ধ্রুবপদ প্রেম
‘প্রেমই বইটির ধ্রুবপদ। তার সঙ্গে নানা প্রসঙ্গ-অনুষঙ্গ যুক্ত হয়েছে। জীবনেও কি তাই দেখি না আমরা? প্রেম তো আর জীবন-বিচ্ছিন্ন কোনো কিছু নয়। এক উন্মাতাল ভালোবাসার জলোচ্ছ্বাসে ভেসে গেছেন কবি ও গদ্যশিল্পী আবদুল মান্নান সৈয়দ। তাই তাঁকে দিয়ে এমন সব কবিতা ও গদ্য রচনা লিখিয়ে নিয়েছে, যা একেবারে নতুন। অচিন্তনীয় গদ্য। অভাবনীয় কবিতা। মাতাল কবিতা পাগল গদ্য মান্নান সৈয়দের নতুন কবিতা ও গদ্যের এক মিশ্র সংকলন। বাংলা সাহিত্যে অভিনব।’... প্রচ্ছদের এই বিজ্ঞাপন পড়ে অতি আশাবাদী হয়ে ওঠাটা স্বাভাবিক, কিন্তু বইয়ের গভীরে প্রবেশ করে পাঠক খানিকটা নিরাশ হতে পারেন। বইয়ের শুরুর কথা যদি সত্যি ধরি তাহলে অসাধারণ কবিতার জন্য মন তৈরি হতে থাকবে কিন্তু বাস্তবতা হল বাংলা সাহিত্যের অন্যতম এই শক্তিমান কবির এই কবিতা গ্রন্থটি তাঁর অন্য বই থেকে খুব আলাদা কিছু নয়। কবিতা, গল্প, গদ্য, স্মৃতি, চিঠিপত্র ইত্যাদির সমন্বয়ে আবদুল মান্নান সৈয়দের এ বই নানাধর্মী রচনার সংকলন হিসেবে অনন্য বলা যেতে পারে। বইটির মুখবন্ধে লেখক বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম লেখকও ব্যর্থতম লেখক। লিখি নিজেকে ভুলিয়ে রাখার জন্য। বন্ধুবান্ধব নেই যে সময় কাটাব। কী করি। লিখি তাই। কেউ বাড়ি বানায়, কেউ স্বাস্থ্যচর্চা করে, কেউ ক্রিকেট খেলে, আমি বই লিখি। শীতকালটা আমার সবচেয়ে প্রিয় ঋতু। বসে আছি বাড়িতে। কী আর করব। এই খেলনাটি বানালাম। খেলনাটির ডাকনাম: মাতাল গদ্য পাগল কবিতা।’ বইটি লেখার কারণ হিসেবে লেখকের এই স্বীকারোক্তিটা চমৎকার। সব নয় কিছু দারুণ কৌতূহলী গদ্য আছে, আছে আবেগের বাষ্পেভরা দারুণ কিছু পদ্যও। বইটিতে স্মৃতিচারণা ও চিঠিপত্রভিত্তিক যে অংশ সংযোজিত হয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব আছে। লেখকের সঙ্গে তাঁর সমসাময়িক লেখক ও শুভাকাঙ্ক্ষীদের সম্পর্কের নানা টানাপোড়েন ধরা আছে স্মৃতিচারণামূলক গদ্যে। সেলিম আহমেদের করা বইটির প্রচ্ছদ ভালো হয়েছে। বইটির পৃষ্ঠাসজ্জায় ব্যবহূত হয়েছে শিল্পী কামরুল হাসান, সৈয়দ জাহাঙ্গীর, গোলাম সারোয়ার, হাশেম খান ও সেলিম আহমেদের বেশ কিছু চিত্রকর্ম। মান্নান সৈয়দের অশোক সৈয়দ নামে আঁকা কিছু অলংকরণও সংযোজিত হয়েছে এই বইয়ে যা হবে পাঠকের উপরি পাওনা। ভিন্ন ভিন্ন চিত্রশিল্পীর চিত্রকর্মের কারণে বইটির সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে মূল্য ২২৫ টাকা...খানিকটা বেশিই মনে হয়। বিশেষ করে মুদ্রণ প্রমাদের কথা মাথায় রাখলে। আশরাফুল হক