খ্যাপাটে, আত্মমগ্ন ও আপাদমস্তক শিল্পের প্রতিভূ শহিদ কবীর। দেয়ালজুড়ে নানা প্রতিকৃতি, ইতস্তত ছড়িয়ে থাকা বিভিন্ন আকৃতির ক্যানভাস, লে-আউট, ঘরময় ছোপ ছোপ রং, রংয়ের টিউব, কৌটা, নানা ধরনের হাতল লাগানো ব্রাশ, ছোট-বড় তুলি, স্প্যাচুলা, পিগমেন্ট, কাগজ, চারকোল, জল, মাটি, খড়, ভুসি, পাথরগুঁড়া এমনই নানা উপকরণের সমাহারে এই শিল্পীর স্টুডিও নিজেই একটি অসমাপ্ত শিল্পকর্মের মতো।সত্তরের দশকের শিল্পী শহিদ কবীরের নিমগ্ন ধ্যান তাঁর ক্যানভাসে; দূরের নিসর্গ, একটি সেতু, নদীর পাড়, ধূসর আকাশ। জনহীন প্রান্তর, হয়তো দূরে কোনো নৌকা, উজান-ভাটির খেলায় মায়াবী জলের বিষণ্ন সুর হূদয় ছুঁয়ে যায়। শিল্পীর স্টুডিওতে ছড়িয়ে থাকা ক্যাডমিয়াম ইয়েলো, বার্ন্টসিয়েনা, স্কারলেট রেড, ইয়েলো অকার, হঠাৎ ক্রিমসন লেক বা কোবাল্ট ব্লুর সঙ্গে প্রেম আর একাত্মতা ঘটবে জল, মাটি, ঘাসের সঙ্গে। শিল্পীর ভাষায়, ‘নিজেকে খুঁজতে হবে অন্যের মাঝেই।’ একজন শিল্পীর চারপাশ দেখার দৃষ্টি ভিন্নতর হয়। নিসর্গ, মানুষ, ঘাস, শুকনো পাতা, মাটি, জল, খড়—এসবের রয়েছে ভিন্ন রং, ভিন্ন গন্ধ। চারপাশের প্রকৃতিকে অনুভব করতে অবশ্যই সংবেদনশীল হতে হয়। তিনি মনে করেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে নতুনভাবে উপস্থাপন করে স্বকীয়তা বিনির্মাণ সম্ভব। তিনি বিভিন্ন রংয়ের মাটি, কাঠের গুঁড়া, খড় ইত্যাদি দেশীয় উপাদানকে কাজে লাগান তাঁর চিত্রকর্মে। স্পেনের অভিজ্ঞতা থেকে তিনি আরও বেশি মাটি ও মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন। খেটে খাওয়া মানুষ, নিত্যদিনের ব্যবহার্য উপকরণ, উপেক্ষিত গৃহস্থালিসামগ্রী তাঁর চিত্রকর্মে উঠে আসে।শহিদ কবীরের প্রধান প্রবণতা তাঁর অপ্রতিরোধ্য তারুণ্য। তরুণদের সঙ্গেই তাঁর সখ্য—চিন্তা ও কাজে। তরুণদের নিয়ে তিনি আশাবাদী। তিনি মনে করেন, তরুণ শিল্পীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে বিশ্বের নানা জাতি-সংস্কৃতির উৎকৃষ্ট উপাদানের পাশাপাশি দেশীয় রসদের সমন্বয় ঘটানো উচিত। স্পেনের বিখ্যাত শিল্পী পিকাসো তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেন। পিকাসোর অসংখ্য কাজ, উদ্ধত তারুণ্য আর নিরীক্ষাপ্রবণ মনোবৃত্তি এই শিল্পীর নিয়মিত অনুধ্যানের বিষয়। সব শিল্পীরই পছন্দ বা অনুপ্রাণিত হওয়ার কিছু বিশেষ জায়গা থাকে। চোখের