শিল্পের প্রসারে সংস্কৃতির বিনিময় হওয়াটা খুব জরুরি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভাস্কর্য বিভাগ একটি কর্মশালার আয়োজন করে। এতে আমন্ত্রণ জানানো হয় ভারতের বিখ্যাত ভাস্কর জনক ঝংকার নার্জারিকে। ঝংকার নার্জারি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শিল্পকলার ইতিহাসে অধ্যাপনা করছেন ৩০ বছর ধরে। পাশাপাশি পাথর, ধাতুসহ প্রায় সব মাধ্যমেই তিনি ভাস্কর্য গড়েন। সেই সঙ্গে তিনি বহু স্থাপনাধর্মী শিল্পকর্মও রচনা করেছেন। শিল্প-আদর্শের ক্ষেত্রে তিনি রামকিঙ্কর বেইজ দ্বারা বিশেষভাবে প্রভাবিত। তাঁর ভাষায় রামকিঙ্কর বেইজ বেঁচে আছেন তাঁর মধ্যে। ‘প্রকৃতি ও স্পেসের সাথে মানুষের যোগাযোগ’-এর ওপর ভিত্তি করেই তিনি ভাস্কর্য গড়েন। তাঁর ভাস্কর্যে প্রকৃতি, বিশেষ করে, পানি তার ঢেউ, গাছ, পাহাড়, মানব অবয়ব, বিভিন্ন জৈবিক উপাদান বারবার ঘুরেফিরে আসে।জনক ঝংকার নার্জারির তত্ত্বাবধানে ‘মেটাল কাস্টিং স্কাল্পচার ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালাটি ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ভাস্কর্য বিভাগের নবনির্মিত মেটাল ওয়ার্কশপ ভবনে চলে। এতে ছাত্র-শিক্ষকদের মধ্যে ১৩ জন অংশ নেন। কর্মশালার মধ্যে ১৮ ও ১৯ এপ্রিল এ দুই দিন জনক ঝংকার দুটি বক্তৃতা দেন। প্রথম দিন তিনি তাঁর নিজের শিল্পকর্ম সম্পর্কে একটি সচিত্র বক্তব্য দেন ও দ্বিতীয় দিনে রামকিঙ্কর বেইজের শিল্পকর্ম নিয়ে অপর সচিত্র আলোচনা করেন।এই কর্মশালায় মোমের স্ল্যাবের মাধ্যমে লস্ট ওয়াক্স পদ্ধতিতে ধাতু ঢালাইয়ের পদ্ধতি ব্যবহার করে কীভাবে ভাস্কর্য নির্মাণ করতে হয়, সে বিষয়ে অনুশীলন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা যাঁর যাঁর নিজস্বতা বজায় রেখে একটি করে ভাস্কর্য রচনা করেন।অংশগ্রহণকারীদের মতে, মোমের স্ল্যাব ব্যবহার করে মোমের চরিত্রকে অক্ষুণ্ন রেখে মণ্ডন করা যায়। এ প্রক্রিয়াটি ঢালাইয়ের পদ্ধতিকে সহজ করে দেয়। ফলে শিল্প সৃষ্টিতে শিল্পীর পক্ষে কায়িক শ্রমের তুলনায় মানসিক সম্পৃক্ততা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করার সুযোগ ঘটে। শিল্পীরা মনে করেন, ধাতু ঢালাই, বিশেষ করে, ব্রোঞ্জমাধ্যমে ধাতব ভাস্কর্য নির্মাণে নিকটভবিষ্যতে এ পদ্ধতির ব্যাপক বিস্তার ঘটবে।ভারতের সমকালীন ভাস্করদের মধ্যে এই মোমের স্ল্যাব তৈরি করে ভাস্কর্য নির্মাণ বেশ জনপ্রিয়। বিখ্যাত শিল্পী সোমনাথ হোর এ পদ্ধতিতে বহু ভাস্কর্য নির্মাণ করেছেন।কর্মশালা শেষ হওয়ার পর ধাতব ঢালাইয়ে তৈরি ১৩টি ভাস্কর্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ২১ ও ২২ এপ্রিল এ দুই দিন প্রদর্শনী চলে ভাস্কর্য বিভাগের তৃতীয় তলায়।