
মানুষের চিন্তাজগতে ধর্মচিন্তা যে গুরুত্বপূর্ণ এবং উপাদেয়, নানাভাবে এ সত্য আমরা অনুধাবন করি। ধর্ম মানুষকে চিন্তায় ও কাজে, যাপন ও সংগ্রামে একধরনের সীমারেখায় সুশৃঙ্খল থাকার কথা বলে, তাতেই ঘটে মুক্তি ও মোক্ষ লাভ। পৃথিবীর কোনো ধর্মই মন্দ কোনো কথা বা কর্মযজ্ঞকে নির্দেশ করে না। কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, তিনি জীবনের একটা পর্যায়ে দারুণভাবে হতাশায় নিমজ্জিত হয়েছিলেন, কোনোভাবেই জীবনকে স্বাভাবিক করতে পারছিলেন না। অবশেষে ধর্মের কাছে সমর্পিত হয়ে তিনি সুস্থ ও সাফল্য লাভ করেন।
কিন্তু মুশকিল হচ্ছে, অনেক ক্ষেত্রেই আমরা স্বধর্মকে বড় বলে বিবেচনা করি। অন্য ধর্মকে ছোট করে ভাবার সুযোগ সন্ধান যখন কেউ করেন, গেল বাধে তখনই।
মোহাম্মদ আবদুল হাই সম্পাদিত বাঙালির ধর্মচিন্তা গ্রন্থের সুদীর্ঘ ভূমিকার (১০১ পৃষ্ঠাব্যাপী) এক জায়গায় তিনি লিখছেন, ‘মানুষের চিন্তাজগতে ধর্মচিন্তাই সবচেয়ে বেশি অপ্রকাশিত ও অনুচ্চারিত। কেননা ভিন্নমত প্রকাশের সুসংগঠিত কোনো সহনীয় পদ্ধতি আমাদের সমাজে এখনও বিকশিত হয়নি।’ তাঁর এ কথা অস্বীকারের উপায় নেই।
বাঙালি জীবনে ধর্মের আবির্ভাব, প্রচলন ও আচারানুষ্ঠানের রীতি সুদীর্ঘকালের। এখানে নানা মত ও ধর্মের মানুষের বাস। কিন্তু ধর্মচিন্তাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে ভেবে ওঠার অবকাশ ও অভিপ্রায় ব্যক্তিগত পর্যায়েই থেকে গেছে। কিন্তু বিষয়টি দরকারি, যেমন বাঙলির দর্শনচিন্তা বা বিজ্ঞানচিন্তার বিষয়টিও। মোহাম্মদ আবদুল হাই অনেক পরিশ্রম এবং গবেষণা করে এই গ্রন্থ সংকলন করেছেন, যাতে বাঙালির ধর্মচিন্তার স্বরূপ ও বৈশিষ্ট্য উপস্থাপনের পাশাপাশি এসেছে ধর্মের গোড়ার কথা। ধর্মের চিন্তাটি জগতে কীভাবে প্রথম আবিষ্কৃত হলো, বাদ যায়নি সে প্রসঙ্গও।
বিশালায়তনের এই বই ধর্মচিন্তাই শুধু নয়, ধর্মসম্পর্কিত নানা কথা, উপকথা ও বিষয়কেও ধারণ করেছে। তবে এতে উল্লেখনীয় বিষয় চারটি। চার বিষয়কে পরিষ্কার ও পরিস্ফুট করতে সংকলক মূল্যবান প্রবন্ধ ও গবেষণাধর্মী রচনার চয়ন করেছেন। প্রায় ৫০ মনীষী ধর্মের নানা দিক-মিথ-আচার ও বৈশিষ্ট্য নিয়ে তাৎপর্যবাহী আলোকপাত করেছেন। বাঙালি সমাজে আচরিত ও প্রতিপালিত প্রধান চারটি ধর্ম—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম ধর্মসম্পর্কিত চিন্তাজগৎ থেকে আহরিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বাছাই করেছেন এ বইয়ে।
প্রথম অধ্যায়ের বিষয় ‘ধর্মের উৎসসন্ধানী অভিমত’। এই অংশে রোকেয়া সাখাওয়াত হোসেন, বুলবন ওসমান, হুমায়ুন আজাদ, কলিম খান প্রমুখ ইতিহাসসূত্র-মিথ, ধারণা ও নিজস্ব চিন্তা-বিবেচনা থেকে ধর্মের উৎস ও বিকাশ নিয়ে বলেছেন।
দ্বিতীয় অধ্যায়ে আছে ‘ধর্ম: মানসলোক ও চেতনালোক’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী, স্বামী পরদেবানন্দসহ ১৮ জন মনীষার ২০টি রচনা গ্রহণ করা হয়েছে এ অংশে।
তৃতীয় অধ্যায়ে ‘যুক্তিবাদীদের দৃষ্টিতে ধর্ম’ বিষয়ে আলোকপাত করা হয়েছে। শিরোনামেই স্বচ্ছ হয়ে উঠেছে যে এখানে কী বলা হতে পারে। এই পর্বে লিখেছেন আহমদ শরীফ, আরজ আলী মাতুব্বর, শিবনারায়ণ রায় প্রমুখ। আর চতুর্থ অধ্যায়ে আছে ‘ধর্ম ও রাজনীতি প্রসঙ্গ’। এ বিষয়ে লিখেছেন আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, বিচারপতি দেবেশচন্দ্র রায়, কবীর চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমরসহ অনেকে।
ধর্মের সঙ্গে বাঙালির পরিচয় ও সম্পর্ক, চর্চা ও লালন, ধর্মের বৈশিষ্ট্য ইত্যাদিকে কেন্দ্রে রেখে সম্পাদিত এ গ্রন্থে সমুদ্রসম অনুভব ধর্মসংক্রান্ত বিবরণ সমুচ্চয়কে উপস্থাপন করা হয়েছে।
বাঙালির ধর্মচিন্তা
সংকলন ও সম্পাদনা: মোহাম্মদ আবদুল হাই
প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশক: সূচীপত্র, ফেব্রুয়ারি ২০১৪
পৃষ্ঠা: ৬৬৪
দাম: ৯৯৫ টাকা