কালো পানি আর পিত্তের তিক্ত বিষ না মেশালে ছবির সৌন্দর্যই শুধু বাড়বে, প্রকৃত ছবি হয়ে উঠবে কি না তা বলা মুশকিল। শহিদ কবীর প্রতিদিনের জীবন থেকে ছবির বিষয় খুঁজে নেন। সাধারণ, খেটে-খাওয়া মানুষের জীবনযাপন, জীবনবোধ, অন্তর্দহন তাঁকে তাড়িয়ে বেড়ায়। প্রকৃতি, নদী, নদীপাড়ের মানুষ, ঐতিহ্য, শেকড়ের টান, মাটির বুনো ঘ্রাণ তাঁর কাজকে অনন্য করে তোলে। স্পেনপ্রবাসী শিল্পী শহিদ কবীরের ধ্যান-জ্ঞান-সাধনা তথা সবই শিল্পকেন্দ্রিক। তিনি পারিবারিক এবং সামাজিক নিয়মকানুন, রীতিনীতি, সংস্কারকে তুচ্ছ করেছেন বহু আগেই। সাহসী, প্রথাবিরোধী, নির্লিপ্ত অথচ সপ্রতিভ শিল্পী শহিদ কবীর। তিনি ‘শিল্পী’ এবং ‘শিল্প’কে আলাদাভাবে সংজ্ঞায়িত করেননি। মনুষ্যত্ব, অনুভূতি, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তার সমন্বয়ে তিনি সৃজনশীল হয়ে ওঠেন। রং, তুলি, ক্যানভাস তাঁর কাজের সহায়ক মাত্র। ছবি আঁকা তাঁর কাছে জীবনের অবিচ্ছেদ্য অংশের মতোই। ছবি আঁকা একজন শিল্পীর রক্তে-মাংসে জড়ানো; শিল্পী থেকে শিল্পকর্মকে আলাদা করা যায় না। ছবিতে শিল্পীর চরিত্র, নিজস্বতা প্রকাশ পায়; তাই নিজের প্রতি বিশ্বস্ততা প্রয়োজন, ‘ছবি নিজের জন্য আঁকলেই অন্যের কাছে ভালো লাগবে।’ষাট পেরিয়েছে শহিদ কবীরের। প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা কাজ করেন, যেদিন এই সময়টুকুও দিতে না পারেন সেদিন আনুষঙ্গিক অন্যান্য কাজ, পেইন্টিং পরিষ্কার করা, ব্রাশ ধোয়ামোছা ইত্যাদি করে আত্মগ্লানি থেকে মুক্তি খোঁজেন। তিনি বলেন, এদেশের যাঁরা সত্যিকার অর্থেই নিয়মিত শিল্পী তাঁরা প্রায় সবাই বিদেশে থাকেন, জীবনের কঠিন বাস্তবতাকে প্রবাসী শিল্পীরা বেশি উপলব্ধি করতে পারেন। কাজ নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী? তাঁর ভাষায়, ‘শিল্প নিয়ে আমি কোনো পরিকল্পনা করি না, ওরা আমাকে নিয়ে করে।’ তবে তাঁর ভাস্কর্য করার ইচ্ছে রয়েছে।এই শিল্পী ক্যানভাসকে জমি ভেবে তা কর্ষণ করেন, জল-কাদা-মাটি একাকার করে বীজ বপন করেন, চারা জন্মান, ফসল ফলান কৃষকের মতো। তার প্রতিটি কাজ যেন জন্ম নেয়, তৈরি হয় না; ক্ষণস্থায়ী এই জীবনে কাজ করার সময় নেই বললেই চলে। তিনি বলেন, যদি তিনবার জন্মাতেন তবে প্রথমবার সব শিখে, দ্বিতীয় জীবনে ভুল আর ব্যর্থতাকে শুধরে তৃতীয় জীবনে হয়তো কিছু কাজ করতে পারতেন।