ধ্রুপদি শিল্পের প্রতিলিপি
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে ‘পেইন্টিং অব দ্য পাস্ট’-শিরোনামে প্রদর্শনী। শুরুতেই চমকে যেতে হয়। লেওনার্দো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’, এরপর পিকাসো, ভ্যান গগ থেকে সালভাদর দালির ছবিগুলো চারদিকে সাজানো। যে ছবিগুলোর কথা এত দিন আমরা বইতে পড়েছি, ইন্টারনেটে দেখেছি, আজ চোখের সামনে তা গ্যালারিতে সাজানো।বিশ্বখ্যাত গ্যালারিতে গিয়ে আসল ছবিগুলো দেখার সুযোগ আমাদের সবার হয় না। আর বর্তমানে যান্ত্রিক পুনরুৎপাদনের যুগে হাতে করা চিত্রের প্রতিলিপির প্রচলন প্রায় নেই বললেই চলে।এ রকম প্রতিলিপির প্রদর্শনী আমাদের দেশে খুবই নতুন ব্যাপার। এর আয়োজন করেছে আর্ট ক্যাফে। পিকাসোর ‘গুয়ের্নিকা’ ছবিটি বাদে বাকি ছবিগুলো আসল মাপে করা হয়েছে। তাই কল্পনার ছবিটি বাস্তবে কেমন হবে, তার একটি ধারণা পাওয়া যায় এখানে।রেঁনেসা, ইম্প্রোশনিজম, এক্সপ্রেসনিজম, কিউবিজম এবং সুররিয়ালিজমের ছবিগুলো পরপর ধারাবাহিকভাবে সাজানো। মাঝেমধ্যে শিল্পী ও শিল্প আন্দোলনের পরিচিতি ফেস্টুনে স্বল্প পরিসরে গুছিয়ে লেখা, যা একজন আনকোরা দর্শককেও এই ছবিগুলোর গুরুত্ব বুঝতে সাহায্য করবে।প্রদর্শনীতে যেসব শিল্পীর ছবি রয়েছে, তাঁরা হলেন দ্য ভিঞ্চি, পিকাসো, ভ্যান গগ, গগিন, সেজান, রেঁনোয়া, মনে, পিসারো, দেগা, সিসলে, পল ক্লি ও মাতিস। প্রতিলিপিকারদের নাম কোথাও নেই। প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।