দেশের প্রথম নারী আলোকচিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঈদা খানম যখন ক্যামেরা হাতে নেন, তখন ঢাকা শহরে কোনো মেয়ের জন্য আলোকচিত্রী হওয়াটা ছিল কল্পনাতীত ব্যাপার। মেয়েদের তখন ঘোড়ার গাড়ির বদ্ধ ঘেরাটোপে স্কুল-কলেজে যেতে হতো। সেই সময়েই ক্যামেরা কাঁধে নিয়ে শহরে ঘুরে ঘুরে ছবি তুলেছেন সাঈদা খানম। তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো পাকিস্তানেই তখন একমাত্র নারী আলোকচিত্রী। পরে কাজ করেছেন বেগম পত্রিকায়। তাঁর ক্যামেরায় বন্দী হয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথ, জাপানের রানি, মাদার তেরেসা, সত্যজিৎ রায়, চাঁদে প্রথম পদার্পণকারী তিন নভোচারীসহ অসংখ্য স্মরণীয় মুহূর্ত ও মানুষের ছবি। এই কীর্তিময়ী আলোকচিত্রীকে নিয়ে লিখেছেন এ সময়ের তরুণ আলোকচিত্রী সাহাদাত পারভেজ।সাঈদা খানম: জন্ম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর, পাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে এমএ। জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস প্রভৃতি দেশে আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেন। ১৯৭৩ সালে বাংলাদেশের হয়ে অল ইন্ডিয়া ফটোজার্নালিজম কনফারেন্সে প্রতিনিধিত্ব করেন। ১৯৮২ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান গেমসে বেগম পত্রিকার প্রতিনিধিত্ব করেন। ১৯৮০ সালে দিল্লিতে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স, ১৯৮৬ সালে কলকাতায় দ্বিতীয় আন্তর্জাতিক আলোকচিত্র কনফারেন্স এবং ১৯৯৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ ডিপিআই এনজিও ৫২তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৯২ সালে বিপিএস গ্যালারি, ১৯৯৭ সালে জয়নুল গ্যালারি, মহিলা সমিতিতে মাদার তেরেসার ওপর একক প্রদর্শনী করেন, ২০০১ সালে হয় কলকাতার নন্দনে সত্যজিৎ রায়ের ওপর একক আলোকচিত্র প্রদর্শনী।১৯৫৬ সালে জার্মানির আন্তর্জাতিক কোলন পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তান ফটো প্রতিযোগিতায় প্রথম স্থান, ১৯৮০ সালে সাইপ্রাসে কমনওয়েলথ পুরস্কার, ১৯৯৫ সালে জাপানে ইউনেসকো পদক, ১৯৯৬ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি সম্মানসূচক ফেলো, ১৯৯৭ সালে অনন্যা শীর্ষ দশ, ২০০০ সালে বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, ২০০২ সালে বিপিএস রজতজয়ন্তী পদক, ২০০৭ সালে আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা স্মারক, ২০০৯ সালে বাংলাদেশ মহিলা পরিষদ সম্মাননা এবং ২০১১ সালে বাংলাদেশ মহিলা সমিতির বিশেষ সম্মাননা লাভ করেন।মুখোমুখি বাস্তবের রানিব্রিটেনের রানি এলিজাবেথ দুবার ঢাকায় এসেছেন। প্রথমবার এসেছিলেন পূর্ব পাকিস্তান আমলে। ঢাকা তখন একেবারে মফস্বল শহরের মতো। ওদিকে সংবাদচিত্রী ছাড়া রানির ধারেকাছে যাওয়াও সম্ভব নয়। সৌভাগ্য সাঈদা খানমের; তিনি তখনবেগম পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন, কাজেই তিনি রানির ছবি তোলার সুযোগ পেয়ে গেলেন। কিন্তু গোল বাধল অন্য জায়গায়। রানির বিমান যখন নামল পুরোনো বিমানবন্দরে (১২ ফেব্রুয়ারি, ১৯৬১), দিনের আলো তখন ম্লান হয়ে এসেছে। বিমানের সিঁড়ি দিয়ে রানি লাল গালিচার ওপর নেমে আসতেই ঝাঁকে ঝাঁকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে উঠল। কিন্তু সাঈদা খানমের ফ্ল্যাশ জ্বলল না। কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা তাঁর, ঠিক তখনই বুদ্ধিটা এল মাথায়; দ্রুতগতিতে ক্যামেরায় হাইস্পিড ফিল্ম ভরে দুরুদুরু বুকে ছবি তুলে গেলেন। পরে দেখলেন, সেদিন বিনা ফ্ল্যাশে তোলা তাঁর প্রতিটি ছবিই দারুণ ভালো হয়েছে।