ধরি আমি কোনো দিন ধরি নাই যারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমি আর অবন্তিকা ঢাকার একটা দৈনিক পত্রিকায় কন্ট্রিবিউটিং করি।
অবন্তিকা হচ্ছে অবন্তিকার ছদ্মনাম। আমারও একটা ছদ্মনাম আছে, একই সংখ্যায় একটার বেশি লেখা থাকলে বিভাগীয় সম্পাদক নিজের ইচ্ছেমতো একটা মূল নামে ও আরেকটা লেখা ওই ছদ্মনামে প্রকাশ করেন। একাধিক লেখা আসার দিন আমি পত্রিকা কিনে দেখি, কোন লেখাটা কোন নামে ছাপা হলো।
কিন্তু অবন্তিকার কোনো মূল নাম নেই।
বিল তুলতে পত্রিকার অ্যাকাউন্ট বিভাগে গেলে ওখানেই সিগনেচার করতে থাকা অবস্থায় অবন্তিকাকে আমি অবন্তিকা হিসেবে প্রথম দেখি। আর বলি, ব্যাংক অ্যাকাউন্টও ছদ্মনামে খুলতে পেরেছেন? আর নিজের পরিচয় দিতে গিয়ে মূল নাম বলার পাশাপাশি কোন ছদ্মনামের আড়ালে আমি লিখি, তা জানিয়ে দিই।
অবন্তিকা জানায়, লেখা পড়ে ও আগে থেকেই বুঝতে পারত। কথাটি বলার মধ্যে আমার লেখার একটা নিজস্ব ধরন আছে—এমন স্বীকৃতি থাকায় আমি খানিকটা লজ্জা পাওয়া হাসি দিয়ে ব্যাপারটা মেনে নিই। আর দ্রুত অন্য প্রসঙ্গে ঢুকে পড়তে চেয়ে বলি, ‘চলুন, নিচে গিয়ে চা খাই।’
২.
অবন্তিকাও রাজি হয়ে গেল। অ্যাকাউন্ট থেকে চেকটা বুঝে নিয়ে ও ওঠার পর একই ওই একমাত্র চেয়ারটায় বসলাম আমিও।
একটু সময় চেয়ে নিলাম অবন্তিকার কাছ থেকে।
দুজনেরই কয়েক মাসের বিল জমেছে, আমি পাই সাত হাজার আর অবন্তিকা পাঁচ হাজারের কিছু বেশি।
নিচে নেমে চা খেতে গিয়ে ওই চা-দোকানের টেলিভিশনে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলতে দেখে অনেকক্ষণ ওই দোকানেই বসে থেকে স্বদেশের যাবতীয় সাফল্যে দুজনে মিলে অনেক হইহুল্লোড় করি আমরা।
কিছুক্ষণের জন্য আমাদের মনে থাকে না, কয়েক ঘণ্টা আগ পর্যন্তও আমরা কেউ কাউকে দেখিওনি কোনো দিন।
খেলার শেষের দিকে নেমে অপ্রত্যাশিতভাবে মাশরাফি আরও ৩০ রান যোগ করলে সেই আনন্দে অবন্তিকা আমাকে জড়িয়ে পর্যন্ত ধরে!

বুঝতে পারি, এ জড়িয়ে ধরা নির্দোষ। বোধ হয় আমাকে ডামি হিসেবে ব্যবহার করে মাশরাফিকেই এমনভাবে জড়িয়ে ধরা।
তবু আমার রেশ কাটে না। সত্যি বলতে, অবন্তিকা রায়ের লেখার আমি ভক্ত। আরও অনেক নারী লেখকের মতো ওর সঙ্গেও নিজেকে কল্পনা করে বেড়ানো কিছু গোপন দিন ছিল আমার।

৩.
বিপক্ষ দলের ইনিংস শুরু হওয়ার আগেই চা-দোকান থেকে বেরিয়ে আসি আমরা।
অবন্তিকা বলে, ‘ওর প্রথম প্রেমিকের জন্য ওর এখন মন পুড়ছে। কান্না পাচ্ছে।’
আমি বিব্রত হয়ে কী বলি কী বলি! অবশেষে বললাম, ‘কাঁদুন না, অসুবিধা কী?’
কিন্তু ও বলে, ও আরও আয়োজন করে কাঁদতে চায়।
‘সেটা কী রকম?’ আমি জানতে চাই।
নিজের প্ল্যানটা বলে অবন্তিকা, ‘চলুন আমরা ঢাকার খুব কাছেই, ঘোড়াশালে আমার সেই প্রথম প্রেমিকের শহরে চলে যাই। ওখানে গিয়ে ওর জন্য কাঁদব।’
বলে মুখটাকে অর্ধেক কাঁদো কাঁদো করে রাখলেও শেষ পর্যন্ত কেঁদে ওঠে না, হয়তো সবটা ঘোড়াশালে গিয়ে কাঁদতে চায় বলেই।
আমি রাজি হয়ে যাই।
এবং জানতে চাই, ‘ঘোড়াশালে এই প্রেমিকের সাথে অনেক স্মৃতি আপনার, না?’
বলল, ‘হ্যাঁ, অলক কাপালী যেদিন ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে, সেদিন ঘোড়াশালে ওর বাসায় ওর সঙ্গে বসে ম্যাচটা দেখেছিলাম। খেলা দেখে এখন ওর জন্য মন কেমন করছে!’
সুতরাং অল্প সময়ের মধ্যেই ঘোড়াশালের বাসের উদ্দেশে গুলশান ১ থেকে মহাখালী পৌঁছাই আমরা।

