ধনী জলদস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 তেলবাহী বড় জাহাজ, বাণিজ্যিক জাহাজ কিংবা শখের ব্যক্তিগত ইয়টস কোনোটিই বাদ যাচ্ছে না সোমালিয়ার জলদস্যুর কবল থেকে  মুক্তিপণ আদায়ই মূল উদ্দেশ্য  বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি টানা ৯৮ দিন আটক থাকার পর ২৬ জন নাবিকসহ মুক্ত হয়ে দেশে ফিরে এসেছেকেন জলদস্যুতাগৃহযুদ্ধ-বিধ্বস্ত আফ্রিকান দেশ সোমালিয়ায় কার্যকর কোনো সরকার নেই ২০ বছর ধরে। রাষ্ট্রের একেকটি অঞ্চল একেকটি গোত্রের নিয়ন্ত্রণে।একটি অঞ্চলে শক্তিশালী হয়ে উঠছে জঙ্গি সংগঠন ‘আল-সাবাব’। দারিদ্র্য, অস্থিরতা আর সামাজিক নৈরাজ্যের এই সন্ধিক্ষণে মুক্তিপণ দিয়ে জাহাজ ছাড়িয়ে নেওয়ার প্রথম দিকের একটি-দুটি ঘটনা সোমালিয়ার হতদরিদ্র একটি অংশকে এই কাজে প্রলুব্ধ করে। কেননা মুক্তিপণের বদৌলতে ুঅনেকেই রাতারাতি ধনী বনে যাওয়ার সুযোগ পেয়েযাচ্ছে।আরও ব্যবসাজলদস্যুদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া ব্যবসায়ীরা যুক্ত হওয়ায় তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আর দুর্ধর্ষ দস্যুতে পরিণত হয়েছে। অভিযোগও আছে, অর্থের বিনিময়ে আল-সাবাব জলদস্যুদের প্রশিক্ষণ দিচ্ছে। মুক্তিপণের অর্থ পরিশোধ-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে কিছু পরিবহন সংস্থা। কিছু কিছু বিমা কোম্পানির সংযুক্ত হওয়ার অভিযোগও আছে। জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ ও জিম্মি মুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবেও জুটে গেছে কিছু পরামর্শক-প্রতিষ্ঠান।হংকংভিত্তিক এ রকম একটি প্রতিষ্ঠান ঘণ্টায় এক হাজার ২০০ থেকে দেড় হাজার মার্কিন ডলার পর্যন্ত নিয়ে থাকে। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্টোরেট অপহূত চার মার্কিন নাগরিককে উদ্ধার করতে গেলে জলদস্যুদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই চার মার্কিন নাগরিক এবং চারজন দস্যু নিহত হয়। আটক করা হয় আরও কয়েকজন জলদস্যুকে। এ ঘটনার পর ফারাহ নামের এক জলদস্যু নেতা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এতে তাঁর অস্ত্র ও খাদ্য খাতে বিনিয়োগের এক লাখ ১০ হাজার মার্কিন ডলার বরবাদ হলো। (সূত্র: ডব্লিউএনসি নিউজ, ২৩ ফেব্রয়ারি-২০১১।)বাংলাদেশের জাহান মণিজলদস্যুর হাতে আটক অবস্থায় জাহান মণির ২৬ জন জিম্মির মধ্যে কিছুটা ভালো অবস্থানে ছিলেন ওই জাহাজের প্রধান প্রকৌশলী মতিউল মাওলা ও তাঁর স্ত্রী রোকসানা গুলজার। এই দুজনের সঙ্গে জলদস্যুদের মাঝেমধ্যে কথাবার্তা হতো, তাঁরা জলদস্যুদের মেজাজ-মর্জি বুঝে কথা বলতেন। দস্যুদের নেতা ও প্রধান সমঝোতাকারী লিয়ন ও অন্যদের মধ্যে সরদার আবদুর রশিদ, মেরি নূর, হারুন রশিদ, আবদু সালাম, আবদু আউয়ালসহ কয়েকজনের সঙ্গে ওই দুই জিম্মির বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। লিয়ন নিজেই স্বীকার করেছেন, এটা তাঁর আসল নাম নয়, কিন্তু জলদস্যুর জগতে তাঁকে সবাই ওই নামেই চেনে। সে মূলত ডাঙার লোক। জাহান মণি ছিনতাই হওয়ার পর সোমালিয়া উপকূলে নোঙর করার পরদিনই লিয়ন জাহাজে এসে জিম্মিদের উদ্দেশে ১০ মিনিটের এক বক্তব্য দেন। তাঁর বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু গুরুত্ববহ: ‘জলদস্যুরা খুব হিংস্র। তাদের কথার অবাধ্য হওয়া যাবে না। কোনো নির্দেশের জবাবে না বলা চলবে না। যেকোনো প্রয়োজনে তাদের অনুমতি নিতে হবে।’জলদস্যু আবদু সালাম স্বীকার করেন, তিনি কাজ করতেন শিক্ষা বিভাগে। আম-কলার বাগান ছিল তার বাবার। কিন্তু দেশে গোলযোগ দেখা দেওয়ায় তাঁর চাকরি চলে যায়। এতে বাগানও লুট হয়ে যায়। এরপর বাধ্য হয়ে সাংসারের প্রয়োজন মেটাতে জলদস্যুদের দলে যোগ দেন।