ধন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

রুস্তম মিয়া রিকশাটাকে সিরাজের দোকানে খুঁটির সঙ্গে তালা মারে। ভর দুপুরবেলায় চা-পানকারীদের ভিড়ভাট্টা নেই, সিরাজ তাই তাকিয়ে তাকিয়ে রিকশাখানাই দেখে। সেখানে শাকিব খানের মাথা ফেটে রক্ত ঝরছে আর অপু বিশ্বাসের গায়ের জামাটা বুক বরাবর ফেটে যাওয়ার জন্য উদ্গ্রীব। ফাটিফাটি অবস্থা। ছবিটা নতুন নয়, মাঝেমধ্যেই রুস্তম গ্যারেজ থেকে এই রিকশাখানা পায়। সেই সূত্রে দিনের নানা সময় রুস্তম রিকশাটি তার দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রেখে যায়, আর সে তাকিয়ে তাকিয়ে দেখে। প্রতিবার দেখার সময় তার মনে হয়, এইবার জামাখানা ফেটেই যাবে, তাই বারবার সমান আগ্রহ নিয়ে তাকায়, কিন্তু ছবিটার কোনো পরিবর্তন হয় না, বিষয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় থেমে থাকে।
‘বিড়ি দে’—বলে রুস্তম দশ টাকার নোট সিরাজের দিকে বাড়িয়ে দিলে তার কল্পভঙ্গ হয়। বিড়ির গোড়ায় টান দিয়ে আগুন জ্বালাতে জ্বালাতে বস্তির মধ্যে ঢুকে পড়ে রুস্তম। দুটি গলি পেরোতেই নিজের ছাউনি। ঘরের কাছাকাছি যেতেই সে সুফিয়ার হাসি আর অস্ফুট রিনরিনে গলা শুনতে পায়। সহসা সতর্ক হয়ে পড়ে তার পা। নিশ্চয়ই ঘরে কেউ এসেছে—মনে মনে নানা রকম সন্দেহের বাতাস বয়ে যায়। যতটা নিঃশব্দে ঘরের দাওয়ায় পৌঁছানো যায়, ততটাই শব্দহীন একেবারে বস্তির ঝানু বিড়ালের মতো এসে দাঁড়ায় রুস্তম। ঘরের ভেতরে আলো কম, কিন্তু তাতে স্পষ্ট দেখা যায় সুফিয়া চৌকির ওপর পা ঝুলিয়ে বসে, দুলে দুলে হাসছিল। ভেতর থেকে তখন আরও একটা কণ্ঠ বলে ওঠে, ‘ও...ই যে...মিয়ায় আইছে...’
তারপর দ্রুত পায়ে রুস্তমের পাশ কেটে বেরিয়ে গেলে চেনা যায়, এটা পাশের ঘরের রুক্সির মা। তখন রুস্তমের সন্দেহের তালিকা থেকে সম্ভাব্য অনেক পুরুষ মানুষ বেরিয়ে যায়। তবু তার ভালো লাগে না। রুক্সির মায়ের সঙ্গে এত কী খাতির সুফিয়ার? মনটা খচখচ করে। কিন্তু সুফিয়া ততক্ষণে ঘাড় বাঁকা করে লজ্জিত নত ভঙ্গিমায় দাঁড়িয়ে। রুস্তম এমন সময় আসায় নিজস্ব আলাপগুলো সহসা ভঙ্গ হলো, কিংবা কী জানি মানুষটা সব শুনে ফেলল নাকি?—এসব ভেবে সে খানিকটা আড়ষ্ট, নামা গলায় বলে, ‘খিদা লাগছেনি? এ্যাত তাড়াতাড়ি আইলেন?’
এমন প্রশ্নে রুস্তমের ভেতরটা আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে, তাইলে কি কোনো গোপন আলাপ? সে সুফিয়ার দিকে তাকায়, ফরসা মুখখানা কেমন রঙিন হয়ে আছে। সহসা তার রাগ হয়। রুস্তম মনে মনে কথা সাজায়, রুক্সির মায় আইল ক্যালায়? অত খাতির কিয়ের...—সুফিয়াকে এই সব জিজ্ঞাসা করা ঠিক হবে কি না, কিংবা কথাটা কেমন করে জিজ্ঞাসা করবে সে? একটা মাইয়া মাইনষের সঙ্গেই তো কথাটথা বলেছে। নিজের মধ্যে নিজেই কথা গুছিয়ে উঠতে পারে না রুস্তম। তাই ধমকানো স্বরেই বলে ওঠে, ‘অতো কৈয়ফত ক্যালায়?’
