দেয়ালে কার ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাগো কলিজার টুকরা তাসিরা প্যাডে বিষ লয়া মরল, নাকি বুকে বেদনা—হেইডা তো আব্বাস বাই বালা কইরা কইতাছেন না,’ ফিসফিস করল ছোট বোন আয়েশা, চোখ ফেটে পানি গড়াচ্ছে, জানালা দিয়ে তাকিয়ে আছে নিজেদের বাগানে। ‘রাত্তিরে আব্বাস বাই একাই হের লগে আছিলেন; কেমনে মরল, তিনিই কইবার পারেন।’আয়েশার দৃষ্টি অনুসরণ করে বাগানে তাকাল মেজো বোন নাতাশা, বলল, ‘মায়ের প্যাডের বাই মরছে; কিন্তু তেনারে দেহো, গাছ থন ফুল ছিঁইড়া গন্ধ শুঁকতাছেন চোক এক্কেরে বুইজ্জা!’‘এই! চুপ!’ সাবধান করল বড় বোন পিয়াসা, একটা ইজিচেয়ারে বসে অল্প দোল খাচ্ছিল, হঠাৎ স্থির হয়ে গেল। ‘জুলুমবাজটা মনে লয় এদিকেই আইতাছেন!’ বোনদের মধ্যে একমাত্র সেই বিবাহিতা। বিয়ের পর পিয়াসার দুই ভাই নিয়মিত এবং যথেষ্ট যৌতুক দিতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাপের বাড়িতে পালিয়ে এসেছে। পরে স্বামী মুঠোফোনে এ রকম আবদার জানিয়েছিল: সম্ভাব্য আগুন নেভানোর জন্য ঘরে এবং বাড়ির চারপাশে প্রচুর পানির ব্যবস্থা রাখবে সে, তবু সত্যি সত্যি ভালোবেসে থাকলে পিয়াসা যেন তার কাছে ফিরে যায়। সেও আজ দুই বছর হতে চলল।কাল ভোররাতের দিকে ওদের ছোট ভাই তাসির, অর্থাৎ মুনতাসির মারা গেছে। এখনো দাফন হয়নি, গোসল করানো লাশ পাশের ঘরে হাতলওয়ালা খাটে শোয়ানো। জোহরের নামাজের পর গ্রামের মসজিদে জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।‘কী কই হুনতাছ, বড় আপা?’ জানালার দিকে চোখ রেখে আবার ফিসফিস করল আয়েশা, ওড়নাটা খুঁজে না পেয়ে কামিজের আস্তিন দিয়ে চোখ মুছল, ‘বৈঠকখানায় তাসিরা মারা যাওনের আগে বড় বাই হের লগে রাতভর ফ্যাসাদ করছেন। শ্যাষ রাতে ঘুমায় গেছি, হকালে উইডা হুনি তাসিরা নাই!’‘এইডা কেমুন কথা!’ বিড়বিড় করল বড় বোন পিয়াসা, মনে ভীতিকর সব চিন্তা আসা-যাওয়া করায় হতবিহ্বল দেখাচ্ছে তাকে।চোখে ভয় আর সতর্কতা নিয়ে ছোট আর বড় বোনকে দেখছে মেজো বোন নাতাশা। ওরা তিন বোনই সুন্দর, তবে তারই মধ্যে সেরা সে। ওদের বড় ভাই আব্বাস তাই ঘোষণা করেছে: ‘নাতাশার বিয়াতে এক কানাকড়ি দিতাছি না। যে মরব, হের উপরও তার এত চোটপাট দেহাইতে লাগব?’‘আমার মনে কয়, আমরা মরলেও তারে অহন যেমুন ডরাই, তহনও তেমনি ডরামু,’ বলল পিয়াসা।