মেয়েরা সাজতে ভালোবাসে। সাজিয়ে-গুছিয়ে নিজেদের পরিপাটি করে তোলায় তাদের চেষ্টার অন্ত নেই। আর তাদের সাজের অন্যতম একটি দিক হাত ও পায়ের বিশটি নখকে বাহারি রঙে রাঙিয়ে তোলা। নখে বাহারি রঙের ঝড় তুলতে ব্যবহূত প্রসাধনটির উদ্ভব যে চীন দেশে, এই তথ্যটি জানেন কতজন মেয়ে? এই তথ্য জানা যে খুব জরুরি, তা বলছি না, তবে নখ রাঙিয়ে তোলা নেইলপলিশ যে খ্রিষ্টপূর্ব ৩০০০ শতক থেকেই ব্যবহূত হয়ে আসছে, তা জেনে কিছুটা অবাক হলেও হতে পারেন। প্রাচীনকালে নেইলপলিশের যখন যাত্রা শুরু হলো, তখন তা ছিল মেয়েদের পারিবারিক ও বংশগত ঐতিহ্য তুলে ধরার একটা প্রধান অনুষঙ্গ। সাধারণত উঁচু বংশীয় মেয়েরা তখন নখে একটু গাঢ় রং ব্যবহার করতেন। নখকে সোনালি ও রুপালি রঙে ঢেকে রাখতে পারতেন কেবল রাজকীয় পরিবারের মেয়েরা। ভৃত্যস্থানীয়রা নিজেদের নখকে রাঙিয়ে তুলতে পারতেন, তবে তাঁদের অধিকারে থাকত কেবল হালকা রংগুলো। লাল রংটি সে সময় বিশেষ ক্ষেত্রে ব্যবহূত হতো। ইতিহাসের পাতা বলছে, রানি ক্লিওপেট্রাই কেবল তাঁর নখে লাল রংটি ব্যবহার করতেন। অন্য কোনো নারী যদি লাল রংটি পছন্দ করতেনও, তার পরও অন্তত ক্লিওপেট্রার রাজ্যে থেকে তাঁর জন্য লাল রঙের ব্যবহার অত্যন্ত গর্হিত অপরাধের পর্যায়েই পড়ত। যত দিন গড়িয়েছে, ব্যাপারটি অবশ্য হারিয়ে গেছে কালের স্রোতেই। সৃষ্টির প্রতিটি রংই পরিণত হয়েছে মেয়েদের অধিকারে।ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল