দেশে-বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২০–এর (আগে নাম ছিল ম্যান বুকার ইন্টারন্যাশনাল) দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে স্থান পেয়েছে বিশ্বসাহিত্যের ১৩টি বই। লক্ষণীয় বিষয় হচ্ছে, এবারের তালিকায় যেমন স্থান পেয়েছেন প্রতিষ্ঠিত লেখক, তেমনি স্থান পেয়েছেন নতুন লেখকও। আবার ভাষাভাষীর দিক থেকেও রয়েছে বৈচিত্র্য। এবারের তালিকায় রয়েছে স্প্যানিশ, ফ্রেঞ্চ, ফারসি, আফ্রিকান, নরওয়েজিয়ান, জার্মান, জাপানিজ ও ডাচ ভাষার লেখকদের বই। এসবের পাশাপাশি যে বিষয়টি নজর কেড়েছে সবার, সেটি হচ্ছে ১৩টি বইয়ের মধ্যে ৯টি বইয়েরই প্রকাশক, যাকে বলে ‘ইনডিপেনডেন্ট পাবলিশার্স’। অর্থাৎ বড়সড় প্রকাশনা সংস্থা নয়। চলুন দেখে নেওয়া যাক ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের দীর্ঘ তালিকা:

১. উইলেম অ্যানকারের রেড ডগ (আফ্রিকা), ২. শুকুফে আজারের দ্য এনলাইটেনমেন্ট অব দ্য গ্রিনগেজ ট্রি (ইরান), ৩. গ্যাব্রিয়েলা কাবেজন কামারার দ্য অ্যাডভেঞ্চারস অব চায়না আয়রন (স্প্যানিশ), ৪. জন ফসের দ্য আদার নেম: সেপ্টোলজি ১-৩ (নরওয়েজিয়ান) ৫. নিনো হারাতিশভিলির দ্য এইটথ লাইফ (জার্মান), ৬. মিশেল ওয়েলবেকের সেরোটনিন (ফরাসি), ৭. ড্যানিয়েল কেলমানের টিল (জার্মান), ৮. ফার্নান্দা মেলচরের হারিকেন সিজন (স্প্যানিশ) ৯. ইয়োকো ওগোয়ার দ্য মেমোরি পোলিশ (জাপানিজ), ১০. এমানুয়েল পাগানোর ফেসেস অন দ্য টিপ অব মাই টাং (ফরাসি), ১১. সামান্থা সোয়োবলিনের লিটল আইজ (স্প্যানিশ), ১২. মারিকে লুকাস রাইনেভেল্ডের দ্য ডিসকমফোর্ট অব ইভনিং (ডাচ), ১৩. এনরিকে ভিয়া মাতাসের ম্যাক অ্যান্ড হিজ প্রবলেম (স্প্যানিশ)। সূত্র: আইরিশ টাইমস

করোনাভাইরাসের কারণে প্যারিস বইমেলা বাতিল

এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় ‘প্যারিস বার্ষিক বইমেলা’ আর অনুষ্ঠিত হচ্ছে না। করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণের লক্ষ্যে মেলাটি বাতিল করা হয়েছে। ফ্রান্সের প্রকাশক সমিতি এক বার্তায় জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফরাসি সরকারের নির্দেশে এ বছরের বইমেলা বাতিল করা হলো। প্রকাশক সমিতি দুঃখ প্রকাশ করেছে বলেছে, ‘প্যারিস বার্ষিক বইমেলা বাতিল করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যেকোনো আবদ্ধ পরিবেশে পাঁচ হাজারের বেশি মানুষের জমায়েতকে নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। সংগত কারণে বইমেলাটি বাতিল করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

ফরাসি সরকারের তরফে জানানো হয়েছে, ফ্রান্সে এ পর্যন্ত ২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩০ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ড্যান ব্রাউনের প্রথম ‘চিত্রবই’
দ্য ভিঞ্চি কোডখ্যাত জনপ্রিয় লেখক ড্যান ব্রাউন তাঁর প্রথম ‘চিত্রবই’ লিখেছেন। বইটির নাম উইল্ড সিম্ফনি। এটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান র​্যানডম হাউস কিডস। সম্প্রতি এক টুইটার বার্তায় র​্যানডম হাউস লিখেছে, ‘প্রথমবারের মতো শিশুদের জন্য চিত্রসংবলিত বই লিখেছেন ড্যান ব্রাউন। বইটির পাতায় পাতায় ফুটে উঠেছে তাঁর অসাধারণ অন্তর্দৃষ্টি, কৌতুকপূর্ণ মানসিকতা ও ছন্দোবদ্ধ লেখা। শিশুরা ভীষণ পছন্দ করবে বইটি।’

বইটিতে রয়েছে এক ইঁদুরের গল্প। তার আবার বন্ধু হচ্ছে নীল তিমি, চিতাবাঘ ও রাজহাঁস। তারা প্রত্যেকেই তাদের নিজেদের জীবনের গল্প বলে।

বইটিতে চিত্র এঁকেছেন সুশান বাতোরি। আগামী জুনে বইটি বাজারে আসবে। একই সঙ্গে ড্যান ব্রাউন একটি গানের অ্যালবামও প্রকাশ করবেন। গানগুলো একটি মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া গ্রন্থনা: মারুফ ইসলাম