আমি ব্যক্তিগতভাবে কোনো গুণীজনের জীবিত অবস্থায় তাঁর জন্মদিন পালনকে তেমন গুরুত্ব দিই না। সেটি আমার কাছে মনে হয় অনেকটা আনুষ্ঠানিকতা, না করলেই নয়। কিন্তু কারও মৃত্যুর পর যদি সেই স্মরণীয়-বরণীয় ব্যক্তির স্মৃতি রক্ষার্থে কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমি মনে করি, তিনি এখনো মানুষের মনে জীবিত আছেন, মুছে যাননি। এবং সেই স্মরণটি যদি দীর্ঘকাল ধরে চলতে থাকে, তাহলে একজন সৃষ্টিশীল মানুষের যে আকাঙ্ক্ষা মৃত্যুঞ্জয় হওয়া, তা তখন যথার্থ অর্থে প্রতিষ্ঠা লাভ করে।আমিনুল ইসলাম বাংলাদেশের শিল্প আন্দোলনের অগ্রদূত। বাংলাদেশের শিল্প আন্দোলনের বীজ রোপণ করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সেই বীজকে মহীরুহতে রূপান্তর করার জন্য যাঁদের অপরিসীম অবদান, নিঃসন্দেহে আমিনুল অন্যতম। যিনি তাঁর চিত্রকলায় বৃত্তাবদ্ধ হয়ে যাননি বলেই তাঁর জনপ্রিয়তা তেমন ছিল না। যেমন অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। তা সত্ত্বেও তাঁর শিল্পমন ও চিন্তাভাবনা এগুলো যদি আমরা পাঠ করি তাহলে দেখা যাবে, এ ক্ষেত্রে তিনি সুচিন্তিত মতামত ও বিশ্বাস থেকে শিল্পকর্ম রচনা করেছেন।আমিনুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গত ৮ জুলাই। এ দিন আমি তাঁর গুলশানের বাসভবনে গিয়েছিলাম তাঁর স্ত্র্রী রুবী ইসলামের প্রতি আমার সমবেদনা জানানোর জন্য। যা আমি গত এক বছরে করিনি। এমনকি আমিনুল ইসলাম যখন অসুস্থ ছিলেন, তখনো আমি তাঁর রোগশয্যায় শারীরিক কুশলতা কিংবা বন্ধুত্বের সৌজন্যবোধ প্রকাশ করার কোনো প্রয়োজন অনুভব করিনি। এমনকি তাঁর তিরোধানের পর শেষকৃত্য অনুষ্ঠানেও যাইনি, তাঁর স্ত্রীকে টেলিফোনে সমবেদনা প্রকাশ করিনি। কেননা, আমিনুল ইসলাম বেঁচে নেই এটি আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার সব সময় মনে হতো আমিনুল ইসলাম বেঁচে আছেন, হয়তো অসুস্থতার জন্য বিদেশের কোনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একেবারে পৃথিবী ছেড়ে চলে যাবেন এই নিমকসত্য কথাটা মেনে নিতে পারছিলাম না।এক বছর পূর্তিতে সন্ধ্যার আগে তাঁর বাসায় গেলাম। যথারীতি তাঁর স্ত্রী রুবী আমাকে সাদর অভ্যর্থনা জানালেন। যেমন আগে জানাতেন। এবং যথারীতি যে সুরে ঠান্ডা না গরম কী-জাতীয় নাশতা পরিবেশন করবেন জানতে চাইলেন। আমি তাঁর সম্মুখে একটু বিব্রতবোধ করছিলাম, এক বছর কোনো খোঁজখবর না নেওয়ার জন্য। আমার বসার মধ্যে একধরনের আড়ষ্টতা ছিল। তারপর সেই জমাটবাঁধা নিস্তব্ধতা আস্তে আস্তে দূর হলো, যখন রুবী আমিনুলের শেষ দিনগুলোর কথা বলছিলেন। আমি মাথা নিচু করে বসেছিলাম। রুবী