ধাঁধার জবাব খুঁজে বের করো এই গল্পটা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের বয়স খুব বেশি না। খুব দুষ্টু প্রকৃতির সে। তার বাবাটা আবার খুব অলস। তবে দাদি বলেছেন, ঝড়ের বাবাও নাকি ছেলেবেলায় ওর মতোই দুষ্টু প্রকৃতির ছিল। তো ছোট্ট ছেলে ঝড় তার অলস বাবাকে বলল, ‘বাবা, আমি মেলায় যাব।’ বাবা বললেন, ‘এটা কোন মাস?’ ঝড় বলল, ‘তুমি দেখি বাংলা পঞ্জিকার খবরই রাখো না, বাবা! এটা বৈশাখ মাস।’ বাবা হাই তুলতে তুলতে বললেন, ‘ও, তাই নাকি! তাহলে মেলায় তো তোকে যেতেই হয়। যা, মেলায় গিয়ে এবার একটা হুলুস্থুল কাণ্ড করে ফেল। বংশের মান রাখতে হবে তো!’

ঝড় তার বাবার অনুমতি পেয়ে একদম ঝড়ের বেগেই মেলার দিকে উড়ে গেল। মেলায় হাজারো মানুষ, কোলাহল আর রং-বেরঙের জিনিস। ঝড় একটা বটগাছের ওপরে বসে দেখল, নিচে এক বাউল একতারা বাজিয়ে গান ধরেছেন। গান শুনে ওর মনটা উদাস হয়ে গেল। গাছের একপাশে আবার পান্তা-ইলিশের দোকান বসেছে। এক মা তালপাতারপাখা দিয়ে বাতাস করছেন আর পিচ্চি এক মেয়ে আরাম করে বাতাসা খাচ্ছে। ঝড়েরও ইচ্ছে হলো, বাতাসা খাবে। কিন্তু বাতাসা পাবে কোথায়? একটা দোকানে দেখল, বেশ জটলা। দোকানটার ওপরে বড় করে লেখা—হালখাতা। ব্যস, সুযোগ বুঝে সেখানে ঢুকে পড়ল ও। কেবল বাতাসাই নয়, মিষ্ট-মণ্ডা কী নেই সেখানে! গরম দেখে একটা জিলিপি মুখে পুরল ঝড়! ওরে বাবা, জিলিপিটা এতই গরম যে ঝড় বিষম খেতে শুরু করল। পানির জন্য ছোটাছুটি করতে লাগল মেলাজুড়ে! আর মানুষজন দেখল, মেলায় শুরু হয়ে গেছে তুমুল ঝড়, বৈশাখী ঝড়! ধুলো উড়ল, বটগাছের পাতা উড়ল, মানুষের দোকানও উড়ে যাওয়ার জোগাড়। ঝড় তার বংশের নাম রাখল শেষমেশ!