‘অবশ্য তাসির যে মরতাছে, হেইডা আব্বাস বাই জানব কেমনে!’ কথাটা বলেই বাকি দুই বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল আয়েশা। তার বলার সুরে ব্যঙ্গ ও তাচ্ছিল্যের সুর—দুটোই আছে।‘আইশ্যা, কী কইবার চাস তুই?’ বড় বোন জিজ্ঞেস করল, তার চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে।‘না, কী কমু,’ দৃঢ়স্বরে জবাব দিল আয়েশা। ‘কওনের থাকলেও কেউ আমরা কিছু কইবার চাই না। তুমিই তো কইলা, তেনারে আমরা ডরাই।’ সোফা ছেড়ে দরজার দিকে হাঁটছে সে।‘কই যাস লো?’ পেছন থেকে জানতে চাইল পিয়াসা।‘এউগা জিনিস দেহনের আছে আমার,’ না থেমেই জবাব দিল আয়েশা। বাকি দুই বোন সঙ্গে সঙ্গে বুঝল, লাশ রাখা ঘরে গুরুতর কোনো কাজ আছে ওর।বড় বোন এবার নাতাশার দিকে ফিরল। ‘দুই ভায়ে কী লয়া ফ্যাসাদ করল মরণের রাইতে? কিছু হুনছসনি?’ জানালা দিয়ে তাকিয়ে দেখল, আব্বাস ঘুরে বাগানের আরেক দিকে চলে যাচ্ছে।‘না হুইনা কী করুম, আমার ঘর তো বৈঠকখানার লগেই,’ বলল নাতাশা।‘কী হুনলি?’‘কী আবর, হেই পুরানা কেচ্ছাই। তাসিরা বাইতে থাহে, খায়দায়, ট্যাহা-পয়সা দেয় না, এইডাই আব্বাস বাইয়ের গোস্যার কারণ। বাবায় যে ট্যাহা তারে দিয়া গেছেন, বেবাক মদ খায়া উড়ায়া দেউনেই এই গোস্যা।’ চট করে ভয়ার্ত দৃষ্টিতে দরজার দিকটা একবার দেখে নিল নাতাশা।‘আব্বাস বাই কী ভাবেন, আমি বুজি,’ আবার বলল পিয়াসা, গলা খাদে নামানো। ‘তেনার ধারণা, তাসিরা তারডা খাইতাছে। তা সত্য না।’‘মোডেও না,’ নাতাশার গলা আরও ফিসফিসে।‘বাবা কয়া গেছেন, এই বাড়ির ভাগ তাসিরাও পাইবে,’ বড় বোন বলল।‘নিশা করত না কী করত, তাতে কার কী, তার হক তারে না দেয় কেমনে,’ বলল নাতাশা।পিয়াসা জিজ্ঞেস করল, ‘কী নিয়া ফ্যাসাদ ক দেহি?’‘আব্বাস বাই কইলেন, তাসিরা, এহানে থাহনের তোর কুনো হক নাই। কাল থেইকা তোরে জানি এহানে না দেহি।’সোফার কিনারায় সরে এল পিয়াসা। ‘হুইনা তাসিরা কী কইল?’‘তাসিরা হাসল। কইল, যত দিন বাঁইচা আছি, তত দিন এহানেই থাহুম,’ চোখের পানি মুছল নাতাশা। ‘আরও কইল, হে দেকবার চায়, আব্বাস বাই কেমনে তারে বাইত থন বাইর করেন।’‘হুইনা আব্বাস বাই কী কইলেন?’‘হুনি নাই, চক্ষে ঘুম...’‘কিন্তু হেরপর কী অইল, জানন তো লাগব!’‘চোখ যখন খুলছি, দেকলাম আব্বাস বাই বৈঠকখানা থন বাইর হইতাছেন...এক্কেরে পাগলের লাহান চেহারা...