জানালেন, মৃত্যুর কদিন আগে হুইলচেয়ারে করে তাঁকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সারা আকাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে একজন উদ্ভ্রান্ত মানুষের মতো দেখছিলেন। হয়তো তাঁর মনে হয়েছে এটাই শেষ দেখা। কে জানে! সেদিন মন ভরে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছিলেন তিনি। এই যে জীবনপিয়াসী বৈশিষ্ট্য, তাঁর ছবিতে অন্বেষিত এই মনের প্রতিফলন দেখতে পাই।আমিনুল ইসলামের সঙ্গে আমার পরিচয় রাজনৈতিক কারণে। দুজনেই বামপন্থার আদর্শে দীক্ষিত ছিলাম। ফলে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হয়ে উঠেছিল। আমার আর্ট স্কুলে ভর্তি হওয়া প্রসঙ্গে আমিনুল ইসলাম চট্টগ্রাম থেকে প্রকাশিত বলাকার ডিসেম্বর ২০০১-এ তিনি লিখেছেন : ‘...মুর্তজা বশীরের বড় ভাই তকীউল্লাহ রাজনৈতিক কারণে আন্ডারগ্রাউন্ডে ছিলেন। তাঁরা মাঝে মাঝে আমার বাসায় শেল্টার নিতে আসতেন। ...তকী ভাই একদিন বললেন, আমার ছোট ভাই ম্যাট্রিক পাস করেছে ও বগুড়াতে থাকতেই আমাদের হয়ে পোস্টার লিখে দিত। আমি চাই ও আর্ট কলেজে ভর্তি হোক, ... তুমি যদি ওকে কিছু শিখিয়ে দাও, যেমন মুষ্টিবদ্ধ হাত, শ্রমিক-কৃষক-জনতার মুক্তি চাই এ ধরনের পোস্টার আমাদের দরকার। তুমি তো করছ, এও তোমার সঙ্গে কাজ করবে। আমি বললাম, ভাল কথা।’আমার তো শিল্পী হওয়ার কোনো বাসনাই ছিল না। ঢাকায় থাকার ইচ্ছে ছিল রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। আর্ট স্কুলে ভর্তি করার জন্য আমার সবচেয়ে বড় ভাই সফীয়ূল্লাহ একটি সুপারিশপত্র দেন জয়নুল আবেদিনকে। তাঁরা কলকাতায় থাকাকালীন থেকেই বন্ধু। ১৯৪৯ সালে দ্বিতীয় ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হলাম ঠিকই কিন্তু ছবি আঁকার প্রতি তেমন উৎসাহ আমার ছিল না। সহপাঠীরা ক্লাসে যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করত সে রকম অনুরাগ আমার ছিল না। দিনে কিংবা রাতে খবরের কাগজে কাঠির ডগায় তুলো পেঁচিয়ে লাল-নীল-সবুজ জেবি বড়ির কালি পানিতে গুলিয়ে ছাত্র ফেডারেশন বা কমিউনিস্ট পার্টির পোস্টার লেখাতেই বা সাইক্লোস্টাইলের জন্য সূক্ষ্ম নিব দিয়ে স্টেনসিল ফাটকে আগ্রহ ছিল বেশি। এতেই ছিল আনন্দ। অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে স্ট্রিট কর্নার মিটিং বা ঝটিকা মিছিলে নিজেকে রেখেছি ব্যস্ত।