৪.
মহাখালী বাসস্ট্যান্ডে নেমেই অবন্তিকা জানায়, এখানে দাঁড়িয়ে একদিন ওরা বৃষ্টিতে ভিজেছিল।
আর, ঘোড়াশালে যায় এমন একটা বাস দেখে নিজেকে সামলাতে পারে না।
কেঁদে ফেলে।
আমি জিজ্ঞেস করি, ‘আপনার এই প্রেমিকের নাম কী ছিল?’
কান্না থামিয়ে, স্বাভাবিক হয়ে ও বলে, ‘জীবনানন্দ দাশ।’
উত্তর শুনে হতাশ হয়ে পড়ি আমি। প্রথমবারের মতো আমার মনে হয়, ঘোড়াশাল যাওয়ার ব্যাপারটায় হুট করে রাজি হয়ে যাওয়া ঠিক হয়নি।
কিন্তু তার প্রায় দুই ঘণ্টা পর আমরা যখন বাস থেকে ঘোড়াশালে নামি, শীতলক্ষ্যা নদীর বাতাস পেয়ে আমার মধ্যে ভয়ংকর এক পরিবর্তন ঘটে যায়।
ব্রিজের এক মাথায়, অনেকটা উঁচু জায়গা থেকে সিঁড়ি বেয়ে মূল জনপদে নেমে আসি আমরা।
পরিবর্তিত আমি তখন অবন্তিকার কাছে দাবি করে বসি, আমিই তার সেই প্রথম প্রেমিক! আমার বাসায় বসেই সে অলক কাপালীর সেঞ্চুরি করা ম্যাচ দেখেছে।
মুশকিলটা হলো, অবন্তিকাও মেনে নেয় এমন সম্ভাবনা। বলে, ‘তাই হবে।’
আমরা ঘোড়াশাল রেলব্রিজের নিচের রাস্তায় একটা মিষ্টির দোকানে ঢুকি।

৫.
এবং অবন্তিকাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, ‘মনে পড়ে, এই দোকানে বসে আমরা মিষ্টি খেতাম? তোমার পরনে ছিল...তোমার পরনে ছিল...কী?’—যেন আমি অল্পের জন্য মনে করতে পারছি না।
আর সে জন্যই, যেহেতু অবন্তিকার মনে আছে, ও বলে দেয়, ‘জিনস আর টি-শার্ট।’
তারপর আমারও মনে পড়ে, একটা নীল টি-শার্ট ছিল না সেটা?
অবন্তিকা হাসে। বলে, ‘একটা ধরে নেওয়া জীবনও কাটিয়ে দেওয়া যায় চাইলে।’
তখন আমি অবন্তিকাকে প্রস্তাব দিই, ‘আসুন, মুখে মুখে দুজন মিলে একটা কবিতা বানাই।’
বলে আমি প্রথম লাইনটা বানিয়ে দিই, ‘ধরি আমি কোনো দিন ধরি নাই যারে।’
এতে, অনেকক্ষণ ভেবে অবন্তিকা বলল, ‘চলুন আমরা নদীর পাড়ে যাই।’
ফলে, মিষ্টির অর্ডার ক্যানসেল করে বেরিয়ে পড়তে হলো।

৬.
নদীর পাড়ে একটা বন্ধ ফেরিঘাটের পাশে দাঁড়িয়ে এবার ও কবিতার দ্বিতীয় লাইনটা বানিয়ে দেয়: ‘তারে ধরে বসে আছি নদীর কিনারে।’
আমি বলি, ‘নদীর কিনারে তারে ধরে আমি বসে।’
অবন্তিকা বলে, ‘আছি এই থাকা ধরে রাখার হরষে।’
‘রাখার হরষে এই থাকা যদি তার।’—আমি বলি।
‘আকাশের নিচে গড়ে বালির আকার।’—একটু দেরি করে অবন্তিকা বানিয়ে দেয়।
আমি বললাম, ‘বালির আকার ফালি ফালি করা জলে।’
অবন্তিকা বলল, ‘যাই যেন ডুবে যাই ঘোলাটে অতলে।’
‘ঘোলাটে অতলে আমি ডুবে যেন থাকি।’—হেসে বলি।
‘ধরে যারে থাকি তারে ধরে আছি নাকি।’—সে-ও বলে হেসে।

৭.
হঠাৎ একটা সরীসৃপের ঠান্ডা চলে যাওয়ার দৃশ্যে ভয় পেয়ে অবন্তিকা আমাকে আবারও জড়িয়ে ধরলে হাস্যকর দ্রুততায় আমি বলে বসি, ‘ধরে আছি, যেন ধরে থাকি আমি যারে।’
অবন্তিকা জিজ্ঞেস করে, ‘মানে সে তো, যে তো বসে নদীর কিনারে?’
সম্মতি দিয়ে আরেকটু সামনে, যেখানে কিছু ঘাস জন্মেছে, সেখানে গিয়ে বসি অবন্তিকাসহ।
আর বলে উঠি, ‘নদীর কিনারে আমি বসে থাকি যেন!’
তাতে অবন্তিকা আমার কাঁধে মাথা রেখে বলে, ‘ধরি যাকে ধরে আছি, ধরে আছি কেন?’
... ... ...
সেদিনের সেই ধরে নেওয়া জীবন থেকে আমি বা অবন্তিকা কখনোই আর বের হতে পারিনি। একপ্রকার কৃত্রিমভাবে প্রতিস্থাপিত এই জীবনে আমরাই আমাদের প্রথম প্রেমিক ও প্রেমিকা হিসেবে আজও বেঁচে আছি।