তুমার মনে আছে, আঁচড় দেওনে আব্বাস বাই কালা বিড়ালডারে আছাড় দিয়া কেমনে মাইরা ফালাইলেন?’‘হ। চুপ!’বৈঠকখানায় আবার ফিরে এল আয়েশা, সোফার ওপর পা তুলে এক ধারে বসল, একদৃষ্টে তাকিয়ে থাকল মেঝের দিকে।লাশ রাখা ঘরের দরজায় চোখ রেখে ইতস্তত করছে পিয়াসা, আয়েশা বন্ধ করার পরও কবাট দুটো সামান্য একটু খুলে যেতে দেখল সে। গত কদিনের একটানা বৃষ্টিতে আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে ওঠায় ওটা আসলে সহজে বন্ধ হতে চাইছে না। সোফা ছেড়ে উঠল সে, কবাট দুটো এক করে খুব জোরে ধাক্কা দিয়ে বন্ধ করল, কেঁপে উঠল গোটা বাড়ি।আতঙ্কে চমকে উঠল আয়েশা, গলার ভেতর থেকে দুর্বোধ্য একটা আওয়াজ বেরিয়ে এল।‘শক্ত হইতে শিখ তুই, আর তো ছোট নাই,’ বলল পিয়াসা, দরজা বন্ধ করে নিজের সোফায় ফিরে এল। ‘হুন, আমরা একা একা যদি না পারি, একলগে সাহস করি আয়...’‘চুপ!’ বন্ধ দরজার ওপর চোখ রেখে সাবধান করল আয়েশা।‘দরজা লাগায় দিছি, হুনব না। যতই দোষ থাহুক, তাসিরার দেলে বহুত রহম আছিল। তার মুখ থন আমরা কেউ একডা কটুকথা হুনি নাই।’‘কাইলও না,’ সায় দিয়ে বলল নাতাশা।‘কী রোগে মারা গেল, সেইডা তো জানন দরকার, নাকি?’ জিজ্ঞেস করল আয়েশা।দরজার ছিটকিনি ধাতব শব্দ করছে। তিন বোন হঠাৎ ভয় পেয়ে পরস্পরের দিকে তাকাল। একমুখ হাসি নিয়ে ঘরে ঢুকল আব্বাস। তার হাঁটাচলার মধ্যে বেয়াড়া ধরনের অস্থিরতা দেখা গেল—যেন সেটার ওপর তার নিয়ন্ত্রণ নেই। প্রথমেই নাতাশার দিকে কঠিন দৃষ্টিতে তাকাল, জানে কাল রাতে ওদের দুই ভাইয়ের কাণ্ডটা পাশের ঘর থেকে তারই ভালো করে শুনতে পাওয়ার কথা। তারপর ফিক করে হাসল, নাতাশার দিকেই তাকিয়ে আছে, বলল, ‘তুই তো দিন দিন দেখতাছি আরও সুন্দর অইতাছাস।’‘আজকা আমরা তারে নিয়া চিন্তা করুম না, যার আর সুন্দর হওন সম্ভব অইব না?’ বলল পিয়াসা, এত আস্তে যে কোনো রকমে শোনা গেল।‘সত্য কথা রে, বইন, তারে আমরা কেমনে ভুলি,’ বলল আব্বাস। ‘কিন্তু আমরা যারা বাঁইচা রইছি, তাদের কথাও ভাবতে অইব, তাদেরও আমরা ভালোবাসি।’‘আমি না,’ বলল আয়েশা, ঝট করে দাঁড়াল, বেরিয়ে গেল কামরা ছেড়ে।‘আয়েশার দেখতাছি তার ছিঁইড়া গেছে,’ বলল আব্বাস, মুখের হাসি নিভে গেল।পিয়াসা সামান্য দোল খাচ্ছে। ‘তেমন কুনো রোগ-শোক নাই, হকালে হুনি তাসিরা মারা গেছে; এইডা কেমুন কথা, আব্বাস ভাই?’আব্বাসের চোখের পাতা একটু কাঁপল, তবে তার দৃষ্টি অবিচল। ‘হ। এক্কেরে হডাৎ। অল্প সম অসুস্থ আছিল। বেশি ভোগে নাই।’‘কী রোগে মারা গেল?’‘গ্যাস থন হার্ট অ্যাটাক।’‘আপনে ডাক্তার দেখানোর কতা ভাবতাছেন না?’‘ডাক্তার? ক্যান, আমি কী? কিত্ থে মারা গেছে, হেইডা আমি জানি না? প্যাডে বিষম গ্যাস জমছিল, হেই গ্যাস উইডা গিয়া চাপ দেওনে হার্ট বন্ধ হয়া গেছে।’পিয়াসা বলল, ‘কিন্তু বাইজান, আমি কই কী...’‘তুমরা যেমুন আমার থেও বেশি বুঝবার চাও?’ হঠাৎ চাপা গলায় গর্জে উঠল আব্বাস।‘না, এইডা কী কন, না...’ ভয়ে বুকে কষ্ট শুরু হওয়ায় কথা শেষ করতে পারছে না পিয়াসা।সন্ত্রস্ত, অসহায় পিয়াসার দিকে সোফা ছেড়ে হেঁটে এল নাতাশা, শক্ত করে তার কবজি চেপে ধরল, বলল, ‘আফা, চা খাইতে আইস।’ *কদিন পর। দিনের শুরুটা আজও ওরা তিন বোন কেঁদেকেটে আর বিলাপ করে কাটিয়েছে, সারাটা দুপুর গালে হাত দিয়ে বসে ছিল, সন্ধ্যার খানিক আগে যে যার নিজের কাজে মন বসানোর চেষ্টা করছে।একটা বইয়ে মুখ গুঁজে আছে নাতাশা।চেয়ারে বসে দোল খাচ্ছে আর সুঁইয়ে সুতো লাগিয়ে বালিশের কাভারে ফুল তুলছে পিয়াসা। একসময় হাতের কাজ একপাশে নামিয়ে রাখল। ‘নাহ্, কিছু দেহা যায় না, আন্ধার লাগে।’সোফায় নিজের নির্দিষ্ট জায়গায় বসে, নিচু টেবিলটার ওপর ঝুঁকে, কাকে যেন চিঠি লিখছে আয়েশা।‘আয়েশা, যা বইন, হারিকেনটা জ্বালায় আন,’ বলল পিয়াসা।চমকে উঠল আয়েশা, প্রায় অন্ধকার ঘরেও তার চেহারায় ফুটে থাকা ভয় আর উদ্বেগ দেখতে পাচ্ছে দুই বোন। কিছু বলতে গিয়েও বলল না সে, ধীর পায়ে কামরা ছেড়ে বেরিয়ে গেল।১০ মিনিট পর হারিকেন নিয়ে ফিরল সে, ততক্ষণে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। জানালার উল্টো দিকের দেয়াল ঘেঁষে ফেলা টেবিলে রাখা হলো হারিকেন। ওই দেয়াল দখল করে রেখেছে তিনটে দরজা।পিয়াসা বিরক্ত হয়ে বলল, ‘হ্যারিকেনডা ওহানে কী করতে রাখলি? আমি আর নাতাশা কিছুই দেহি না। তুইও তো দেখবি না!’আয়েশা বলল, ‘আমি ভাবলাম তুমরা ওহানে উইঠা যাইবা।’‘ওই টেবিলে দুইজনের জাগা হইব না। ঘরের মাঝখানে বড় টেবিলডার ওপর আইনা রাখ।’আয়েশার চেহারা ম্লান হয়ে গেল। চোখে এমন মিনতি নিয়ে তাকিয়ে থাকল, দেখে মায়া হলো নাতাশার। ‘ক্যান রে, আয়েশা, আলোটা মাঝখানে রাখতে চাস না ক্যান? চোখে ব্যথা করে?’