১৯৫০ সালের ৭ জুন গ্রেপ্তার হলাম। বিটি রণদিভ তখন ভারতীয় কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। ভারতের মাদ্রাজের তেলেঙ্গানা, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও বাংলাদেশের ময়মনসিংহের হাজং অঞ্চলে মেহনতি মানুষের সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে। এই প্রচার কার্য করার সময় আমি গ্রেপ্তার হই। বিচারাধীন বন্দী হিসেবে জেলে থাকার পর ১৬ অক্টোবর জামিনে ছাড়া পাই। দ্বিতীয় বর্ষের ক্লাস করতে এলাম। পারসপেক্টিভ শেখার জন্য যে কাঠের ত্রিভুজ, চতুর্ভুজ ছিল তা। কালো বা সেপিয়ে রং দিয়ে জলরঙে ওয়াশ পদ্ধতিতে সবাই কাজ করছিল। আমি পারছিলাম না। কাগজে লাগানো জলরং গড়িয়ে আমার পরনের পরিধেয় রাঙিয়ে দিচ্ছিল। আমি আবেদীন স্যারের ঘরে ঢুকলাম। বললাম আমার দ্বারা ছবি আঁকা হবে না, আমি আর পড়ব না। তিনি সিগারেট খাচ্ছিলেন, শুনে টেবিলে হাত রাখলেন। স্থিরভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। তারপর বললেন, হবে, হবে। পিয়নকে আমিনুল ইসলামকে ডেকে আনতে বললেন। আমিনুল শান্তশিষ্ট, কথা কম বলেন, তা ছাড়া বিদ্যাপীঠের সবচেয়ে তুখোড় ছাত্র, আবেদিন স্যারের প্রিয়পাত্র।আমিনুল এলে আমাকে দেখিয়ে বললেন, ‘একে চেনো?’ আমিনুল মাথা নেড়ে সম্মতি জানালেন। স্যার বললেন, ‘বশীরকে তোমার সঙ্গে নিয়ে আউটডোরে যাবে।’আমিনুলের সান্নিধ্যে ছবি আঁকা শিখব—এ ছিল কল্পনাতীত।আস্তে আস্তে আমিনুল চেষ্টা করতে লাগলেন, ছবি আঁকার যে আনন্দ, সেটা যেন আমি বুঝতে পারি। আমাকে নিয়ে মাঝেমধ্যে স্কেচ করতে যেতেন আর রাজনৈতিক আলাপ-আলোচনাও করতেন। কীভাবে ছবি আঁকা হবে, কেন আঁকা হবে—এসব প্রশ্ন নিয়ে আলাপ হতো। আমিনুল ওর বাসাতেও মাঝেমধ্যে আমাকে নিয়ে গিয়ে অয়েল পেইন্টিং করা শেখাত। ভ্যান গঘের বই, পিকাসোর বই ও মাতিসের বই দিয়ে আমিনুল বলত, এঁদের কাজ দেখ। ওঁর কাছে ভ্যান গঘের কাজ দেখে আমি খুবই উৎসাহ বোধ করতাম। এভাবে আমাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা। তারপর পারিবারিকভাবেও আমরা একে অপরের কাছাকাছি ছিলাম, বাসায়ও অবাধ যাতায়াত ছিল। যা আমৃত্যু অটুট ছিল। আমিনুল আমার কাজ দেখে বলতেন, ‘তুমি কি সাইনবোর্ড করছ? তুমি করছ পেইন্টিং।’ তাঁর সংগ্রহে থাকা বিখ্যাত শিল্পীদের ছবির বই নিয়ে রঙের বিন্যাস ও তুলি চালানোর আঁচড়গুলো দেখাতেন। আর এভাবেই আমার অজান্তে আমার শিক্ষক হয়ে উঠলেন। তাই যখন আমিনুলের সঙ্গে বন্ধুত্ব প্রগাঢ় হয়েছে, তিনি আমাকে বহুবার ‘তুমি’ সম্বোধন করার জন্য তাগিদ দিলেও আমি পারিনি। সংকোচ আমাকে জড়িয়ে ধরেছে।