রমনা পার্কের সামনে একটি পুরোনো বাড়ি সাজানো হয়েছে রানির জন্য। গাছে গাছে নানা ফুল। রানির অভ্যর্থনা অনুষ্ঠানে বাজি পোড়ানো হচ্ছে। আকাশে লাল-সবুজ-হলুদ আলোর ফুলঝুরি ঝলসে উঠে শতখণ্ড হয়ে ঝরে পড়ছে। সেদিকে তাকিয়ে রানি মুগ্ধ হয়ে হাসলেন—আতশবাজির রঙিন আভা রানির চোখে-মুখে—এ রকম একটি অবিস্মরণীয় মুহূর্তের ছবি তুললেন সাঈদা খানম।পরের দিন রানি বের হলেন বুড়িগঙ্গা ভ্রমণে। রানি যে স্টিমারে যাচ্ছিলেন, তার পাশের একটি লঞ্চে ছিলেন সাঈদা খানম। নদীর দুই তীরে অগণিত মানুষ হাত নেড়ে, ঢোল বাজিয়ে রানিকে অভিনন্দন জানাচ্ছে। রানিও হাত নাড়ছেন মাঝেমধ্যে। ভ্রমণ শেষে রানি যান আদমজী জুট মিলে। এখানে তিনি রানির সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ পান। বিদায়ের দিনে রানিকে ক্যামেরাবন্দী করলেন অন্য মাধুর্যে। রানি মাথায় পরেছেন হীরা বসানো সরু রাজকীয় মুকুট, আর গলায় হীরার নেকলেস। রানিকে রানির সাজে দেখলেন সবাই।মাদার তেরেসার বেদনাময় মুহূর্তমুক্তিযুদ্ধের সময়কার অবাঞ্ছিত শিশুদের দেখাশোনার জন্য মাদার তেরেসা ঢাকায় এসেছিলেন। তাঁর ছবি তুলতে খুব সকালে সাঈদা খানম ছুটলেন পুরান ঢাকার এক খ্রিষ্টান আশ্রমে। এ সময় মাদার তেরেসা তেজগাঁওয়ের বটমলী হোমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দু-একটা ছবি তোলার পর মাদার তেরেসা হঠাৎ সাঈদা খানমকে তাঁর গাড়িতে উঠতে বলেন। এ ঘটনায় সাঈদা খানম শুধু বিস্মিতই হননি, আনন্দে-শ্রদ্ধায় ভরে গেল তাঁর মন। বটমলী হোমে অসহায় শিশুদের দুরবস্থায় অশ্রুসিক্ত, বেদনাহত তেরেসাকে ক্যামেরায় ধারণ করলেন সাঈদা খানম।চাঁদের দেশে তিন নভোচারীপৃথিবীর সব মানুষকে স্তম্ভিত করে ১৯৬৯ সালের ২০ জুলাই তিন নভোচারী—নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স—চাঁদে অবতরণ করেন। কোনোদিন তাঁদের ছবি তোলার সুযোগ পাবেন, তা কল্পনায়ও আসেনি সাঈদা খানমের। কিন্তু তাঁকে চমকে দিয়ে আচমকা পূর্ব পাকিস্তানে এক ঝটিকা সফরে হাজির হলেন তিন নভোচারী। শেরাটন হোটেলে তিন নভোচারীর সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ছবি তোলা শেষে সাঈদা খানম বাইরে এসে দেখেন, মাইকেল কলিন্স গাড়িতে একা বসে আছেন। তাঁর হাতে একটা গোলাপ ফুল। সাঈদা খানম এক মুহূর্ত নষ্ট না করে ছবিটা তুললেন। দুর্লভ এক ছবি।আলোয় উদ্ভাসিত সত্যজিৎ রায়সাঈদা খানম সত্যজিৎ রায়ের ছবি তুলেছেন ৩০ বছর। দীর্ঘদিন ছবি তোলার কারণে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। চিত্রালীর প্রতিনিধি হয়ে সত্যজিৎ রায়ের লেক টেম্পল রোডের তিনতলা বাসায় প্রথম সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন সাঈদা খানম। হেমন্তের শেষ বেলায় সাদা শাল জড়িয়ে সত্যজিৎ লিখছিলেন। ঘরে ঢোকার আগে সাঈদা খানমের বুক ঢিপঢিপ করছিল, সত্যজিৎ রায়ের মতো এমন বিশাল ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিতে এসেছেন...। সাঈদা খানমকে একনজর দেখে ‘বসুন’ বলেই আবার লেখায় ডুবে গেলেন সত্যজিৎ। কয়েক মিনিট পর মুখ তুলে তাকালেন। আলোচনা শুরু হলো। সেদিন দুজনের মধ্যে আলোচনা চলে কাঞ্চনজঙ্ঘা ছবি নিয়ে। সত্যজিৎ কাঞ্চনজঙ্ঘার শুটিং শেষ করে দার্জিলিং থেকে সবে ফিরেছেন। কেমন আছে পদ্মা নদী—জানতে চেয়ে সত্যজিৎ ছেলেবেলার স্মৃতির কথা বললেন। পদ্মা নদী দিয়ে স্টিমারে ঢাকা থেকে কলকাতা যাচ্ছিলেন। খুব ভোরে ঘুম থেকে তুলে মা তাঁকে দেখিয়েছিলেন সূর্যোদয়। বিশাল নদীর ওপরে লাল সূর্যটাই তাঁর মনে আছে। আর কিছু মনে নেই। কথার ফাঁকে ফাঁকে চলে ছবি তোলা। এর পর থেকে আর অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয়নি। চারুলতা ছবির শুটিংয়ের সময় সত্যজিৎ রায় কোনো ফটোসাংবাদিককে অনুমতি দেননি। শুধু সাঈদা খানম ও ব্রিটিশ এক আঁকিয়েকে ঢুকতে দিয়েছিলেন। শুটিং রুমে পুরোনো যুগের পালঙ্কের বাজুতে সত্যজিৎ হেলান দিয়ে বসতেন। অল্প আলোয় পুরো পরিবেশ আরও রহস্যময় ও কাব্যিক হয়ে উঠত। পৌরুষদীপ্ত চেহারা, ব্যক্তিত্ব ও প্রতিভার আলোয় উদ্ভাসিত সত্যজিৎ রায়কে তখন সাঈদা খানমের কাছে গ্রিক ভাস্কর্যের মতোই মনে হতো। সাঈদা খানম সত্যজিৎকে ডাকতেন মানিকদা বলে। মানিকদা সাঈদা খানমের ক্যামেরার সামনে দাঁড়াতে কখনোই আপত্তি করেননি; যখন যেভাবে চেয়েছেন ছবি তুলেছেন। যেমন, সত্যজিতের স্ত্রী বিজয়া রায় (মঙ্কুদি) সহজে ছবি তুলতে চাইতেন না। কিন্তু সাঈদা খানম জেদ ধরলে মানিকদা তখন হেসে বলতেন, ‘বাদল সহজে ছাড়বে না; চলো, তাড়াতাড়ি তুলে ফেলাই ভালো।’ ‘বাদল’ সাঈদা খানমের ডাকনাম।টুকরো টুকরো আলোছায়া...আলোকচিত্রী সূর্যোদয় ও সূর্যাস্ত ক্যামেরায় ধরতে ভালোবাসেন। বঙ্গবন্ধুর ছবি তুলতে গিয়ে সাঈদা খানমের মনে হয়েছে, তিনি সূর্যকে ক্যামেরায় ধরে ফেলছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি তাঁর বাবাকে হাসপাতালে দেখতে যান। বাবা-ছেলের মিলনের ছবিটা অনবদ্য হয়ে ওঠে। এ সময় কবি জসীমউদ্দীনও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সেই ছবিটাও এখন ইতিহাস।বিশ্বখ্যাত সরোদবাদক ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছবি তুলেছেন দীর্ঘ সময়। সুরসম্রাট তাঁকে প্রায়ই চিঠি লিখতেন। সাঈদা খানম যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি তোলেন, তখন কবির মুখে ভাষা নেই। পাইকপাড়ায় ছোট্ট একটা ফ্ল্যাটে স্ত্রী প্রমীলা দেবীর সঙ্গে থাকতেন কবি। ঘরে ঢুকতেই মনটা ভারাক্রান্ত হলো সাঈদা খানমের। জানালার এক পাশের বিছানায় কবি বসে আছেন, আরেকটা বিছানায় অর্ধশায়িত প্রমীলা দেবী। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন আন্তরিক, তাঁর কথা বলার ভাষা ছিল মনোমুগ্ধকর। সাঈদা খানম প্রায়ই ক্যামেরা নিয়ে জয়নুলের বাসায় যেতেন কোনো দুর্লভ ছবির আশায়। শান্তিনিকেতনে গিয়ে বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুরও ছবি তুলেছেন। এ ছাড়া তিনি উত্তমকুমার, সুচিত্রা সেন, সৌমেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মৈত্রেয়ী দেবী, অরুন্ধতী মুখার্জি, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, চন্দ্রাবতী দেবী, ছায়াদেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, নমিতা সিংহ, হারাধন বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখার্জি, সুফিয়া কামাল, শামসুর রাহমানসহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্বের ছবি ক্যামেরায় ধারণ করেন।