ওড়না দিয়ে মুখ ঢাকল আয়েশা, চোখ মুছছে। ‘আমার সব সম অন্ধকারে বইতে বালা লাগে,’ প্রায় কেঁদে ফেলার সুরে বলল সে, আলোটা রেখে গেল মাঝখানের টেবিলে।সেলাই শুরু করল পিয়াসা, নাতাশা বইয়ে মুখ ডোবাল।হঠাৎ সেলাই থেকে চোখ তুলে উল্টো দিকের দেয়ালে তাকাল পিয়াসা। তাকানোটা অপলক হয়ে উঠল, স্থির হয়ে গেল হাত দুটো। দৃষ্টি টেনে নিয়ে দু-একটা ফোঁড় দিল কাপড়ে, তারপর ফের দেয়ালে তাকাল, আবার সেলাই করল একটু। অবশেষে হাতের কাজ কোলের ওপর নামিয়ে রেখে তাকিয়ে থাকল গভীর মনোযোগসহকারে। খানিক পর কামরার চারদিকে চোখ বুলাল; কোথায় কী ফার্নিচার আছে, লক্ষ করছে। তারপর বোনদের দিকে ফিরল।‘কী ওটা?’ জানতে চাইল পিয়াসা।‘কী?’ আয়েশার গলা বেসুরো।‘দেয়ালের ওই আজিব ছায়াডা,’ বলল পিয়াসা।আয়েশা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল।‘তুই ওদিক তাকাস না ক্যান?’ বিস্মিত হয়ে জানতে চাইল পিয়াসা।‘চিঠিডা অহনই শ্যাষ করতে চাই...’‘কিয়ের চিঠি? অহন তুই কার দারে চিঠি লেখস?’আয়েশার হয়ে নাতাশা জবাব দিল, ‘আয়েশা তাসিরারে চিঠি লেখতাছে।’ইজিচেয়ার ছেড়ে সিধে হলো পিয়াসা, হুঁশ নেই সুঁই-সুতো আর কাপড় মেঝেতে পড়ে যাচ্ছে। হাঁটাহাঁটি করে দু-তিনটে ফার্নিচার নাড়াচাড়া করল সে, সারাক্ষণ ছায়াটার দিকে তাকিয়ে। তারপর আচমকা চেঁচিয়ে উঠল।‘ওইডা কী ছায়া? এই, কী ওইডা? নাতাশা, দ্যাখ! আয়েশা, দ্যাখ! কী ওইডা?’ তার ডান হাত লম্বা হয়ে আছে, তর্জনী সিধে করে ছায়াটা ওদেরকে দেখাচ্ছে।ঠকঠক করে কাঁপছে, তার পরও একবার তাকাল নাতাশা। ‘ওরে, আয়েশা রে, আবর দেহি ফিইরা আইছে, আবর দেহি ফিরা আইছে!’‘আইশ্যা, তাকা রে বইন, তাকা!’ বলল পিয়াসা। ‘আজিব ছায়াডা একবার দ্যাখ! দেইখ্যা ক, কী ওইডা?’সোফা ছেড়ে দাঁড়াল আয়েশা, ঘুরল, মুখোমুখি হলো দেয়ালের। ‘আমি কেমনে কমু?’‘হে মারা যাওনের পর থেইক্কা ওইডা ওহানে পেত্যেক রাইতেই আছে!’ বলল নাতাশা।‘পেত্যেক রাইতে?’‘হ। হে মারা গেছে বৃহস্পতিবার, আজ রবিবার, আজ নিয়া চাইর রাত,’ বলল নাতাশা, শান্ত থাকার জন্য সব ইচ্ছেশক্তিকে এক জায়গায় জড়ো করতে হচ্ছে তার।‘ওইডা দেখতে লাগে...দেখতে লাগে... আমাগো...’ ভয় পেয়ে তোতলাচ্ছে পিয়াসা।‘দেখতে কেমুন আমি জানি,’ বলল নাতাশা। ‘আমার মাতায় চোখ আছে।’‘ওইডা তাসিরের মতো দেখতে!’ বিস্ফোরিত হলো আয়েশা। ‘শুধু...’‘শুধু কী, আয়েশা?’ রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল পিয়াসা।‘আবার জিগাই, আমি কেমনে কমু?’ বলল আয়েশা। ‘তুমার মতো আমিও ওইডা দেখতাছি। তুমার থন বেশি কী জানুম?’‘অবশ্যই ঘরের কিছু একডা অইব,’ জোর দিয়ে বলল পিয়াসা, দিশেহারা ভঙ্গিতে কামরার চারদিকে চোখ ঘোরাচ্ছে।আয়েশা বলল, ‘ওইডা এই ঘরের কিছু না। পেরথম যে রাইতে আইল, তারপর ঘরের প্রতিটি ফার্নিচার নাড়াচাড়া করছি আমরা।’নাতাশা বলল, ‘ঘরের জিনিস না তো কী?’‘হইতেই হইব ঘরের জিনিস!’ সায় দিল পিয়াসা। আয়েশার গলায় জেদ, চেহারায় আতঙ্ক। ‘না, ঘরের কিছু না!’ছিটকিনির ধাতব আওয়াজ তুলে খুলে গেল দরজা, ভেতরে ঢুকল আব্বাস। সবার দৃষ্টি অনুসরণ করে দেয়ালের ছায়াটার দিকে তাকাল। ‘কী ওটা?’ আশ্চর্য বেসুরো গলায় জিজ্ঞেস করল সে।‘ঘরের কিছু একটা হবে,’ তাড়াতাড়ি বলল পিয়াসা। তার পরও ছায়াটার দিকে হাঁ করে তাকিয়ে আছে আব্বাস। তার চেহারায় প্রথমে বিস্ময়, তারপর চরম অবিশ্বাস ছায়া ফেলল। কামরার চারদিকে হেঁটে বেড়াচ্ছে, এটা-ওটা সরাচ্ছে, তাতে ছায়াটার মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না দেখছে। ছায়ার একটা রেখা পর্যন্ত নড়ল না। ‘ঘরের কিছুই অইব!’ তার গলার আওয়াজ যেন সপাং করে চাবুক মারল বাতাসে।নাতাশার কাঁধ খামচে ধরল পিয়াসা। আব্বাসের হাঁটাচলার পথ থেকে সরে এসে এক কোণে দাঁড়িয়েছে তারা। পরবর্তী কয়েক মিনিট খাঁচায় বন্দী পশুর মতো আচরণ করল আব্বাস। প্রতিটি ফার্নিচার সরাল, ছায়াটা নড়ছে না দেখে এক এক করে মেঝেতে ফেলে দিল ওগুলো। তারপর হঠাৎ থামল, হেসে উঠল হাবার মতো, বলল, ‘দূরো, এইডা সম্ভবই না। এউগা ছায়া নিয়া এত কাণ্ড।’‘আমিও তাই কই,’ বলল পিয়াসা।‘তবে ছায়াডা কিমুন জানি,’ বলল আব্বাস, চিন্তিত। ‘রহস্যই লাগতাছে। কেউ ডর দেহায়নি, অ্যাঁ? তুমরা তো জানো, সব জিনিসের শেষ না দেইখ্যা আমি ছাড়ি না। খাড়াও, এইডারও শেষ দেখতাছি।’আড়চোখে দেয়ালের দিকে একবার তাকিয়ে নিয়ে আয়েশা বলল, ‘আমরা তো দেখলাম, আপনে কিছু করতে পারলেন না।’ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে আয়েশার দিকে তাকাল আব্বাস। ‘ছায়ার হিসাব বা জবাবদিহি নাই, বুঝলি আইশ্যা। ছায়ার কাছ থন ব্যাখ্যা চাওয়া বোকামি না?’দরজা খুলে বাড়ির কাজের মেয়ে উঁকি দিল ভেতরে। ‘আফারা, চা-নাশতা ঠান্ডা অইতাছে।’