দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাছের বদলে দুপাশে দাঁতের সারি
মাটির বদলে পিচ্ছিল আঠালো কী যেন,
হাঁটতে হাঁটতে দেবে যাচ্ছে দুই পা।
ওপরে আকাশ নেই
খাঁজকাটা আচ্ছাদন শুধু
নড়েচড়ে ওঠে মাঝে মাঝে।
একটা সরু টানেলের মুখ দিয়ে
কটু গন্ধ নিয়ে হাওয়া আসে
আর ফিরে যায়।
সূর্যটা ঝুলে আছে
যেন খেলা থেকে
বাদ পড়া লাল ফুটবল
তবু কেউ টের পাচ্ছে না কিছু।
বাজারের ব্যাগ হাতে আর
চায়ের পেয়ালা হাতে
কিচ্ছু হয়নি ভঙ্গিতে
চলে যাচ্ছে লোকজন।
কুমিরের মুখের মতন
এই জায়গাটার নাম কী
কাকে থামিয়ে জিজ্ঞেস করি আমি!