জলদস্যু হলেও দলের ভেতরে মেনে চলা হয় কঠোর চেন অব কমান্ড। জলদস্যুদের নেতা আবদুর রশিদ মদ খেয়ে মাতলামি করতেন—এই খবর পাওয়ার পর নেতৃত্ব পরিবর্তন করা হয়। পরে সেখানে দায়িত্ব দেওয়া হয় মেরি নূর নামের অন্য জলদস্যুকে।যার যা কাজএকটি জলদস্যু দলে মোটামুটি তিনটি ভাগ থাকে। একটি গ্রুপ জাহাজ আক্রমণের লক্ষ্যে গভীর সাগরে অবস্থান করে দিনের পর দিন। আরেক ভাগের দায়িত্ব থাকে আটক জাহাজ ও জিম্মি পাহারা দেওয়া। তৃতীয় ভাগটির কাজ তীর থেকে জাহাজে খাদ্যদ্রব্য ও অন্য রসদসামগ্রী সরবরাহ করা।আদায় করা মুক্তিপণের ৫০ শতাংশ দিতে হয় দলের যে অংশটি জাহাজ আটক করে তাদের। আর যে জলদস্যু প্রথম সাহস করে জাহাজে ওঠে, তাকে বোনাস হিসেবে দিতে হয় বাড়তি ১০ হাজার মার্কিন ডলার। বাকি অর্ধেক টাকা দলের অবশিষ্ট অংশের সদস্যদের মধ্যে ভাগাভাগি হয়।আক্রমণের সময় জাহান মণির ব্রিজ রুমে দায়িত্ব পালনকারী দ্বিতীয় কর্মকর্তা জি এম নূর আলম বলেছেন, ৫ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে তাঁদের রাডারে প্রথমে ছোট একটি জাহাজের অস্তিত্ব ধরা পড়ে। মুহূর্তের মধ্যে দেখা গেল, সেই জাহাজ থেকে দ্রুতগতির স্কিপ (ছোট ইঞ্জিনচালিত নৌকা) লাফিয়ে লাফিয়ে আসছে জাহান মণির দিকে। প্রায় এক ঘণ্টার চেষ্টা এবং রকেট হামলা চালিয়ে জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকির পর এই স্কিপের ছয়জন সশস্ত্র জলদস্যু জাহান মণির নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা জাহাজের ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য করে। তারপর জলদস্যুদের মূল জাহাজ থেকে আরও ১৫-১৬ জন দস্যু এসে জাহান মণিতে ওঠে।বাড়ছে দস্যুতাআন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায়, ২০০৮ সালে জলদস্যুরা ১১১টি সমুদ্রগামী জাহাজে আক্রমণ করে। তবে জিম্মি করতে পারে ৪২টি, যা ২০০৭ সালের তুলনায় ২০০ শতাংশ বেশি। এ প্রসঙ্গে জাহান মণির ক্যাপ্টেন ফরিদ আহমদ বলেছেন, ‘৯৮ দিনের জিম্মিদশায় আমাদের জাহাজ যে চারটি জায়গায় নিয়ে রাখা হয়, তার সব কয়টি জায়গায় আমরা সাত-আটটি করে জাহাজ আটক অবস্থায় পড়ে থাকতে দেখেছি।’ মুক্তিপণ দিয়ে গত ১৪ মার্চ জাহান মণি জলদস্যুমুক্ত হয়। ১৯ মার্চ জাহাজটি ওমানের সালালাহ বন্দরে এসে প্রথম নোঙর করে। এর সব নাবিক দেশে ফেরেন ২১ মার্চ।মুক্তিপণই মোদ্দা কথাসোমালিয়ায় জলদস্যুদের মূল লক্ষ্য মুক্তিপণ। জাহান মণির শুরুতে যা ছিল ৪৬ লাখ আট হাজার মার্কিন ডলার। ছাড়ার মুহূর্তে তারা ১০ টন ডিজেল সরবরাহের জন্য আরও চার হাজার মর্কিন ডলার দাবি করে। কিন্তু পুরো অর্থ পেলেও শেষ মুহূর্তে কথা রাখেনি দস্যুরা। ১০ টনের পরিবর্তে তেল দেয় পাঁচ টন, তা-ও আবার অন্য একটি জাহাজ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে। জাহান মণির সেই সময়ের তৃতীয় কর্মকর্তা মো. কামরুল হোসাইন জানান এই তথ্য।সোমালিয়ার জলদস্যুরা ২০০৮ সালে জাহাজ আটক করে মুক্তিপণ আদায় করেছে পাঁচ কোটি মার্কিন ডলার, যা প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। পরের বছরে তা চার গুণ বেড়ে যায় (সূত্র: টাইম ম্যাগাজিন, ১৫ এপ্রিল, ২০০৯ )। মুক্তিপণের টাকায় সোমালিয়ার জলদস্যুরা বিশ্বের অন্যতম প্রধান ধনী লোকে পরিণত হয়েছে। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ির মালিক হয়েছে তারা এখন। ফলে সোমালিয়ার অস্থিতিশীল সরকার ও জঙ্গি সংগঠন আল-সাবাবের মতোই শক্তিশালী আরেকটি পক্ষে পরিণত হচ্ছে তারা দিনে দিনে।