তাতে সহসা সুফিয়ার লজ্জা কেটে ভয় করে, মানুষটা এত রাগছে ক্যান? রিকশা নিয়ে কোন সমুস্যা হইছেনি...প্যাসেঞ্জারের লগে...—সে কি কিছু জিজ্ঞেস করবে? এই ভাবনায় স্বামীকে সে ভালো করে দেখতে চায়, রুস্তম তখন আধখাওয়া সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে এমন জোরে জোরে ডলতে থাকে যেন সিগারেট না, ছিনেজোঁক পিষে মারছে। সুফিয়ার কিছু জিজ্ঞেস করার সাহস হয় না, সে খাবার বাড়তে যায়। রুস্তম ধুম করে চৌকির ওপর শুয়ে পড়তেই পিঠের নিচে সুইয়ের মতো বেঁধে, সে পিঠ খানিকটা উঁচু করে নিচ থেকে কাপড়ের দলা হাতে তুলে আনলে দেখা যায়, সুফিয়ার পেটিকোট-ব্লাউজ-ব্রা; এসব দেখে আরও রাগ লাগে রুস্তমের। সে কাপড়গুলো মেঝেতে ছুড়ে ফেলে। ভাত-তরকারি প্লেটে বাড়তে বাড়তে সুফিয়া দেখে দৃশ্যটি, কিছু বলে না। সে সব খাবার সাজিয়ে রেখে, মাটি থেকে কাপড়গুলো কুড়িয়ে নিতে নিতে বলে, ‘নেন, খান। আমি গোসল কইরা আসি।’
রুস্তম খেতে বসে না, শুয়েই থাকে। মনটা ভালো হয় না। ভয়টা ফিরে আসে—সুফিয়াকে নিয়ে তার যে ভয়। এই ভয়েই সে বউ নিয়ে পুরোনো বস্তিতে ফিরে যায়নি। গ্রাম থেকে বিয়ে করে সোজা এইখানে এই নতুন ঘরে তুলেছে। ভেবেছিল পুরোনো জীবনটা আর থাকবে না, নতুন করে সব হবে। নিজের অতীত জীবনের কথা সে সুফিয়াকে জানাতে চায় না। কিন্তু এত সুন্দরী বউ ঘরে আনার পর থেকেই পুরোনো ভয়টা তার ভেতরে ঢুকে গেছে। সেই ভয়েই প্রথম প্রথম রুস্তম কাজেও মনোযোগ দিতে পারত না। এখনো সময়-অসময়ে হঠাৎ হঠাৎ ঘরে ফিরে আসে। এমনকি একদিন সুফিয়াকে বলেই বসল, ‘আছোস তাইলে, যাইস নাইকা?’
সে কথায় বিস্ময় জাগে সুফিয়ার, ‘কী কইলেন?’
