দ্রুত সুস্থ হোন হক ভাই
>

অসুস্থ হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তাঁর আরোগ্য কামনা করে স্মৃতিকাতর এই রচনায় ফুটে উঠেছে ‘জলেশ্বরীর জাদুকর’-এর মুখ
লন্ডনে যাওয়ার আগের দিন খুব সকালে ফোন করেছিলেন সৈয়দ শামসুল হক। মে মাসের মাঝামাঝি তাঁর নিউইয়র্কে আসার কথা, মুক্তধারার বইমেলায়। এ বছর মেলার ২৫তম বার্ষিকী, তিনি থাকতে সম্মত হয়েছেন। কিছুটা নিম্নকণ্ঠ যেন, জানালেন তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হচ্ছে, ‘চিন্তা কোরো না, আমি নিউইয়র্কে আসছি।’ এবার গলায় কিছুটা উত্তাপ নিয়ে বললেন, ‘শহীদের সাথে (কবি শহীদ কাদরী) আড্ডা হবে, তোমার সাথে মিউজিয়ামে যাব, ব্রডওয়েতে নাটক দেখব। আর হ্যাঁ, সেই যে গতবার জাপানি কাঁচা মাছ—সুশি—খেয়েছিলাম, সেটাও আরেকবার খেয়ে দেখব।’
অসুখ নিয়ে কোনো উদ্বেগ আছে, গলায় তার আভাস পেলাম না। বিস্ময়ের কিছু নেই, বরাবরই তিনি আশাবাদী। দেশকে নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, আগামী দিনের সম্ভাবনা নিয়ে, এমন আশাবাদী মানুষ বেশি চোখে পড়ে না।
৮১ বছরের যুবক, পরনে ঝলসে যাওয়া জিনস, পাটভাঙা রঙিন জামা, সে জামার নিচে সুতোর মতো সোনার চেইন। হাজার জনের মধ্যেও এমন একজন মানুষকে চিনে নেওয়া যায়। হাজার মাইল দূর থেকে ইথারে ভেসে আসা কণ্ঠস্বরে তাঁকে স্পষ্ট দেখতে পাই।
সৈয়দ শামসুল হককে আমরা ‘সব্যসাচী লেখক’ বলি। কথাটার অর্থ দুই হাতে শর চালনায় অভিজ্ঞ ব্যক্তি। মহাভারতের নায়ক অর্জুনকে বলা হতো সব্যসাচী, তিনি কেবল দুই হাতে শর নিক্ষেপেই পারদর্শী ছিলেন না, লক্ষ্যভেদেও ছিলেন অভ্রান্ত। সৈয়দ হক যথার্থই সব্যসাচী, শুধু এই কারণে নয় যে তিনি বহু বিচিত্র বিষয়ে দুই হাতে লিখতে পারেন। তিনি সব্যসাচী, কারণ তাঁর রচনা আমাদের স্মৃতি ও মেধায় অব্যর্থ শরের মতো আঘাত করে, তা আমাদের বিচলিত করে, ভাবতে বাধ্য করে আমাদের।
বাংলাদেশের সাহিত্যে দেশ, ভাষা ও রাজনীতি বরাবরই একটি কেন্দ্রীয় বিষয়। তাতে আবেগটাই মুখ্য, মেধা নয়; সেখানে পুনরাবৃত্তির একঘেয়েমি আমাদের ক্লান্ত করে। এই নিয়মের বড় ব্যতিক্রম হক ভাই, কোনো বিশেষ মোড়কে তিনি বাঁধা পড়তে চাননি কখনো। ৬০ বছরের অধিক সাহিত্যজীবনে বারবার নিজেকে আবিষ্কার করেছেন, ভেঙেছেন-গড়েছেন। ছাত্র বয়সে, আমাদের অপুষ্ট যৌবনে হক ভাইয়ের লেখা আত্মজৈবনিক সেই দীর্ঘ কবিতা, ‘বৈশাখে রচিত পংক্তিমালা’, আমরা আনন্দিত আগ্রহে মালার মতো বুকে জড়িয়ে নিয়েছিলাম। অপচয়িত যৌবনের আহত পঙ্ক্তিমালা, অথচ কী প্রবল প্রত্যয়ে সেখানে তিনি উচ্চারণ করেন—
বিপুল শহরে আমি হেঁটে হেঁটে যাব
শব্দের প্রদীপ হাতে অক্লান্ত, নিয়ত
আবার মৃত্যুকে নেবো, আবার জীবন।
অনেক বছর আগে, সম্ভবত ১৯৯৪ সালে, নিউইয়র্ক শহরে হক ভাই এক বৈঠকে আমাদের সে কবিতা পড়ে শুনিয়েছিলেন। ইংরেজিতে যাকে বলে ‘ট্রান্স’, পড়ার সময় কবি নিজে হারিয়ে গিয়েছিলেন সে রকম এক ঘোরের ভেতর। আমরাও তাঁর সাথি হয়েছিলাম এক অভাবিত অভিযাত্রায়। গত শতকের ষাটের দশকে, কবি নিজে যখন আত্ম-আবিষ্কারের নেশায় এ দোর-সে দোরে আঘাত হানছেন, ব্যক্তি-সময়-সমাজ যখন সামষ্টিক অর্থ নিয়ে তাঁর কাছে ক্রমেই উন্মোচিত হচ্ছে, এই পঙ্ক্তিমালা সেই সময়ের সদ্য প্রকাশিত রক্তক্ষরণের মানচিত্র। এই কবিতার ভেতর দিয়ে যেমন কবি ও তাঁর সময়কে চিনেছি, তেমনি আয়নার মতো তাতে নিজের প্রতিবিম্ব দেখে স্তম্ভিত হয়েছি! বুঝেছি, একমাত্র কবিতাই পারে একজনের ব্যক্তিগত উচ্চারণকে বহুজনের আত্ম-আবিষ্কারের সূত্র হয়ে উঠতে।
একসময় হক ভাই ছিলেন প্রেমের ভাষ্যকার, তাঁর প্রথম দিককার ছোটগল্পে রয়েছে যার অনিবার্য প্রকাশ। একাত্তর এই মানুষটিকেই বদলে দিল একদম। সবাই যখন সে যুদ্ধে খোঁজার চেষ্টা করেছে বিজয়, তিনি সেখানে দেখলেন বাংলাদেশের নিজস্ব প্রাণশক্তি, মুক্তির জন্য তাঁর ক্ষান্তিহীন অন্বেষণ, ভয়কে জয় করার অমোঘ মন্ত্র। একাত্তরের শুরু যে অনেক আগে, সিপাহি বিদ্রোহ কি তারও আগে—এই কথাটি অন্য অনেকেই চিহ্নিত করেছেন, কিন্তু হক ভাইয়ের মতো ছবির মতো করে তাকে এঁকে দেখাননি কেউ। নূরলদিনের সারাজীবন-এর কথা ভাবুন। একজন সাধারণ কৃষক, বাংলার বুকের ভেতর থেকে কুড়িয়ে আনলেন তাকে শুধু এই কথাটা আমাদের বোঝাতে যে মিছিলের সামনের সারিতে যারা দাঁড়ায়, তারা আসলে আমার-আপনার মতোই মানুষ। নায়ক হওয়ার যোগ্যতা আমাদের সবারই আছে, কিন্তু তার জন্য চাই বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গের প্রস্তুতি ও অঙ্গীকার। আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে এক-একজন নূরলদিন, শুধু প্রয়োজন তাকে চিনে নেওয়া।