দেশলাই কাঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়নাহীন ঘরে নিজেকে দেখি না আর! আমার চুল বাড়ছে, নখ বাড়ছে। মাঝেমধ্যে মনে হয়, ড্রাকুলার মতো দাঁত বেড়ে যাচ্ছে বিঘত, কামড়ে খাচ্ছি অন্ধকার! আমার সব বাড়ছে—রোমকূপ প্রসারিত হয়ে আমার শরীরে জন্ম নিচ্ছে সহস্র কুয়ো—
আয়নাহীন ঘরে প্রতিবিম্ব পড়ে না কোনো। মাঝেমধ্যে আলো জ্বলে ওঠে; নিজের ছায়ার সঙ্গে কথা বলি-হাসি, অভিমান করি, ভালোবাসি, চুমু খাই!
আমাকে দেখি না আমি, আমার ভেতরে কমছে দৈর্ঘ্য-প্রস্থ; গুটিয়ে যাচ্ছি, চুল বাড়ছে, নখ বাড়ছে, দাঁত বাড়ছে...
শুধু আমিই নিজের ভেতর ক্ষয় হয়ে যাচ্ছি নিজে
আমি—নিজের ভেতর জ্বলে উঠছি সহস্র দেশলাই কাঠি।