নকল পিস্তল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ ঘাসে ঢাকা পরিত্যক্ত রেললাইন। এখানে দাঁড়িয়ে লোকটাকে ডাকি। লোকটা জীবনানন্দের ১০টি কবিতা পড়ে জীবনানন্দের মতো ৩টা কবিতা লিখতে পারে, রবিঠাকুরের ৫টি গান শুনে হুবহু ২টি গান রচনা করতে পারে। লোকটা আজব নকলবাজ, আজব জাদুকর। লোকটাকে দিয়ে আমি বিনয় মজুমদারের ৫টি অগ্রন্থিত কবিতা লেখাই। আমি নিশ্চিত হই, ওই লেখা দেখে কেউই ভাবতে পারবে না ওটা বিনয়ের নয়। এরপর সুলতানের একটি অপ্রকাশিত ছবি আঁকাই। সৈয়দ ওয়ালীউল্লাহর ১ ডজন অপ্রকাশিত চিঠি লেখাই। চে গুয়েভারা আর হিটলারের মতো ডায়েরি লেখাই। বোর্হেসের অপ্রকাশিত সাক্ষাৎকার নেওয়াই। এমনকি কাফকার দুটি অনুগল্পও লেখাই। আমার সামনে জমা হতে থাকে প্রয়াত বিখ্যাতদের হাজার হাজার অপ্রকাশিত লেখা। আমি চমকে যাই, চাঁদের গায়ে উল্কা ফাটার শব্দ শুনি।

পরিত্যক্ত রেললাইন ধরে হাঁটতে হাঁটতে লালনের অপ্রকাশিত গান শুনি; আমার মনে পড়ে ‘রেললাইন সমান্তরাল’ গানটি। রেললাইনের পাশে গরু ঘাস খায়, ছাগল ডাকে, ছোট-বড় আকৃতির বিচিত্র মানুষ পুবে যায় পশ্চিমে যায়, রেলগাড়ি আসে না। তারা কেউ রেলগাড়ির জন্য প্রতীক্ষাও করে না।

বাতাসে উঁচু উঁচু ঘাস একবার ডানে কাত হয়, একবার বামে। রেললাইন সোজা এগোতে এগোতে যেন চলে গেছে দূরে নিচু আকাশের পেটে। চোখে পড়ে ভাঙা একটা রেলের বগি, সেখানে কাঠবেড়ালি আর শূকর বসে আছে। শূকর দেখে সদ্য পালানো প্রেমিক-প্রেমিকা খিল-খিল হাসে। শেষ বিকেলের সূর্যটা বিশাল এক লাল বল হয়ে ক্রমশ ডুবতে থাকে। সূর্যের দিকে তাকিয়ে সবুজ ঘাসে লাল বল নিয়ে খেলতে ইচ্ছে হয়। আমি লোকটার দিকে এক মুঠো প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিই। লোকটা বলে, নকল করার শক্তি ছাড়া তার ভিন্ন কোনো প্রতিভা নেই। লোকটার নকল প্রতিভায় মুগ্ধ আমি টের পাই, তিনি ৫৬ হাজার বর্গমাইলের এক বদ্বীপে বিখ্যাত লেখক হবেন। লোকটাকে পরিত্যক্ত রেলপথ দিয়ে নভোবিশ্বে পাঠিয়ে দিই!

এরপর আমি যে নতুন বই-ই হাতে নিই,

মনে হয় প্রয়াত বিখ্যাতদের অপ্রকাশিত রচনা হাতে নিচ্ছি!