দ্রোহী সত্তার বৈশ্বিক উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডিসেন্ট অব নজরুল ইসলাম পোয়েট্রি অ্যান্ড হিস্ট্রি

প্রীতিকুমার মিত্র

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

দাম: ৭৯০ টাকা

যে দ্রোহী সত্তা নজরুল ইসলামের জীবনযাপনে, কর্মতৎপরতায় ও সৃজনশীলতার মধ্যে প্রতিফলিত এবং যে সত্তা বিশ শতকের সূচনায় বাংলার বুুদ্ধিবৃত্তি ও মননশীলতার ইতিহাসে নজরুল ইসলামকে অন্য সবার থেকে আলাদা মর্যাদায় অভিষিক্ত করে, নজরুল ইসলামের সেই সত্তাকে পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রীতিকুমার মিত্র (১৯৪২-২০০৭) রচনা করেন দ্য ডিসেন্ট অব নজরুল ইসলাম: পোয়েট্রি অ্যান্ড হিস্ট্রি। ২০০৭ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, দিল্লি থেকে এটি প্রকাশিত হয়।

৩৫৪ পৃষ্ঠার বইটি ছয়টি অধ্যায়ে বিন্যস্ত। সূচনায় ডিসেন্ট শব্দের সংজ্ঞার্থ আলোচনায় লেখক জানান, ষোড়শ ও সপ্তদশ শতকের ইংল্যান্ডে ধর্মবিষয়ে ভিন্নমত পোষণ করাকে ডিসেন্ট শব্দ দিয়ে প্রকাশ করা হতো। কিন্তু বিশ শতকের শেষার্ধ নাগাদ ডিসেন্ট শব্দটি ধর্মনিরপেক্ষ হয়ে ওঠে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যেকোনো বিষয়ে ব্যক্তিগত ভিন্নমত নির্দেশ করতে শুরু করে। প্রথম অধ্যায়ে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

লেখকের বিবেচনায় নজরুল ইসলাম অন্তত পাঁচ ধরনের রক্ষণশীলতার বিরুদ্ধে দ্রোহ ব্যক্ত করেছিলেন: প্রথমত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, দ্বিতীয়ত ব্রিটিশবিরোধী রাজনীতিতে গান্ধীবাদী আদর্শের বিরুদ্ধে, তৃতীয়ত ইসলামি রক্ষণশীলতা ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যের বিরুদ্ধে, চতুর্থত হিন্দুসমাজের সামাজিক ও সাংস্কৃতিক রক্ষণশীলতার বিরুদ্ধে এবং পঞ্চমত রবীন্দ্রনাথের নামে প্রচলিত সমকালীন সাহিত্যিক আদর্শের বিরুদ্ধে।

‘বিদ্রোহী কবি পুনর্গঠন’ শিরোনামে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয় নজরুল ইসলামের দ্রোহসংশ্লিষ্ট জীবনকথা। অধ্যায়টিকে চারটি পর্বে বর্ণনা করা হয়। দ্বিতীয় পর্বের মেয়াদকাল ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। লেখকের ধারণা অনুযায়ী এটাই ছিল নজরুল ইসলামের দ্রোহ প্রকাশের সবচেয়ে মোক্ষম পর্ব। তাই অধ্যায়ের সূচনাতেই লেখক জানিয়ে রাখতে ভোলেন না যে দ্বিতীয় পর্বই এই গবেষণার মূল বিচরণক্ষেত্র।

তৃতীয় অধ্যায়ের শিরোনাম ‘ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থা এবং তার গান্ধীবাদী সমাধানের বিপক্ষে: বিদ্রোহী কবির দ্রোহ ১’। অধ্যায়টি দুই ভাগে বিভক্ত। একটি অংশে নজরুল ইসলামের ব্রিটিশবিরোধী মনোভাব ধারণ করে, অন্য অংশটিতে গান্ধীবাদী অহিংস আন্দোলনের বিপক্ষে নজরুলের দৃঢ় অবস্থানকে স্পষ্ট করা হয়।

সেনাবাহিনীতে যোগদানের সুবাদে একদিকে নজরুল যেমন পারস্যের দার্শনিক ও সাহিত্যিক ভিন্নমতাদর্শের সঙ্গে গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পান, আবার একই সময়ে পরিচিত হয়ে ওঠেন রাশিয়ার সমাজতান্ত্রিক বলশেভিক আন্দোলনের সঙ্গে। এই সংযোগই নজরুলকে কমরেড মুজাফ্ফর আহ্মদের সঙ্গেও ঘনিষ্ঠতর বন্ধনে আবদ্ধ করে। বিশের দশকের সূচনায় নজরুলের রাজনৈতিক ভাবদ্রোহের অনেকটাই এই আন্দোলনের প্রভাবজাত, তা বোঝা যায়।

চতুর্থ অধ্যায়ের শিরোনাম ‘মুসলমান ও হিন্দু রক্ষণশীলতার বিপক্ষে: বিদ্রোহী কবির দ্রোহ ২’। এ অধ্যায়ও দুই ভাগে বিন্যস্ত। এক. মুসলমান রক্ষণশীলদের বিপক্ষে নজরুল কীভাবে তাঁর দ্রোহ প্রকাশ করেছিলেন। দুই. হিন্দু রক্ষণশীলদের বিপক্ষে নজরুল কীভাবে তাঁর দ্রোহ প্রকাশ করেছিলেন।

নজরুল ইসলামের ধর্মসংক্রান্ত দ্রোহ বহুমাত্রিক। ধর্মীয় আদর্শ ও বিশ্বাস, আচার ও আচরণ, তা হিন্দু বা মুসলমান যে পরিচয়ই ধারণ করুক না কেন, নজরুলের মানবিক আদর্শের সঙ্গে যখনই তার বিরোধ সৃষ্টি হয়েছে, তখনই তিনি প্রতিবাদী হয়েছেন। শুধু লেখনীর মাধ্যমেই তিনি তাঁর বক্তব্যকে সীমিত রেখেছেন, এমন নয়, বাস্তব জীবনেও তা প্রয়োগ করে দেখানোর চেষ্টা করেছেন। প্রীতিকুমার মিত্র প্রাসঙ্গিক প্রায় সবগুলো দিকই পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করেন।

প্রচলিত ধর্মীয় সংস্কার-বিশ্বাসের বিরুদ্ধে নজরুলের সবচেয়ে মোক্ষম প্রতিবাদ ছিল তাঁর নিজের জীবন। তিনি শুধু একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, তা-ই নয়, এ ব্যাপারে প্রচলিত কোনো নিয়মকানুনকেই তিনি তোয়াক্কা করেননি। নজরুল জীবনের এই অধ্যায় সম্পর্কে প্রীতিকুমার মিত্রের আলোচনা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং গভীরতাস্পর্শী।

পঞ্চম অধ্যায়ের শিরোনাম ‘রবীন্দ্রনাথ ঠাকুরের আধিপত্যের বিপক্ষে: বিদ্রোহী কবির দ্রোহ ৩’। এই অধ্যায়ও দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আলোচনা করা হয়েছে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব ঘটে এবং তাঁর প্রসারতা ও ব্যাপ্তি একপর্যায়ে কীভাবে তাঁকে সাহিত্যাদর্শিক রক্ষণশীলতার প্রতীকে পরিণত করে। অধ্যায়ের দ্বিতীয় ভাগে উপস্থাপন করা হয়েছে এই নিয়ে কীভাবে এবং কী মাত্রায় নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্র অনুসারীদের দ্বন্দ্ব সৃষ্টি হয়।

আলোচ্য কালপর্বে কল্লোল ও কালিকলম গোষ্ঠী যেমন সমকালীন ইউরোপীয় সাহিত্যের প্রভাবে বিশ্বযুদ্ধোত্তর আদর্শ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, নজরুল ইসলামও তার ব্যতিক্রম ছিলেন না। বিশেষভাবে এই সময়ের সাহিত্যে সাম্যবাদ ও জটিল মনস্তত্ত্ব সাহিত্যের বিশাল একটি অংশের জায়গা দখল করে, যা ছিল বাংলা সাহিত্যের প্রচলিত ধারায় অনেকটা নতুন। রবীন্দ্রবলয় থেকে মুক্তিপ্রয়াসী সাহিত্যিকেরা এই ধারার সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন। এ ছাড়া বিশ্ব-ঐতিহ্য আত্তীকরণ এবং বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ের যে উদাহরণ নজরুল সৃষ্টি করেছিলেন, সমকালীন বাংলার সাহিত্য-রীতিতে তা ছিল অনেকটাই নতুন। বিশেষত ভারতীয়, আরবীয় এবং গ্রিক মিথকে নজরুল যেভাবে তাঁর সাহিত্যে সমন্বিত করেন, বাংলা সাহিত্যে তা তুলনাহীন। বাংলা সাহিত্যে নজরুলের এই বিশেষ অবদানটিও প্রীতিকুমার মিত্রের গবেষণায় বিশেষ জায়গা পায়।

ষষ্ঠ অধ্যায়টি আসলে এই গ্রন্থের উপসংহার। এরও সুন্দর একটি শিরোনাম প্রদান করা হয়েছে ‘বিদ্রোহী কবির আসল রূপ’ নামে।

নজরুলের দ্রোহী সত্তাকে বোঝানোর জন্য লেখক যে পাঠবিশ্লেষণ-পদ্ধতির আশ্রয় নেন, তা খুবই কার্যকর একটি প্রক্রিয়া। এই লক্ষ্যে তিনি কবিতা, প্রবন্ধ এবং বক্তৃতা বিশ্লেষণ করে লেখক নজরুলের ভাবদ্রোহের প্রকৃতি নির্ধারণের চেষ্টা করেন। তাতে নজরুল-জীবনীর জ্ঞাত তথ্যের পাশাপাশি নজরুলের মনোলোকও উদ্ঘাটিত হয়।

গ্রন্থটি ইংরেজিতে রচিত হওয়ায় বহির্বিশ্বে নজরুল ইসলামের ভাবমূর্তি নির্মাণ তথা বাংলাদেশের সংস্কৃতির মর্যাদাযুক্ত প্রচারণায় নতুন মাত্রা যুক্ত হয়। ইতিমধ্যে ইংরেজি ভাষায় নজরুল ইসলামের কাব্যের অনুবাদ প্রকাশিত হয়েছে, তাঁর জীবনী প্রকাশিত হয়েছে, দেশি-বিদেশি বেশ কয়েকজনের কিছু প্রবন্ধপুস্তকও পাওয়া যায়। কিন্তু নজরুলের কবিপ্রতিভার মূল বৈশিষ্ট্য নিয়ে এমন গবেষণা-গ্রন্থ আর দ্বিতীয়টি নেই।