সিনেমার প্রতি একধরনের দুর্বার আকর্ষণ আমার ছিলই। কিন্তু সিনেমা দেখার সুযোগ তেমন ছিল না। কারণ, আমাদের লক্ষ্মীপুরে কোনো সিনেমা হল ছিল না। তাতে যেন আকর্ষণ আরও বেড়ে গেল। সিনেমা দেখার জন্য ছুটে যেতাম নোয়াখালী শহরে। কখনো কখনো কুমিল্লা শহরে। কুমিল্লায় কলেজে যখন পড়েছি, সময়টা সাতান্ন বা আটান্ন সালের দিকে হবে, তখন সিনেমা হলে গিয়ে প্রচুর সিনেমা দেখেছি।সে সময় উত্তমকুমার-সুচিত্রা সেন জুটির ছবি বেশ টানত আমায়। এর মধ্যে এখনো মনে আছে হারানো সুর, পথে হলো দেরির মতো মন মাতানো ছবিগুলোর কথা। আরেকজন পরিচালকের কথা তো না বললেই নয়; তিনি সত্যজিৎ রায়। তাঁর পথের পাঁচালী সিনেমাটি এককথায় অসাধারণ!এই সময়ের পরিচালকদের মধ্যে ঋতুপর্ণ ঘোষের সব ছবিই ভালো লাগে। মানুষের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা সমীকরণ তাঁর ছবিতে বেশি দেখা যায়। তাই এই সিনেমাগুলো বেশ মাতিয়ে রাখে আমায়।কিছুদিন আগে রানওয়ে ছবিটি দেখেছি। এটা ভীষণভাবে মনে দাগ কেটেছে। সিনেমার বিষয়বস্তু অসাধারণ! অন্যদিকে, অনন্য এর নির্মাণশৈলী। দেখতে দেখতে প্রয়াত পরিচালক তারেক মাসুদের প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল। আর ভালো এর চিত্রগ্রহণ। এ জন্য ধন্যবাদ দিতেই হয় প্রয়াত চিত্রগ্রাহক মিশুক মুনীরকে। কী অসাধারণ কয়েকটি দৃশ্য! সূর্য দিগন্তে মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে রাত এগোচ্ছে। তারপর আরও কুসুম কুসুম আলো। আবার সেই আলো ফুটেই বেরিয়ে আসছে দিন। এই দৃশ্যায়নগুলো সত্যি অসাধারণ! আমরা শুধু জঙ্গি বা বিপথগামী ব্যক্তিদের সম্পর্কে সরলরৈখিক কিছু কথা বলি। কিন্তু একটা সাধারণ ছেলে কেমন করে জঙ্গি হচ্ছে, তা ভেবে দেখি না হয়তো। পরিচালক তারেক মাসুদ জঙ্গিদের দেখিয়েছিলেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।একটি ছেলে, জঙ্গিদের সংস্পর্শে এসে তার ভাবনা পাল্টে যায়, পরিবর্তন হয় তার দর্শনচেতনার। সেই চেতনায় ফাটল ধরে, ভুলগুলো ধরা দেয় চোখের সামনে। তারপর ছেলেটি আবারও ফিরে আসে মায়ের কোলে। আর তার ব্যাকুল মা ছেলে ফিরে আসার খুশিতে গরুর দুধ দিয়ে গোসল করিয়ে দেয়। দৃশ্যটি সত্যি অসাধারণ!অনেক নিষ্ঠুর মানুষও দৃশ্যটি দেখে চোখের জল ধরে রাখতে পারবে না। জঙ্গি, যারা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, পরিবার থেকে, যারা ওই মতবাদে দীক্ষিত হচ্ছে, তাদের জন্য এটি দৃষ্টি উন্মোচনকারী একটি ছবি। তাদের সবার এটি দেখা উচিত।অনুলিখন: সুচিত্রা সরকার