সহসা নিজেকে সামলে নিয়ে রুস্তম হাসে, ‘নাহ্, কই কী কইলাম, কিচ্ছু না।’
রুস্তমের ভয়, যদি সুফিয়ার দিকে সবাই নজর দেয়? মানুষগুলান তো ভালো না। যদিও সে আগে কোনো দিন নিজের ঘরে অন্য কোনো মানুষকে দেখতে পায় নাই। কিন্তু রুক্সির মার সঙ্গে খাতিইরা আলাপ দেখে রুস্তমের ভালো লাগে না, সে নিজেকে বোঝাতে থাকে, বয়স্ক মাইয়া মানুষ...মাইয়া মানুষই তো! ভাবনার মাঝে নিজের জন্য স্বস্তির খোঁজ পায় রুস্তম; আর তাতে বেশ শান্তির একটা আবেশ এলে কখন যেন সে ঘুমিয়েও পড়ে।
সুফিয়া এসে দেখে, রুস্তম ঘুমে বেহুঁশ। সে খাবারগুলো ঢেকে রাখে, যদিও তার নিজের পেট ক্ষুধায় চোঁ-চোঁ করছে, কিন্তু মানুষটা না খেয়ে ঘুমাল, সে তাকে রেখে কী করে খায়। সুফিয়া মাথার চুলগুলো ভালো করে মোছে, তারপর নিঃশব্দে খাটের এক কোনায় বসে রুস্তমের মুখের দিকে তাকিয়ে থাকে। মনে হয়, মানুষটা আইজ মনে কোনো দুঃখ পাইছে, নইলে এমুন করল ক্যান? রুস্তম পাশ ফিরে শুতে গিয়ে সুফিয়ার গায়ে ধাক্কা লেগে জেগে যায়। তাকিয়ে দেখে, সুফিয়া কেমন করুণ চোখে চেয়ে আছে, সহসা নিজের কাছে খারাপ লাগে, উঠে সুফিয়াকে জড়িয়ে ধরে সে, ভরদুপুরের রাগ ভুলে যায় ক্ষুধার্ত দুজন মানুষ।
বিষয়টা রুস্তমের মাথায় আর থাকে না, রুক্সির মায়ের কথা সে ভুলেই গিয়েছিল। কিন্তু সেদিন নীলক্ষেত থেকে দু-প্যাকেট তেহারি কিনে দুজন একসঙ্গে গরম গরম খাবে বলে ঘরে ফিরতেই দেখতে পায়, সুফিয়া বসে বসে ঢেলা খিচুড়ি খাচ্ছে। রুস্তমকে দেখে সে নিজের হাতের চেটোয় লেগে থাকা খিচুড়ি জিব দিয়ে চেটে নিয়ে বলে, ‘চুকা খিচুড়ি... মজা হইচ্ছে... খাবেনি...’। স্বামীকে এসব বলে সুফিয়া নিজের প্লেট এগিয়ে দিতে গেলে রুস্তমের হাতের তেহারির প্যাকেটটা আলগা হয়ে যেতে চায়। সে বলে, ‘ওহন না...পরে খামু...’
সুফিয়া বলে, ‘আর তো নাই...এইটুকই আছে...রুক্সির মা দিছে...’
সহসা রুস্তমের রাগ হয়—এত খাতির কিয়ের, চুকা খিচুড়ি দিছে! সে রাগ হয়ে বলে, ‘খাম না...’
সুফিয়ার তখন অত কিছু খেয়াল করে না, মেলা দিন বাদে বাসি ভাত তেঁতুল দিয়ে রান্না—গলা এমন খিচুড়ির স্বাদে ডুবে থাকে। সে প্লেটটা কাছে নিয়ে বাকিটুকু খেয়ে ফেলে। তা দেখে রুস্তমের আরও রাগ হয়, তেহারির প্যাকেটটা মাটিতে ফেলে বেরিয়ে পড়ে সে। আচমকা চমকে সুফিয়া পেছন থেকে ডাক দিলেও রুস্তম থামে না, হাঁটার গতি বাড়িয়ে দেয়, সেই সঙ্গে তার মনে সন্দেহ বাড়ে—বেটি এত খাতির করতেছে ক্যান? ভাগাইবো নিকি? বিক্রি করার ধান্দায় আছে...—ভাবতে ভাবতে রুস্তমের এটাও মনে আসে আজকাল মেয়েরা-মেয়েরা...ছেলেরা-ছেলেরা...খুব সম্পর্ক করতেছে।
