দেশভাগ অনিবার্য ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২০’–এর মননশীল শাখায় আহমদ রফিকের  দেশবিভাগ: ফিরে দেখা ও সৃজনশীল শাখায় পুরস্কার পেয়েছে রায়হান রাইনের আগুন ও ছায়া। এ নিয়ে আয়োজন

আহমদ রফিক, প্রতিকৃতি: মাসুক হেলাল
আহমদ রফিক, প্রতিকৃতি: মাসুক হেলাল

আহমাদ মাযহার: সাহিত্য আপনার প্রধান উপজীব্য। আপনার রবীন্দ্রচর্চার কথা খুবই সুবিদিত। দেশভাগ নিয়ে সাম্প্রতিককালে বেশ কটি গবেষণাধর্মী বই বেরিয়েছে। তা সত্ত্বেও বিদ্যায়তনিক পরিমণ্ডলের ইতিহাসচর্চার বাইরে এমন একটি বিষয়ে বই লেখার কথা কেন ভাবলেন?

আহমদ রফিক: এর গোড়া একেবারে আমার ছাত্রজীবনে, অবিভক্ত ভারতে। আমার শৈশব কেটেছে জন্মগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে। পরে বড় ভাইয়ের চাকরিসূত্রে ১৯৩৭ সালে গিয়েছি নড়াইল। হিন্দু মধ্যবিত্ত এবং পেশাজীবী প্রধান রাজনীতি ও সাহিত্য-সংস্কৃতি সচেতন একটি শহর ছিল নড়াইল। সেই পরিবেশের প্রভাব ও প্রকৃতিপ্রদত্ত ব্যক্তিবৈশিষ্ট্যে সক্রিয় রাজনীতি ও প্রগতিশীল রাজনীতির প্রতি আমার আকর্ষণ জন্মেছিল—মুসলিম লীগের রাজনীতির প্রতি নয়। মনে পড়ে, ভগৎ সিংহ ও তাঁর সহকর্মীরা নামে একটি পুস্তিকা পড়ে খুব অভিভূত হয়েছিলাম সে সময়। যুগান্তর ও স্টেটসম্যান পত্রিকা পড়ে নিয়মিত অনুসরণ করতাম রাজনৈতিক হালচাল। তখনই মনে হতো, এত বড় উপমহাদেশের নাগরিক হওয়া আর বিভক্ত একটা ভূখণ্ডের অধিবাসী হওয়ার মধ্যে অনেক ফারাক। ওই বয়সেই নানা যুক্তিতে দেশ বিভাগকে গ্রহণ করতে পারিনি। আমার অনেক বন্ধু মনে করেছে, পাকিস্তান হওয়ার দরকার ছিল। কিন্তু আমি মনে করেছি, না, দরকার যেমন ছিল, তেমনি আবার দরকার ছিল না বিভিন্ন কারণে। তো, আমার কাছে সেই অন্য কারণগুলোই বড় হয়ে দেখা দিয়েছিল। মনে হয়েছিল, এই বিষয়টা নিয়ে কিছু একটা লেখা দরকার।

মাযহার: তার মানে অন্তরের তাগিদটা সব সময়ই ছিল?

রফিক: আসলে বইটি লেখার পেছনে তাগিদটা সব সময় ছিল বলে এ বিষয়ে আমি বিভিন্ন সময়ের, ধরতে পারো বিগত ৪০ বছরের—বইগুলো সংগ্রহ করি। কতগুলো বই ছিল খুবই দুষ্প্রাপ্য। তো, দশকের পর দশক ধরে বই জোগাড় করা হয়। কিন্তু লেখা হয় না। লিখব লিখব করতে করতে নানা দিক থেকে তাৎক্ষণিক লেখার চাপ এটাকে পিছিয়ে দিয়েছে। এরপর কয়েক বছর আগে আমার মনে হলো, নিজের জীবনের সন্ধ্যালগ্নে এসে পড়লাম, কিন্তু এত বড় একটা চিন্তা মাথায় ছিল, সেটা তো আর লেখা হলো না। তখন বইগুলো আবার নতুন করে পড়ে, দু-আড়াই বছর সময় নিয়ে লেখা শুরু করি বইটি। মঈনুল আহসান সাবেরের অনুরোধে ধারাবাহিকভাবে এটি ছাপা হয় সাপ্তাহিক ২০০০-এ। দেড় বছর ধরে সেখানে প্রকাশিত হয়েছে লেখাগুলো। পরে বই হয়ে বেরিয়েছে। এটাকে আরেকটু পরিশীলিতভাবে লিখতে পারলে বোধ হয় আরও সুসংহত হতো। তবুও পরবর্তী সময়ে আমি চিন্তা করে দেখেছি, আমার যে ভাবনাগুলো ছিল, দেশ বিভাগের অনিবার্য কারণ যেগুলো ছিল, যে সূত্রগুলো ছিল এবং এর পেছনের কোন কোন শক্তির কতটুকু ভূমিকা—তা এখানে ভালোই এসেছে। লিখতে গিয়ে আমার মনে হয়েছে, এটা লিখতে হবে নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে। আমি যখন বইটা লিখি, মাথায় রেখেছি যে আমি না হিন্দু, না মুসলমান, না খ্রিষ্টান, না বৌদ্ধ—আমি মানুষ। আমি একজন বিশ্লেষক, ইতিহাসের। এখানে আমি বিভিন্নজনের মত উদ্ধার করে সে পরিপ্রেক্ষিতে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি।

