প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশটা তো আমাদেরই...তাই না!
গাছগুলো আমাদের ফুল দেয় ফল দেয়
নদীগুলো ফসলের মাঠে মাঠে জল দেয়
রোদে দেয় ছায়া-মায়া; সুশীতল হয় কায়া
বলো এই দেশ থেকে আমরা কী পাই না!
দেশটা তো আমাদেরই...তাই না!
মায়াময়ী মৃত্তিকা জননীর মতো সে;
অবিরত স্নেহ-সুধা দিয়ে যায় কত সে
পাখিদের কাকলিতে; ভোর আসে আলো দিতে
আমরা কি প্রকৃতির সাথে মিশে যাই না!
দেশটা তো আমাদেরই...তাই না!
দেশ শুধু দিয়ে যায়, দেয়া তার শেষ নেই
বিদেশিরা বলে, এত ভালো কোনো দেশ নেই
মুক্তিতে দীপ্তিতে...বেঁচে থাক তৃপ্তিতে
দেশটার ভালো বলো কেন তবে চাই না?