কামরা ছেড়ে বেরিয়ে যাচ্ছে সবাই। আব্বাসের পিঠ দেয়ালের দিকে, বাকি সবারও তাই। সবার সামনে রয়েছে আব্বাস, তার হাঁটার মধ্যে অতি সতর্ক একটা ভাব। সবার পেছনে নাতাশা। তার হাঁটু কাঁপতে শুরু করায় হাঁটতে সমস্যা হচ্ছে।চা-নাশতা খাওয়ার পর ফিসফিস করল নাতাশা, ‘ওই কামরায় আইজ আর আমি বইতে চাই না।’‘আমিও না,’ বলল আয়েশা। ‘লও, আমরা দক্ষিণা ঘরে বই গিয়া।’তাই গিয়ে বসল সবাই। খবরের কাগজে চোখ বুলাচ্ছে আব্বাস, তার চেয়ার হারিকেনের সবচেয়ে কাছে। রাত ঠিক নয়টায় ঝট করে সিধে হলো সে, দরজা খুলে প্যাসেজ ধরে এগোল, তারপর হেঁশেল হয়ে ঢুকে পড়ল বৈঠকখানায়। পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে তিন বোন। ১০ মিনিট পর স্থির হতে না পেরে চেয়ার ছাড়ল পিয়াসা, প্যাসেজে বেরিয়ে পা টিপে টিপে বৈঠকখানার দিকে এগোচ্ছে। বাকি দুই বোন তাকে দেখছে। বৈঠকখানার দরজা সামান্য ফাঁক হয়ে আছে। সেই ফাঁকে চোখ রাখল পিয়াসা।সহজ হিসেবেই আব্বাস বুঝে নিয়েছে, ছায়ার উৎস আলোসহ টেবিল আর দেয়ালের মাঝখানে কোথাও রয়েছে বা থাকবে। একটা পদ্ধতি ধরে ওই জায়গার ওপর আসা-যাওয়া করছে সে, হাতের ধারাল দা দিয়ে কোপ মারছে সামনের বাতাসে। এক ইঞ্চি জায়গাও অবিদ্ধ থাকল না। আব্বাস যেন গাণিতিক একটা ছকে সামনের খালি বিস্তৃতিটুকু ভাগ করে নিয়েছে, মাথা ঠান্ডা রেখে করা হিসাব অনুসারে। আলো লাগায় তার হাতের দা মুহূর্তে মুহূর্তে ঝিলিক দিচ্ছে।ক্লান্ত আব্বাস একসময় হুমকি দেওয়ার ভঙ্গিতে হাতের দা তুলল সরাসরি ছায়াটাকে লক্ষ্য করে।‘হেরে দেইখ্যা একডা দানব লাগতাছে!’ বাকি দুই বোনের কাছে ফিরে এসে ফিসফিস করল পিয়াসা।‘নিচতলায় আমগো থাকনেরই দরকার নাই,’ বুদ্ধি দিল নাতাশা। ‘যার সমস্যা তারেই সামলাইতে দাও।’সায় দিয়ে তার পিছু নিল সবাই। বৈঠকখানাকে পাশ কাটানোর সময় পিয়াসা গলা চড়িয়ে বলল, ‘আব্বাস বাই, উপরে ওঠার সম হ্যারিকেন নিভায়ে দিয়েন।’ওরা ওপরতলায় উঠে যাওয়ার আধঘণ্টা পর ক্লান্ত আব্বাস বৈঠকখানা থেকে বেরিয়ে পেছনের বারান্দায় গিয়ে বসল। বসতে না পেরে পায়চারি শুরু করল। তাতেও অস্থিরতা কাটছে না দেখে আবার বৈঠকখানায় ঢুকল। হারিকেনটা জ্বালাতে যা দেরি, দেয়ালে আবার সেই অদ্ভুত ছায়া দেখা গেল।