দেশে-বিদেশে

ডিএসসি পুরস্কার ২০১৯ পেলেন অমিতাভ বাগচী
এ বছরের ‘ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার’ পেয়েছেন ভারতীয় সাহিত্যিক অমিতাভ বাগচী। তাঁর বহুল আলোচিত হাফ দ্য নাইট ইজ গন উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি নেপালের পোখারায় এক সাহিত্য উৎসবে অমিতাভের হাতে পুরস্কারটি তুলে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গেওয়ালি ও ডিএসসি প্রাইজের সহপ্রতিষ্ঠাতা সুরিনা নারুলা। পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার ডলার।
অমিতাভ বাগচী পেশায় একজন অধ্যাপক। তিনি দিল্লির আইআইটিতে কম্পিউটার বিজ্ঞান পড়ান। এর আগে তিনি মাত্র তিনটি উপন্যাস লিখেছেন—অ্যাবাভ অ্যাভারেজ, দ্য হাউস হোল্ডার ও দিস প্লেস। দক্ষিণ এশীয় সাহিত্যকে ২০১০ সাল থেকে স্বীকৃতি দিয়ে আসছে ‘ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার’। প্রথম বছরের পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের এইচ এম নকভি। সূত্র: হিন্দুস্তান টাইমস

পেনের অনুদান পাচ্ছে মশিউল আলমের বই
কথাসাহিত্যিক মশিউল আলমের কয়েকটি গল্প মলাটবন্দী হয়ে দ্য মিট মার্কেট অ্যান্ড আদার স্টোরিজ নামে ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে। আর অনুবাদের জন্য পেন আমেরিকার অনুদান পাচ্ছেন শবনম নাদিয়া। পেনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। পেন একটি অলাভজনক সংস্থা, যেটি বিশ্বব্যাপী সাহিত্য ও মানবাধিকার নিয়ে কাজ করে। ওয়েবসাইটে বলা হয়েছে, শবনম নাদিয়ার বিস্ময়কর অনুবাদ মশিউল আলমের দেখা বাংলাদেশের অলিগলির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
১৭ বছর ধরে নানা ভাষার সাহিত্যকে ইংরেজিতে অনুবাদের জন্য দেওয়া হচ্ছে পেন/হাইম ট্রান্সলেশন ফান্ড গ্র্যান্টস। চলতি বছরে ২৬২টি আবেদন জমা পড়ে। সেখান থেকে ১০টি ভাষার ১১টি প্রকল্প মনোনীত হয়। এদিকে চলতি মাসে ঘোষিত ‘হিমাল শর্ট স্টোরি কমপিটিশন ২০১৯’ পুরস্কার পেয়েছে মশিউল আলমের গল্প ‘মিল্ক’। গল্পটির বাংলা শিরোনাম ‘দুধ’, অনুবাদ করেছেন শবনম নাদিয়া। পেশায় সাংবাদিক মশিউল আলম বর্তমানে প্রথম আলোয় কর্মরত।

সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পাচ্ছেন সাগুফতা শারমিন তানিয়া
বাংলা একাডেমি প্রদত্ত সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার ২০১৯ পাচ্ছেন তরুণ কথাসাহিত্যিক সাগুফতা শারমিন তানিয়া। রীতি অনুযায়ী আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ লেখককে পুরস্কারের চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। পুরস্কারের আর্থিক মূল্য পঞ্চাশ হাজার টাকা।
প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যাঁরা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় গভীরতাময় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করে আসছেন, তাঁদেরকে দেওয়া হয় এই পুরস্কার।
সাগুফতা শারমিন তানিয়ার জন্ম ঢাকার বাসাবোয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক, স্নাতকোত্তর লন্ডনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই লেখক শিক্ষকতা পেশায় যুক্ত।
সৈয়দ শামসুল হকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল
আজ সৈয়দ শামসুল হকের জন্মদিন। এ উপলক্ষে সব্যসাচী এই লেখকের কাব্যগ্রন্থ আমার শহর এবং ব্রিটিশ লেখক জেরেমি সিব্রুকের উপন্যাসের সৈয়দ হকের করা অনুবাদ এক নারীর জীবন প্রকাশ করছে প্রথমা প্রকাশন। কাল বিকেল চারটায় বেঙ্গল বইয়ে (বাসা: ১/৩, ব্লক: ডি, লালমাটিয়া, ঢাকা) আয়োজন করা হয়েছে প্রকাশনা অনুষ্ঠানের। আলোচনা করবেন শিল্পী রফিকুন নবী, কথাসাহিত্যিক আনিসুল হক ও কবি তারিক সুজাত।
গ্রন্থনা: মারুফ ইসলাম