.
.

মাযহার: দেশভাগের কারণ বিশ্লেষণ করে আপনি বলেছেন যে এটা নিবার্য ছিল। কীভাবে? এটা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের রাজনৈতিক ব্যর্থতা, সামগ্রিকভাবে তাঁদের ব্যক্তিত্বের দুর্বলতা, নাকি গভীর প্রোথিত সামাজিক কোনো কারণে ঐক্যবদ্ধ ভারতের স্বাধীনতা হলো না? অধিকাংশ মানুষই কিন্তু মনে করেন এটা অনিবার্য ছিল।
রফিক: ভারতীয় রাজনীতির ইতিহাসে দুটো ব্যাপার আছে—ঐক্য এবং অনৈক্য। কিছু ঘটনায় দুই সম্প্রদায়—প্রধানত হিন্দু আর মুসলমান—রাজনীতির প্রশ্নে খুব কাছাকাছি এসেছে, আবার দূরে সরে গেছে। তুমি খুব সুন্দরভাবে বলেছ—কিছু কারণ ঘটনাতাড়িত, কিছু ব্যক্তিত্বতাড়িত। ঘটনাতাড়িত কারণগুলোকে ইতিহাসবিদেরা কেউ বলতে পারেন, এটা ইতিহাসের অসমগতি—নীহারঞ্জন রায় তাঁর বাঙ্গালীর ইতিহাস-এ যেটাকে বলেছেন ‘হিস্টরিক্যাল ল্যাক’। আবার মমতাজুর রহমান তরফদার ভাষা আন্দোলন প্রসঙ্গে ‘অমর একুশে বক্তৃতা’য় বলেছিলেন, আমাদের এখানেও সেই ‘হিস্টরিক্যাল ল্যাক’ কাজ করেছে। আমিও মনে করি, সেটা ছিল, সঙ্গে কিছু অবধারিত ঘটনা সেটাকে নিয়ন্ত্রণ করেছে। ব্যক্তিবিশেষের ব্যক্তিত্বের দ্বন্দ্ব আর অহংবোধও কাজ করেছে অনেকটা। যেমন জিন্নাহ বনাম গান্ধী, জিন্নাহ বনাম নেহরু—এই ব্যাপারগুলো আছে। আর যেটা বলেছ সামাজিক কারণ, সেটাও আছে। ভারত বিভাগে বঙ্গের বিশাল ভূমিকা রয়েছে। কলকাতা তো দীর্ঘ সময় ধরেই গোটা ভারতবর্ষের রাজধানী হিসেবে সারা ভারতের রাজনীতির নিয়ন্ত্রক ছিল। অথচ গোটা উত্তর ভারত বা পশ্চিম ভারতের মুসলমানদের তুলনায় বঙ্গীয় মুসলমানদের অবস্থা ছিল খুব খারাপ। এই যে শ্রেণিগত ও অর্থনৈতিক বৈষম্য—এগুলো কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের ভিন্ন জায়গায় নিয়ে গেছে।
মাযহার: এর কারণ কী?
রফিক: চিরস্থায়ী বন্দোবস্ত ও তৎকালীন ব্রিটিশ নীতি। এই দুটি কারণেই বাঙালি মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল, তা বিভেদ কিংবা বিভাজনের জায়গাগুলোকে খুব শক্তপোক্তভাবে তৈরি করেছিল। সেই সূত্রেই বলা যায়, এই দেশ বিভাগটি মোটামুটিভাবে অনিবার্য হয়ে দাঁড়ায়। কিন্তু তার পরও আমি নিবার্য বলি এই জন্য যে ফজলুল হক সাহেবের কৃষক প্রজাপার্টির রাজনীতি, জাতীয়তাবাদী মুসলমানদের—ওই আবদুল হালিম গজনবীদের, জাতীয়তাবাদীদের, বামপন্থীদের আন্দোলন—এগুলো মিলেই কিন্তু সামগ্রিক ভারতের একটা অখণ্ড সম্ভাবনাও ছিল। যেমন তুমি যদি দেখো, ১৯৪৬ সালে পৌঁছেও বঙ্গকে অবিভক্ত রাখার জন্য আবুল হাশিমদের চেষ্টা—তাতে তো এই সম্ভাবনার ভিত্তি ছিল। কিন্তু ওই ‘হিস্টরিক্যাল ল্যাক’ সেগুলোকে নষ্ট করে। ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক প্রজাপার্টি বা মুসলিম লীগ কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফজলুল হক চাইলেন কংগ্রেসের সঙ্গে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করতে। শরৎ বসুর বঙ্গীয় কংগ্রেস মোটামুটি রাজি ছিল। তবে নেহরু ও গান্ধী চাইলেন না, তখন ওঁদের কেন্দ্রীয় নীতি ছিল কারও সঙ্গে কোয়ালিশন নয়। কিন্তু দূরদৃষ্টি থাকলে তাঁরা বুঝতে পারতেন যে এই কোয়ালিশন না করার পরিণতিটা তাঁদের কোথায় নিয়ে দাঁড় করাবে। তাঁরা বুঝতেই পারলেন না যে এটা একটা টার্নিং পয়েন্ট।
মাযহার: এটা কিন্তু জিন্নাহও বোঝেননি। জিন্নাহ এটাকে কৌশলে তাঁর পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন। মানে জিন্নাহ এটার তাৎপর্য অনুভব করেননি!
রফিক: না। মুসলিম লীগের সঙ্গে সংযুক্ত হতে ফজলুল হকের প্রজাপার্টি নষ্ট করার দরকার ছিল না। দলের সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমেদ বারবার তাঁকে বলেছিলেন, ‘আপনি এটা কী করছেন?’ গোটা দলসহ মুসলিম লীগে যোগ দিয়ে তিনি তাঁর কোয়ালিটিকে শেষ করে দিলেন।
মাযহার: বাংলাদেশের রাজনীতির নিয়ামক হওয়ার কথা ছিল যাঁদের—অর্থাৎ কৃষক-প্রজাদের, যাঁদের দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশ গঠিত হওয়ার কথা ভবিষ্যতে, সেই দৃষ্টিভঙ্গিটা বিচ্ছিন্ন হয়ে গেল রাজনীতি থেকে!
রফিক: মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে প্রজাপার্টি কিন্তু চমৎকারভাবে দাঁড়াতে পারত। ফজলুল হক সেটা নষ্টই করে দিলেন। আরেকটি কথা, ’৩৭-এর নির্বাচনে উত্তর প্রদেশে জিন্নাহ এগিয়ে এসে কংগ্রেসের সঙ্গে কোয়ালিশন চাইলেন। মওলানা আজাদ খুব চেষ্টা করলেন। কিন্তু হলো না মূলত নেহরুর জন্যই। এই না-হওয়ার পর জিন্নাহ বলেছিলেন, ‘তাহলে এখান থেকে আমাদের পথ ভিন্ন হয়ে গেল।’ ইতিহাসের এই ঘটনাগুলো যদি অনুকূলভাবে ঘটত, তাহলে ঘটনা অন্য রকম হতে পারত। আমি নিবার্য বলি, কারণ সেটা মানুষের হাতেই ছিল, নিয়তির হাতে ছিল না। তো, তাঁরা সেভাবে রিঅ্যাক্ট করলেন না। মানে তাঁরা ইতিহাসকে দেখতে পারলেন না, বুঝতে পারলেন না। দেখতে পারলেন না ভবিষ্যৎকেও।
যে জন্য তোমার ওই প্রশ্নের আমার জবাব যে নিবার্য দেশ বিভাগ অনিবার্য হয়ে দাঁড়াল তঁাদেরই কিছুসংখ্যক কুশীলবদের হাত দিয়ে।


আহমদ রফিকের সাক্ষাৎকার নিয়েছেন আহমাদ মাযহার
দেশবিভাগ: ফিরে দেখা
আহমদ রফিক
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: অনিন্দ্য প্রকাশ
ফেব্রুয়ারি ২০১৪
পৃষ্ঠা: ৪৮০
দাম: ৬০০ টাকা।

আরও পড়ুন: