ধারণার শিকড় কিংবা শিকড়ের ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ধারণার শিকড়গুলো খুব গভীরে গ্রথিত।শিকড়গুলো বেয়ে আমি একবার নামতে শুরু করেছিলাম, সে পথ বর্ণনাতীত এবড়োখেবড়ো, আমার পা কেটে যাচ্ছিল না, শুধু পাথরের কর্কশ আঘাতে না, অনেক শুকনো মরা গোলাপ গাছ ছিল শিকড়ের দেয়াল আঁকড়ে। ওগুলোর কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছিলাম আমি।বাইরে থেকে দেখে বেশ শক্ত আর রসাল মনে হলেও, ধর্মান্ধতা আর অধর্মের বুলি শুনতে শুনতে আমি যখন আরও নিচে নামতে লাগলাম তখন দেখলাম পচা গলা তরকারির খোসার মতো শিকড় থেকে চামড়া খসে পড়ছিল। দুর্গন্ধযুক্ত পিচ্ছিল শিকড়গুলো থেকে আমার হাত পিছলে যাচ্ছিল কেননা আমি মানুষের ধারণার শিকড়গুলো ধরে নামছিলাম আর মানুষের ধারণার শিকড়গুলো খুব গভীরে গ্রথিত।একবার পড়েই যাচ্ছিলাম আকাশ থেকে, যখন শুনলাম আট বছরের মেয়েদেরও নাকি বিয়ের চিহ্ন থাকে, মানসিকতা থাকে সংসার সামলানোর। তাই হয়তো ঠিক। হয়তো অ্যানাকোন্ডাদের খিদা সুমিদের আত্মাহূতিতে কমবে না। কেউ বুঝবে না মেয়েদের বিয়ের চিহ্ন তাদের বর্ধিষ্ণু শারীরিক গঠন নয়, তাদের অসহায়ত্ব নয়।আমার যাওয়ার পথটা আরও বন্ধুর হতে লাগল। ক্রমশ সংকীর্ণ হয়ে যাওয়া পথটায় নিঃশ্বাস নেওয়া আমার জন্য কঠিন হয়ে উঠছিল। চারদিকে মানুষের চিতা পোড়ানো গন্ধ আর হাহাকারে আমার দম আটকে আসছিল। আমার হূৎপিণ্ড কিছুক্ষণের জন্য তীক্ষ্ন ব্যথা আমার সারা শরীরে ছড়িয়ে দিয়ে জানান দিল আমি বেঁচে আছি, যখন গুলশানের সিগন্যালে দাঁড়ানো ভিক্ষারত কিশোরী মেয়ের মুখে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলেদের শেখানো ইংরেজি এফ ওয়ার্ডের অশ্লীল গালিগুলো আমার কানে ছোড়া থুতুর মতো এসে লাগল।তারপরও নিজেকে শান্ত রেখে নেমে যাচ্ছি শিকড় বেয়ে। ক্লান্ত লাগে মাঝে মাঝে, রাগে দুঃখে চিৎকার করে সর্ব শক্তি দিয়ে শিকড়গুলো উপড়ে ফেলতে ইচ্ছা করে। পারি না গোঙাতে গোঙাতে লাটিমের মতো শেষে একটা বিন্দুতে স্থির হই। শিকড়গুলো উপড়ানো নয় এর উৎসটা বের করাই তো আমার লক্ষ্য। তাই আরও অনেক নিচে নামতে থাকি রুগ্ণ শিকড়গুলো ধরে। শিকড়গুলোর ভেতর ধিক ধিক করে অন্ধত্ব, হিংসা, ঘৃণা আর লোভের লাভা জ্বলছে। আর নিচে নামতে পারছি না। এই যে লাভার বীভৎস নদীটা। ওখান থেকেই এই হিংস্রতা আর স্বার্থপরতার লাভাগুলো টেনে নিচ্ছে শিকড়গুলো আর পৌঁছে দিচ্ছে মানুষের হূদয়ে। চারদিকে বিষবাষ্প। আমি জ্ঞান হারালাম।শিশুটি মিষ্টি করে হাসছে। ওর ধারণার শিকড়গুলো মেঘের তালে ভাসছে। আমি করুণ, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি শিশুটির দিকে। ওকে বাঁচানোর কোনো উপায় কি নেই এই সুন্দর পৃথিবীতে?