দেশে-বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক নাগরিকত্ব ফিরে পেলেন মিলান কুন্ডেরা

মিলান কুন্ডেরা। ছবি: সংগৃহীত
মিলান কুন্ডেরা। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা অবশেষে হারানো চেক নাগরিকত্ব ফিরে পেলেন। অতিসম্প্রতি চেক দৈনিক প্রাভো জানায় কুন্ডেরা এবং তাঁর স্ত্রী ভেরা গত ২৮ নভেম্বর প্যারিসে নিযুক্ত চেক রাষ্ট্রদূতের কাছ থেকে তাঁদের নাগরিকত্ব ফিরে পাওয়া সংক্রান্ত কাগজপত্র গ্রহণ করেন।

কুন্ডেরার বয়স এখন ৯০। ১৯৭০–এর দশকের মাঝামাঝি তিনি তৎকালীন চেকোস্লোভাকিয়া ছেড়ে নির্বাসিত জীবন শুরু করেন ফ্রান্সে। দেশটি তখন সমাজতান্ত্রিক শাসনের অধীন। দেশ ছেড়ে যাওয়ার চার বছরের মাথায় তাঁর নাগরিকত্ব বাতিল বলে ঘোষণা করা হয়। ১৯৮১ সালে ফরাসি নাগরিক হিসেবে নতুন জীবন শুরু করেন তিনি। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যায় এবং চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামের দুটি ভিন্ন দেশের উদ্ভব হয়। সূত্র: এএফপি

‘স্টাঞ্চ বুক প্রাইজ’ পেলেন সামান্থা হার্ভে

সামান্থা হার্ভে। ছবি: সংগৃহীত
সামান্থা হার্ভে। ছবি: সংগৃহীত

রহস্য-রোমাঞ্চ উপন্যাস লিখে এ বছরের ‘স্টাঞ্চ বুক প্রাইজ-২০১৯’ পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। দ্য ওয়েস্টার্ন উইন্ড উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। প্রতিবছর একজন থ্রিলার লেখককে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের আর্থিক মূল্য এক হাজার পাউন্ড।

ব্রিটিশ চিত্রনাট্যকার ও লেখক ব্রিজেট ললেস নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে দুবছর আগে এ পুরস্কার প্রবর্তন করেন। তিনি এ পুরস্কার কমিটির একজন বিচারকও বটে। তাঁর সঙ্গে আরও রয়েছেন অভিনেত্রী ও লেখক ব্যারোনেস লোলা ইয়ং, মনোচিকিৎসক ডা. ডমিনিক উইলমট ও নিউ স্টেটম্যানসের সাবেক সম্পাদক ইলেইন রিচার্ড।

ওয়েস্টার্ন উইন্ড উপন্যাস সম্পর্কে ব্রিজেট ললেস বলেন, এটি একটি মধ্যযুগীয় সহিংসতার গল্প। গল্পে দেখা যায়, পনেরো শতকের একটি গ্রাম, যেখানে এক ধনী পরিবার বাস করে। গল্পটি নিঃসন্দেহে রোমাঞ্চকর।

সামান্থা হার্ভে এ পর্যন্ত বেশ কিছু বই লিখেছেন, যেমন দ্য উইল্ডারনেস, অল ইজ সং, ডিয়ার থিফ ইত্যাদি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাপানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেন শিল্পী মাহমুদুল হক

সম্মাননা অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, শিল্পী মাহমুদুল হক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। ছবি: সংগৃহীত
সম্মাননা অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, শিল্পী মাহমুদুল হক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। ছবি: সংগৃহীত

জাপান সরকারের অন্যতম শীর্ষ সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’ পেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক। এ উপলক্ষে ৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসায় যেন বসেছিল চিত্রশিল্পীদের মিলনমেলা। আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, গৌতম চক্রবর্তীসহ অনেকেই ছিলেন এ অনুষ্ঠানে। তবে সন্ধ্যার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মাহমুদুল হক জানান, আশি সালের দিকে তিনি জাপানে পড়ালেখার উদ্দেশ্যে পাড়ি জমান। তারপর সেখানে শিল্পচর্চার ওপর পড়ালেখার পাশাপাশি গবেষণাও করেন। জাপানের সংস্কৃতির সঙ্গে তৈরি হয় দীর্ঘ সম্পর্ক। এই সুন্দর সম্পর্কই গুরুত্বপূর্ণ। তাঁর শিল্পচর্চা ও কাজের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাপানের তৈরি হয়েছে যোগসূত্র। যার ফলস্বরূপ জাপান সরকার তাঁকে এই সম্মানে ভূষিত করেছেন। তিনি দশম বাংলাদেশি হিসেবে এই সম্মাননায় ভূষিত হন। 

জাপানের সম্রাট মেইজির আমলে, ১৮৭৫ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। জাপানি সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। জাপান সরকারের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে এটি বর্তমানে স্বীকৃত। 

গ্রন্থনা: মারুফ ইসলাম