দূরপ্রাচ্যের নিরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প বিপ্লবের একপর্যায়ে বিশ্ব চিত্রকলার ইতিহাসের পটভূমিকে বিস্তৃত নবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল উৎসাহ হিসেবে গণ্য হয়েছে জাপানের ঐতিহ্যবাহী চিত্রকলার বিভিন্ন মাধ্যম, বিশেষ করে ছাপচিত্র। এমনকি বর্তমান সময়েও দূরপ্রাচ্যের শিল্পধারার স্বকীয় বৈশিষ্ট্যে সমৃদ্ধ নান্দনিকতা সমগ্র বিশ্বের শিল্পীবোদ্ধা-দর্শকের আকর্ষণের বিষয়। উপরন্তু বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময় থেকে জাপান বন্ধুপ্রতিম দেশ হিসেবে অর্থনৈতিক-সাংস্কৃতিক বিনিময়ে উদার সম্পর্ক স্থাপন করেছে। বিভিন্ন সময়েই জাপানি শিল্পীরা বাংলাদেশে এসেছেন শিল্প-স্বাদ বিনিময়ে। গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল জাপানি শিল্পী জুনকো ওকামোতার একক চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পী জুনকো ওকামোতোর চিত্রমাধ্যম বেশ উৎসাহব্যঞ্জক অভিনবত্বে। এক নম্বর গ্যালারিতে তাঁর ছবির বিষয়বস্তু হিসেবে এসেছে ‘রাত’।‘গভীর সমুদ্রে জ্যোৎস্নার আলো’, ‘চাঁদটা জানালা দিয়ে ছিটকে বেরিয়ে গেছে’, ‘আমরা চাঁদের জন্য তাকাই’, ‘রাতের ভেতরে হাঁটা’, ‘অনেক অনেক দূরে’ শিরোনামের ছবিগুলোর মূল আকর্ষণ অদ্ভুত ফর্মের। ছবিতে অনেকগুলো তল খুব যত্নের হালকা আবহে একত্র। রং হিসেবে কাপড়ের রং ব্যবহার করেছেন। কাপড়ের রঙের ছোট পুঁটলি বানিয়ে কাগজে ধীরে ধীরে কাজ করেছেন। কোনো কোনো চিত্রকর্মের কাগজে মোমের আবরণও দেওয়া, যা নতুন রকমের নিরীক্ষাধর্মী ও স্বাদের জোগান দিয়েছে দর্শককে। শিল্পীর ছবির বিষয়বস্তু ও করণকৌশল নিয়ে বললেন এ প্রদর্শনীর কিউরেটর জাপানপ্রবাসী বাংলাদেশি শিল্পী জি এস কবির। ভেতর দিয়ে প্রচণ্ড অন্ধকারের কালো এবং এর ভেতর থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসা ধূসর হালকা হলুদাভ, মেটে কিংবা ধূসর নীল বা সাদা রং—এই আভাসের ভেতর দিয়ে ছবির বিষয়বস্তুর কবিতাময় আবহ তৈরি করে। কম্পোজিশনের ক্ষেত্রেও শিল্পী চিত্রপটের স্থান বিভাজন করেছেন বিশালাকার জৈবিক ফর্মের সঙ্গে এক ফালি চাঁদ কিংবা হ্যালুসিনেশন হওয়া হেলে পড়া বিল্ডিং। ছবির ভেতরকার বিশালায়তন ফর্মের সঙ্গে ফ্রেমের মাউন্টবোর্ডকে ব্যবহার করেছেন সংগতিপূর্ণ উপায়ে। ফলে পুরো ফ্রেমটাই কম্পোজিশনের স্থান বিভাজনে পেয়েছে সমান মনোযোগ।দুই নম্বর গ্যালারিতে শিল্পীর ড্রয়িংনির্ভর নিরীক্ষাধর্মী শিল্পকর্ম ছিল। হালকা রেখা, কোথাও স্বচ্ছ পরিষ্কার রঙের খুব পরিশীলিত ব্যবহার জাপানের ঐতিহ্যবাহী শিল্পচর্চার ধারাবাহিক প্রজন্মের উত্তরণের পরিচয় বহন করেছে।৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত আরেকজন জাপানি শিল্পী মিনামি ওগুরার একক চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে জয়নুল গ্যালারিতে। এখানে ছাপচিত্রসহ মিশ্র মাধ্যমের শিল্পকর্ম দেখার সুযোগ থাকছে বাংলাদেশের দর্শকদের জন্য।প্রায় ২০ বছর ধরে শিল্পী জি এস কবির জাপান-বাংলাদেশের শিল্পীদের নিয়ে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে আসছেন। প্রদর্শনীর মাধ্যমে দর্শক সমসাময়িক জাপানের শিল্পী ও তাঁদের ভাবনাচর্চা সম্পর্কে জানতে পারেন।