আলো নিভিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে এল সে। আধঘণ্টা পায়চারি করে আবার বৈঠকখানায় ঢুকল। আলো জ্বালল, ছায়া দেখে মুখ কালো করল, শান্ত দৃঢ়তার সঙ্গে নতুন করে কিছু ফার্নিচার নাড়াচাড়া করল। ধীরে ধীরে উত্তেজিত হয়ে পড়ছে সে, নিঃশ্বাস ফেলার সময় ফোঁস ফোঁস করে আওয়াজ বেরোচ্ছে নাক দিয়ে। মাঝরাত পার করে দোতলায় উঠল আব্বাস। তিন বোনের চোখে ঘুম নেই, ওর পায়ের শব্দ শুনতে পেল তারা।পরদিন রাতেও একা শুধু আব্বাসই ঢুকল বৈঠকখানায়। গভীর রাতে সিঁড়িতে তার পায়ের আওয়াজ শোনা গেল—কল্পনার চোখে বিধ্বস্ত একটা চেহারা দেখতে পেল বোনেরা।সকালে, নাশতার টেবিলে, আব্বাস বলল, ‘আমি ঢাহায় যাইতাছি, কাম আছে, তিন দিন পর ফিরুম।’বোনেরা অবাক। আব্বাস খুব কমই গ্রাম ছেড়ে দূরে কোথাও যায়। হাতুড়ে হোক আর যা-ই হোক, ডাক্তার হিসেবে এলাকায় তার কিছুটা নাম হয়েছে। রোগীদের ফেলে তিন দিন ঢাকায় থাকবে?‘কী ব্যাপার, আব্বাস বাই?’ জিজ্ঞেস করতে চাইছে পিয়াসা, কিন্তু সাহস পাচ্ছে না।‘আমি একজন বড় ডাক্তারের কাছে যামু, দেহি...’‘নিজের চিকিৎসা নিবেন? ক্যান, কী অইছে আপনের?’‘তোমরা বুজবা না...’আব্বাস চলে যাওয়ার দুই দিন পর দক্ষিণা ঘরে বসে চা খাচ্ছে ওরা। শিউরে ওঠার ভঙ্গি করে নাতাশা বলল, ‘আব্বাস বাই চইলা গেলেন, না জানি ওই ঘরে কী অইতাছে!’‘ল যাই, দেইখা আহি,’ বলে একাই প্যাসেজে বেরিয়ে গেল পিয়াসা।‘আমি যামু না,’ জানিয়ে দিল আয়েশা, তবে নিজেও বলতে পারবে না কথাটা শোনামাত্র কী কারণে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে সে। ‘আফার লগে হ্যারিকেন নাই...’কামরায় একটাই হারিকেন, সেটা তুলে নিয়ে পিয়াসার পিছু নিল নাতাশা।ওরা দুই বোন কামরা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর পিয়াসার মোবাইল ফোনটা বেজে উঠল। টেবিলের ওপর পড়ে থাকা বড় বোনের ফোনের দিকে তাকাল আয়েশা, তারপর হাত বাড়াল।ইতিমধ্যে বৈঠকখানায় ঢুকে পড়েছে নাতাশা আর পিয়াসা। টেবিলের ওপর হারিকেনটা নামিয়ে রাখল নাতাশা। দেয়ালে তাকাল ওরা, সেখানে একটা নয়, দুটো ছায়া দেখা যাচ্ছে। দুই বোন পরস্পরকে আঁকড়ে ধরল, বস্ফািরিত চোখের দৃষ্টি দেয়ালে স্থির। হাতে মোবাইল নিয়ে বৈঠকখানায় ঢুকল আয়েশা। ‘ঢাকা মেডিকেল থে এক লোকে ফোন করছিল। কইতাছে আব্বাস বাই নাইক্যা, মইরা গেছেন।’বিদেশি কাহিনি অবলম্বনে