দ্বীপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমশ ভঙ্গুর-পবনে-বিস্তারিত পালাকার ব্রাহ্মণটি ডুবোশস্যের ছলে, সমানে কেটে চলেছেন জগতের যাবতীয় ছক ও স্বাধীনতা—খরভাদ্রের বন্যায়, অনিশ্চিত রিলিফ-সারির প্রেরণাজুড়ে!

ঝুলন্ত শেয়ারবাজার, নাস্তিক্যবাদ, ফুলের ব্রীড়া—কিছুই তাকে আপন ভাবেনি;

তার রামধনুনিষাদী স্নিগ্ধ মেয়েজামাইটি দূতাবাসপাড়ার দোভাষী, অসমাপিকা ক্রিয়ায় সাপ্লাইয়ার!
পেশোয়াজের ধু-ধু-পত্রে, মম হাঁপানির টানে দুটি মেয়েই তলিয়ে গেল রেইনট্রির প্রাকসন্ধ্যায়—

সে কেবল বিলের ঘাটে শ্মশানে, স্লুইসগেটের ছায়া ভরজোছনায় পড়েনি বলে মাটি কামড়ে ‘ভগবান, হা ভগবান’ ডেকে ডুকরেছিল!

আমি তার শাকাহারী অপচ্ছায়া, অলীক পানসি, ঠাকুরের বিষাদ!

এই দাহনিভৃতি সইতে না পেরে, পোয়াতি স্লুইসগেট দিয়েছি খুলে স্বর্গ-মর্ত্য একহরফে বানের তোড়ে ভাসিয়ে—

জীবন, তোমার পুষ্প-পরাহ্ণ-পড়শিময় জারুলগাছটির উপকথায় আমি একটিবার আলাভোলা ফিরতে চেয়েছি, তুমি মা হইয়ো গো!