রুস্তমের খুব মা-বাবার কথাও মনে পড়ে। রুস্তম তাদের মনে করতে চায় না। নিজের জীবনটাকে সে অনেক আগেই নিজের মতো বদলে নিয়েছে। মা-বাবা তার জীবনে যে ভয় আর সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, তা থেকে সে বেরিয়ে আসতে চায়, বউকে নিয়ে নতুন করে দেখতে চায় জীবনটা। কিন্তু সুফিয়াই এখন তাকে ঘন ঘন তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তার মা যে খুব সুন্দর, তা সে বুঝতেই পারেনি; সে কেবল মায়ের ভালোবাসা বুঝত। কত আর বয়স তখন তার? ছয় কি সাত? কথা নেই বার্তা নেই, একদিন রুস্তমের মা আর ঘরে ফেরে না! সে তো কিছুই জানত না, বস্তির সবাই বলাবলি করে, অমন রূপ ঘরে আটকায়নি। কেউ বলে, সালামতের বউরে ফুসলাই লইয়া গ্যাছে। এমনকি সালামতের বউ ভাগছে কথাও শোনা যায়, আর তখন এটাও জানা যায়, সালামতের বউ মানে রুস্তমের মা রহমতের লগে ভাগছে। রুস্তম সেদিন কিছু ভাবতে পারে নাই, সে কেবল আকাশ-বাতাস ফাটিয়ে চিত্কার করে কেঁদেছিল। মায়ের এই চলে যাওয়ার কোনো ব্যাখ্যা বা উত্তর তাঁর বাবা কখনো দেয়নি। কিন্তু রুস্তমের রাগ হলো এই ভেবে যে রহমত চাচার সঙ্গে মা যেখানে ইচ্ছা চলে যাক, কিন্তু সেখানে তো সে রুস্তমকে নিয়ে যেতে পারত! মা কি জানে না তাকে ছাড়া রুস্তম থাকতে পারে না। মায়ের টুকরো টুকরো আদরমাখা স্মৃতির সঙ্গে ভীষণ রকম অভিমান রুস্তমকে ঘিরে ধরেছিল; কিন্তু সেসব স্মৃতি-আক্রান্ত শিশু রুস্তম সহসা অভিমানহীন হয়ে পড়ে, সে ভীত হয় যখন বাবা নতুন বউ নিয়ে এল। রুস্তমের বাবা সালামত নতুন বউ নিয়ে আসায় সহসা ছোট রুস্তম বড় হয়ে যায়, ঘরের মধ্যে ঠাঁই হয় না তার। তখন রাস্তার বেওয়ারিশ কুকুরের মতো ঘুরে বেড়াতে বেড়াতে নিজেকে নিজের ইচ্ছেমতো তৈরি করে নিয়েছিল সে। সে সময় তার আর মায়ের প্রতি অভিমান থাকে না। ঘরহীন রাস্তায় ঘুরতে ঘুরতে রুস্তম বুঝতে পারে, মানুষ কীভাবে হারিয়ে যায়? কখনো কখনো মনে হয়, মানুষ হারায় না, মানুষ পালায়। এইভাবে বড় হতে হতে সব সময় অবিশ্বাসের মধ্যে ঘুরপাক খায় রুস্তম।
তার কেবল হারানোর ভয়। সে আর কিছু হারাতে চায় না। না, সেই একলা ঘরহীন রুস্তম আর সে নেই। এখন তার ঘর আছে, সুফিয়া আছে। সে কিছুতেই সুফিয়াকে হারিয়ে যেতে দেবে না। যাত্রীবিহীন এলোমেলো এসব ভাবনা মাথায় আসতেই রুস্তম গ্যারেজের দিকে প্যাডেল মারে।
রুক্সির মা আসলে কী চায়? সুফিয়ারে বিক্রি করতে? মানুষের বাড়িতে কাজে নিতে? রুস্তমের চোখে ঘুম আসে না। সে বালিশ থেকে মাথা খানিকটা উঁচু করে সুফিয়াকে দেখে, অন্ধকারের মধ্যেও সুফিয়াকে দেখা যায়। সুন্দর মুখখানা কেমন অসহায় ভঙ্গিতে ঘুমায়, আবার মনে হয়, রুস্তমের ঘুম কেড়ে নিয়ে সুফিয়া কী আরামে ঘুমায়! রাগও লাগে—মরার ঘুম ঘুমায়। সহসা রুস্তম দেখে, সুফিয়ার মুখে সাত রঙের ঝিলিক! সে মনে করার চেষ্টা করে, এই রংমাখা মানুষগুলোকে কোথায় যেন দেখেছিল, নাকি শুনেছিল তাদের সম্পর্কে? ধন্দগ্রস্ত রুস্তম অন্ধকার পেরিয়ে আসার মুহূর্তেই ঘুমিয়ে পড়ে।
রাতে না ঘুমানোর রোগটা রুস্তমকে জেঁকে বসেছে, শরীরটাতেও তার টান পড়ছে। রিকশার দুই খ্যাপ মারার পরই কেমন পা ধরে আসে, রগে টান পড়ে। সে রিকশা নিয়ে সিরাজের দোকানে তালা মারে। সিরাজ দেখে আজ অন্য রিকশা, বেশ পুরোনো কালের ছবি—শাবানার মুখটাই বড় আর ম্লান, দুই চোখ দিয়ে পানি ঝরছে, আলমগীরের হাতে মদের বোতল। এসব কেমন মনখারাপ ছবি, কিন্তু সহসা সিরাজ দেখে নিচের দিকের সাইড নায়িকার ছবিখানা, পা থেকে কাপড় উঁচুতে উঠে থাই বেরিয়ে আছে, মেয়েটি ঝুঁকে থাইয়ের ওপরে নিতম্বের কাছাকাছি হাতটা এমন ভঙ্গিতে রেখেছে, যেন তার ব্যথাটা ওইখানেই। সিরাজের ভালো লাগে, তার মনে তখন কেমন একটা অনুভূতি ভিড় করে, চা-দোকানের কায়কারবার থেকে বহুদূরে হারিয়ে যেতে থাকে সিরাজ।
রুস্তম তা দেখে না, তার ঝিমধরা মাথায় সিগারেটের ধোঁয়া দিয়ে ঘরের পথে এগোয়। কিন্তু মাথাটা পরিষ্কার হয়ে যায় ঘরের ভেতর থেকে সুফিয়ার হাসি শুনে, পা থেমে যায়। কানে ভেসে আসে দুজনের অস্পষ্ট কথা। রুস্তমের মাথাটা জ্বলে ওঠে, সে সহসা উল্টো হেঁটে বস্তির লোকজনকে ডাকতে থাকে। আজ সে এর একটা বিহিত করবেই। দিনকাল ভালো না, সময় যে এখন কী? ছি ছি...মাইয়াতে...মাইয়াতে...এমুন সম্পর্ক! শেষ পর্যন্ত রুক্সির মার লগে...রুস্তম দু-চারজনকে ডাকে, ‘আরে আহেন না...কাণ্ড দেইহা যান।’
কেউ কিছু বুঝতে পারে না, কী কাণ্ড ঘটছে। কিন্তু কিছু না ঘটলে তো আর রুস্তম মিয়া খামাখা ডাকছে না। তাই তারা রুস্তম মিয়ার পেছন পেছন হাঁটতে থাকে। বস্তিতে কি আর কাণ্ডকারখানার অভাব আছে, তারপর ঘরে যুবতী বউ। সবাই ঔত্সুক্যে বেশ একটা তামাশা দেখার জন্য জড়ো হয়, কারও কারও হাত নিশপিশ করে অজানা কোনো মারপিটের জন্য, কেউ কেউ গলায় খুসখুস কাশি ঝেড়ে রাখে। দু-একজন ভাবে, বিয়ের বছর ঘুরছে মাগার রুস্তম মিয়া বউ পেটায় নাই, এইবার শুরু হইব। রুস্তমের সঙ্গে সবার খায়খাতির আরেকটু বেশি হলে কাউ-কাবারিটা এখনই শুরু করতে পারত কিন্তু রুস্তম চুপচাপ হেঁটে যায় বলে সেটাও হয় না।
রুস্তমের ঘরের সামনে সবাই যখন আসে, লোকজনের আলাপ পেয়ে ঘরের দরজায় উঁকি দেয় সুফিয়া, ঠিক তখনই ঘুরে ওঠে তার মাথাটাও। সে দাওয়ার ওপর হড়হড় শব্দে বমি করে ফেলে। রুক্সির মা ততক্ষণে সুফিয়ার পাশে এসে মাথায়-পিঠে হাত বোলাতে বোলাতে বলতে থাকে, ‘ষাইট...ষাইট...প্রথম প্রথম এমুন বমি হয়...’
উপস্থিত সবার মধ্যে হাসির রোল ওঠে। তারা বলে, ‘দেখছ নি রুস্তম মিয়ার কাণ্ড, বউ পোয়াতি হইচ্ছে, তাই দেহাইবার লিগা মানুষ ডাইকা জড়ো করছে...’
রুস্তম মিয়া তখন বাক্হীন, সুফিয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।