত্তার প্রতীকী রূপ। শিল্পী তাঁর ছবিতে পাতার নতুন ব্যাখ্যা হাজির করতে চেয়েছেন, যার আভাস পাওয়া যায় তাঁর ছবিগুলোর শিরোনামে। প্রদর্শিত ছবিগুলোতে এলোমেলো ড্রয়িংয়ের ব্যবহার খুব বেশি। এই অগোছালো ড্রয়িংয়েই বোধ করি শিল্পী খুঁজে পেতে চেয়েছেন আমাদের জীবনের স্বপ্ন আর প্রেরণাগুলো।এর আগেও রেইকি হনজোর ছবি প্রদর্শিত হয়েছে ঢাকায় জয়নুল গ্যালারিতে। ২০০৯ সালে টুয়েলভ কনটেম্পোরারি ইয়ং পেইন্টার এক্সিবিশনে তিনি জাপানের প্রতিনিধিত্ব করেছিলেন। হনজো জাপানে বেশ কিছু একক ও যৌথ প্রদর্শনী করেছেন। ২০০৯ সালে রেইকো ফিফথ দি ওয়ার্ল্ড পেইন্টিং গ্র্যান্ড প্রাইজসহ জাপানে আরও দুটি পুরস্কার পেয়েছেন শিল্পী। বর্তমানে তিনি তোশিমা একাডেমি সিনিয়র হাইস্কুলে শিল্পকলার প্রভাষক হিসেবে কাজ করছেন। রেইকো হনজোর প্রদর্শনীটি শুরু হয়েছে ১ আগস্ট, চলবে আগামীকাল ৭ আগস্ট পর্যন্ত।—শাশ্বতী মজুমদার