১৯৫৩ সালে আমিনুল ইতালি সরকারের বৃত্তি নিয়ে ইতালি চলে যান। আমিও ঠিক করলাম বিদেশে পড়ব। আমার বাবা ১৯২৬-১৯২৮ সালে প্যারিসে সোবর্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করেছেন। তাই আমাকে ১৯৫৬ সালে প্যারিসে পড়ানোর জন্য আগ্রহী ছিলেন। কিন্তু আমি চেয়েছিলাম আমিনুলের সান্নিধ্য, তাই ইতালি যাওয়াই ঠিক করলাম। কারণ, আমিনুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু এবং ফ্লোরেন্স হচ্ছে রেনেসাঁ শিল্পীদের পীঠস্থান। আমিনুল ফ্লোরেন্সের অ্যাকাডেমিয়া ডেল্লা বেলে আর্টিতে ভর্তির প্রভিশনাল সার্টিফিকেট পাঠিয়ে দিলেন। আমি আমিনুলের সান্নিধ্যে যাব এ জন্য মনে এক ধরনের উত্তেজনা। কিন্তু তা স্থায়ী হলো না। আমি ওখানে যাওয়ার আগে আমিনুল দেশে ফিরে এলেন। এ সম্পর্কিত লেখায় আমিনুল লিখেছেন: ‘... বশীরও কলম্বো হয়ে ইতালির উদ্দেশে রওনা হয়ে গেল। আমি আমার ফ্লোরেন্সের বন্ধুদের কাছে চিঠি দিলাম, ওকে সহযোগিতা দিতে। শ্রীবাস্তবকে জানালাম, সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আমার জন্য যেন জাহাজের টিকিট বুক করে রাখে...বশীরকে বুঝিয়ে সব বলে দিলাম। আমি তখন দোদুল্যমানতায় ভুগছি—যাবো, না ইনস্টিটিউটে শিক্ষকতা করবো।’২০০২ সালে আমিনুলের একমাত্র ছেলের মৃত্যুর পর পার্থিব জীবন থেকে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন। ছবি তেমন আঁকতেন না। তাঁর অনেক অর্থ ও ড্রয়িং চিকিৎসাসেবার জন্য দান করে গেছেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে আমিনুলের বাসায় গিয়ে অবাক হয়ে গেলাম। আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। এমনকি আমিনুল যে ফাউন্ডেশনে কিছু অর্থ দিয়েছিলেন, যা থেকে কিছু নবীন শিক্ষার্থী সহায়তা পেত, তারাও অসুস্থ অবস্থা থেকে আজ অবধি কোনো খোঁজখবর নিতে আসেনি।আমার ছোট্ট এই স্মৃতিচারণা প্রথম আলোয় আমিনুলের মৃত্যুস্মরণে প্রকাশিত লেখায় খুবই যুক্তিসংগত। তবে আমার কাছে অবাক লাগছে, বেঙ্গল ফাউন্ডেশন তাঁর জন্মবার্ষিকী (১৯৩১ সালের ৭ নভেম্বর আমিনুল ইসলাম জন্মগ্রহণ করেন) পালন করছে। কিন্তু প্রথম মৃত্যুবার্ষিকী পালন কেন ভুলে গেল, তা বুঝতে পারলাম না। তবে যদি প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে রচিত গ্রন্থ উন্মোচিত হতো, তাহলে শিল্পীকে যথার্থ সম্মান জানানো হতো।আমিনুল প্রায়ই বলতেন, আর্ট ইজ দ্য জেলাস মিসট্রেস। তুমি যদি একটু অবহেলা করো, সে তোমাকে আর ধরা দেবে না। তিনি আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন শিল্পকলার রস আস্বাদনের ভান্ডারে, যেখানে তাঁর উৎসাহ ও সাহচর্যে তাঁরই মতো বৃত্তাবদ্ধ না হয়ে নবধারার সৃষ্টিকর্ম করার অন্বেষায় সাহস পেয়েছি। আমার সত্যিকারের শিক্ষক আমিনুল ইসলাম, বস্তুত আমিনুল, শিল্পকলার মায়াবী চড়াই-উতরাইয়ের পথে ধ্রুবতারার মতো দিকনির্দেশক—বাংলাদেশের আধুনিক শিল্পকলার ভুবনে চিরন্তনী নক্ষত্র হয়ে রইলেন।