১৯৭১ সালে ২১ বছরের এক উচ্ছল টগবগে তরুণ; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে বদলে গিয়েছিলেন নিজের অজান্তেই। দেশমাতৃকার জন্য লড়াইয়ে সাহস আর ভালোবাসার তীব্রতায় কখন যে নতুন স্বপ্ন ছড়িয়ে গিয়েছিল আপন অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে তা জানা হয়নি। জীবনের গতিময় কর্মচাঞ্চল্যকে এঁকে চলেছেন রেখা আর রঙে। অভিজ্ঞতার শৈল্পিক দ্যোতনা প্রতিটি চিত্রপটে; বর্ণিল ভঙ্গিমায় ছুটে চলে অকুতোভয় সৈনিকের প্রবল প্রাণশক্তির উৎক্ষিপ্ত অবয়ব। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ; আমাদের মুক্তিযুদ্ধের শাণিত চেতনার অভিব্যক্তিময় প্রকাশ।প্যারিসের রঙিন আলোর ঝলকানি আর চাকচিক্যের ভিড়ে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে ভুলে যাননি শিল্পী শাহাবুদ্দিন। ‘সেই সময়টা কেমন ছিল তা কোনোভাবেই তোমরা অনুভব করতে পারবে না, উত্তাল-অস্থির সময়কে বাঙালি নিয়ন্ত্রণ করেছে চরম সাহসিকতার সঙ্গে, আমাদের মনোবল ছাড়া আর কিছুই ছিল না, প্রয়োজনের সময় ঠিকই ঘুরে দাঁড়াতে জানে বাঙালি। তবে এখন দেশ গড়ার দায়িত্ব তোমাদের, নতুন প্রজন্মের।’ এভাবেই বলছিলেন শিল্পী শাহাবুদ্দিন। বুদ্ধিদীপ্ত, অভিব্যক্তিময়, শিশুসুলভ সরলতা ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এই ৬০ বছর বয়সেও একই ক্ষিপ্র-গতিময় বলিষ্ঠতা তাঁর চালচলন এবং শিল্পকর্মে। কলাবাগান প্রথম লেনে পুরোনো মোড়কে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাঁচতলা বাড়ি। ওপরের তলায় শিল্পী শাহাবুদ্দিনের স্টুডিও। দরজা পেরিয়ে বিশাল উন্মুক্ত পরিসর। শিল্পীর স্টুডিওতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জন্য বিশালাকৃতির জানালা এবং ইজেল-ক্যানভাস-ম্যাটেরিয়াল রাখার সুবিধা-সংবলিত ডিজাইনের ডুপ্লেক্স। স্টুডিওর একপাশে খোলা ছাদ, সাজানো বাগানের সতেজ সজীবতা; দু দণ্ড সবুজের সঙ্গে সময় কাটানোর মতো পরিবেশ। এক ধারে পুরোনো সিন্দুক, বসার জায়গা, এলোমেলো কিছু ম্যাগাজিন, ক্যাটালগ, সংবাদপত্র আর রয়েছে সারিবদ্ধ নানা আকৃতির পর্যাপ্ত ক্যানভাস; ইজেলে শিল্পীর প্রতীক্ষায় থাকা অসমাপ্ত পেইন্টিং। রঙের প্যালেটে উজ্জ্বল বর্ণের সব রং—কখনো ইন্ডিয়ান রেড, ভার্মিলিয়ন বা ক্রিমসন লেক, কোবাল্ট আর প্রুশিয়ান ব্লু, টিটেনিয়াম হোয়াইট, লেমন ইয়েলোর সমন্বয়ে তৈরি হওয়া বিমূর্ত চিত্রকলার মতো; অথচ এই রং ব্যবহার করে তিনি চিত্রপটকে রূপান্তরিত করেন বাস্তববাদী অবয়বে। ব্রাশ-তুলি আর ছবি আঁকার নানা সরঞ্জামে পরিপূর্ণ শিল্পীর স্টুডিওতে প্রবেশ করলে এক ভিন্ন জগতের দেখা মেলে! কথা বলার মধ্যেই হঠাৎ খেয়ালি এই শিল্পী অসমাপ্ত ক্যানভাসে রং লাগাতে উঠে গেলেন। ইজেলে অপেক্ষমাণ ক্যানভাসের বিষয়বস্তু আকস্মিকভাবেই ফিরে পেল প্রাণস্পন্দন। ক্ষিপ্র তুলির টানে মুহূর্তেই নেচে উঠল রং-রক্তের রহস্যসংগীত; এমনিভাবে শিল্পী শাহাবুদ্দিন তাঁর পারঙ্গম তুলির অদ্ভুত দৃঢ়তায়, বিশ্বাসের দৃঢ়তায় এবং স্বদেশের প্রতি গভীর মমতায় সৃষ্টি করে চলেছেন বাঙালির আত্মশক্তির স্পন্দনগাথা। শাহাবুদ্দিন বলেন, একজন শিল্পীর নিজস্বতা থাকতে হয়, শিল্পীর আলাদা আইডেন্টিটি তাঁকে রিচার্জ করে। মুক্তিযুদ্ধের বিজয় তাঁকে প্রেরণা জোগায় প্রতিমুহূর্তে। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রকৃত শিল্পীর তিনটি গুণ থাকতেই হবে—সততা, একাগ্রতা এবং সাধনা। এর বাইরে শিল্প সম্ভব নয়।’ শিল্পী শাহাবুদ্দিন তাঁর শিল্পকর্মের মাধ্যমে আমাদের সামনে স্থাপন করেছেন এমনই উদাহরণ—সততা, একাগ্রতা এবং সাধনাই শিল্পীর জীবন।শিল্পী শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন ১৯৫০ সালে নরসিংদীতে। তিনি ১৯৬৮ সালে তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) ভর্তি হন এবং ১৯৭৩ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে ফরাসি সরকারের বৃত্তি লাভ করেন এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দেশ-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ এবং পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশ সরকার তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে।