মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে জানালার পর্দা দুলে ওঠে। ওপারের ভাঁজ থেকে বেরিয়ে আসছে লকলকে জিবের কালসাপ। পরিণাম হয়তো অশুভ। আমরা আঁচ করতে পারি না। ভাবনার মাঝে একেবারে নেই নগণ্যের আড়ালে আছে কোনো এমন ভাষা। তাসাদ্দুক হোসেন আপাতত যা কিছু দৈনন্দিন সুন্দর তার সঙ্গে কথা বলেন। অনুসন্ধান করেন একেবারে কাছের অথচ অবহেলিত বস্তুটির কাঠামো, প্রাণ। আরও দুই দশক আগে তাসাদ্দুকের চিত্রভাষা স্মৃতি হাতড়িয়ে খুঁজি। জলরঙের চড়া আকাশ নির্মাণ আর বাছাই করা নির্দিষ্ট রঙের কাজে ইঙ্গিত দিয়েছিল তাঁর ভবিষ্যতের ক্যানভাস। দুই দশক পরে তিনি একটি নির্দিষ্ট ভাষা আমাদের কাছে উপস্থাপন করছেন। প্রথাগত চিত্র নির্মাণ-রং, তুলি, ইজেল ক্যানভাসের ব্যাকরণ গত শতকে পাল্টে দিয়েছেন শিল্পীরা। নির্মাণ, ভাষা, প্রকাশের ঢং পাল্টে দিয়ে বিষয়ে বক্তব্যনির্ভর আচরণ স্পষ্ট হয়েছে। একুশ শতকে রচিত হয়েছে প্রথাগত ব্যাকরণসিদ্ধ শিল্প পাঠের বিপরীত সৃষ্টিসম্ভার। নতুনের আবাহন প্রযুক্তিলগ্ন জীবনবোধের সঙ্গে শিল্পকলার ব্যাকরণে নিত্য পরিবর্তন সাধনে মগ্ন শিল্পীরা। গত পাঁচটি একক প্রদর্শনীতে নিরীক্ষার ধারাবাহিক ফলাফল মিলেছে ষষ্ঠ একক প্রদর্শনীতে। ২ এপ্রিল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হয়েছে তাসাদ্দুক হোসেনের ৫৩টি কাজের একক প্রদর্শনী। শিরোনাম ‘নগণ্যের অবয়ব ও আত্মা’। কাজের মাধ্যম ক্যানভাসে অ্যাক্রিলিক। দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক বিষয় উপস্থাপনের পাশাপাশি কিছু রেখাচিত্রের উপস্থিতি প্রদর্শনীর গতানুগতিকতাকে ভেঙে দিয়েছে। এ প্রদর্শনীর সব কাজে রেখা ও রঙের ব্যবহারে ঐক্য খুঁজে পাওয়া যায়। তাসাদ্দুকের কাজের বিষয় বাস্তব, নগণ্য, সুন্দর কিন্তু বিমূর্ত, অসুন্দর, কল্পনামিশ্রিত। মানুষ এর মাঝ দিয়েই তার গন্তব্য খুঁজতে থাকে। প্রতিনিয়ত পথ হাতড়ে বেড়ায় এই দিকে বুঝি রয়েছে সব সুন্দর আর স্বাচ্ছন্দ্য। থমকে যায় মানুষ। তাসাদ্দুক বোঝেন। অবয়বের সঙ্গে তাঁর খুনসুটি হয় রান্নাঘরের খুন্তি, ছাঁকনি, পেপার ক্লিপ, ক্লথ ক্লিপ, চিত্রতলের মাঝে আড়াআড়ি সূক্ষ্ম রেখা, বিন্দুর সঙ্গে মিলিয়ে ভাষা তৈরি করেছেন। এগুলো তাসাদ্দুকের রেখাচিত্র। চিত্রতলের স্থান ব্যবস্থাপনায় তাসাদ্দুক হাত পাকিয়েছেন, অবয়ব বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট আকৃতির বাহ্যিক গড়ন ও আকৃতি। তাসাদ্দুকের ডায়রির পাতা ভরে ওঠে চেনা অথচ তুচ্ছ আকৃতির রেখাচিত্রে। এমনি করে রোজকার খেরো খাতায় জমা আকৃতির সন্নিবেশ হয় ক্যানভাসে। সারফেস ও ইনসাইড দ্য সারফেস, জমিন ও জমিনের অভ্যন্তরের রূপ প্রকাশ করেন। রূপাশ্রয় পেয়েছে রিকশা পেইন্টিং, জানালার কাঠ গলিয়ে বেরিয়ে আসা আলো, শব্দমালার সমন্বয়, সাপের কৃত্রিম অবয়ব, জানালা-দরজায় ঝুলন্ত পর্দা, জানালার পর্দায় লোকজ ফর্মের ব্যবহার ছবির বিষয়ে যুক্ত করে তাসাদ্দুক ছবির বিষয়ে বৈচিত্র্য এনেছেন। লুঙ্গি, গামছার চেক দৃশ্যমান হয়ে ছবির এক কোণে ভেসে ওঠে, এতে লোকশিল্পের প্রতি আর্তি প্রকাশ পায়। বুনটহীন পরিশীলিত রঙের ব্যবহার সৌন্দর্য সুষমার কথা মনে করায়। এতে করে শিল্পী হয়তো স্বস্তি পান। নিবিষ্ট ধ্যানে গড়া অবয়বের শরীর দেখে বুঝতে অসুবিধা হয় না ছবিগুলো বাস্তবের চূড়ান্ত রূপ। তাসাদ্দুকের ছবি গড়ার ক্ষেত্রে নিবিষ্ট ধ্যান স্পষ্ট। অনুধাবনের সব স্মৃতিশক্তিতে রূপান্তরিত করে ক্যানভাস গড়েন। একজন তরুণের এমন স্থির কর্মক্ষমতাকে শিল্পবোদ্ধা, শিল্পরসিক সাধুবাদ জানাবেন নিশ্চিত। সারফেস অ্যান্ড ইনসাইড দ্য সারফেস-৪ ছবিতে সাদা-কালো রঙের সাহায্যে এঁকেছেন উলম্ব রেখার ডিজাইনে তৈরি পর্দার ভাঁজ। ঝুলন্ত পর্দায় উলম্ব রেখা ক্যানভাসকে তৈরি করেছেন উপরি অংশে আড়াআড়ি ঢেউ ব্যবহার করে। আলো-ছায়ার যথাযথ ব্যবহারে নির্মাণ করা কাপড়ের ভাঁজ থেকে বেরিয়ে এসেছে কালো রঙা সাপ, গায়ে বিন্দু বিন্দু অলংকার। সাপের শরীর মায়াবী, গাঢ় কালো রং অশুভ ইঙ্গিত দেয়, ছবিতে আমাদের বলে দেয় পর্দার আড়ালে লুকিয়ে থাকা অশুভ ছোবলের কথা।সারফেস অ্যান্ড ইনসাইড দ্য সারফেস-৭ ছবিতে ঘরের ভেতরে উপস্থিত হওয়া একদল তারাখচিত আকৃতি আমরা দেখতে পাই। রিভলভিং চেয়ারের সিটে পড়ে আছে সবুজরঙা পাখি। দেয়ালের দুপাশ এসে মিশেছে এক কোণে। দেয়ালের রং হলুদ উলম্ব লাল সূক্ষ্ম রেখার চলাচলে এ নির্মাণের প্রথাগত আচরণে ভাঙন সৃষ্টি করেছেন। ১৯ নম্বর ছবিতে উজ্জ্বল কিছু রঙের উলম্ব ফর্মের মধ্যে ঝুলন্ত পর্দায় গিঁট দিয়ে গুছিয়ে রাখা। সবার সামনে চৌকোনো ফর্মের গায়ে লেগে আছে দুটি চিরুনি। সুতোয় ঝোলানো আরেকটি চিরুনি আমাদের শক্তি দেয়, গুছিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। একরঙের ক্যানভাসে দর্শক দৃষ্টি চলাচল করতে গিয়ে থমকে যায় এ ছবিতে। বিন্দু, রেখা, রং, উলম্ব বিষয়ের নির্মাণকে ভেঙে দিয়েছেন আড়াআড়ি স্থাপিত আকৃতির সাহায্যে। ১৬ নম্বর ছবির বিষয় শুধু কাপড়ের ঢেউয়ে, ভাঁজে আলংকারিক নকশা এক রূপের মায়া দেখায়। শিল্পী বলেন, এ মায়ার অন্তরালেও আছে আরও অনেক সুন্দর। রঙের সীমিত ব্যবহার, একেক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে দৃষ্টি টেনে নেয় নির্দিষ্ট রঙের ব্যবহারে বিষয় নির্মাণ। অধিকাংশ ছবিতে গভীর কালো রং ভেদ করে বেরিয়ে আসা বিষয়ে দর্শক দৃষ্টিতে ধাক্কা লাগে। একটি নির্মাণ ব্যবস্থাপনার মাঝ দিয়ে তাসাদ্দুক ছবি গড়েন। উলম্ব রেখা ও রঙের মনোটোনাস দেখার অভ্যেস বদলে দেন ছোট ছোট আড়াআড়ি বিষয় উপস্থাপনে।৫৩টি কাজের প্রদর্শনীতে ছবি দেখার জন্য দেয়ালে খানিক স্পেস বা স্থানের প্রয়োজন দর্শক বোধ করলেও ভাবার বিষয়টি আয়োজকের। শিল্পীও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে শিল্পরস, বোধ উপভোগের স্বস্তির কথা শিল্পী ভাববেন নিশ্চয়। শিল্পের ইতিহাস অথবা ধারাবাহিক বিবর্তনের দেখা হয়তো তাসাদ্দুকের কাজে দেখা যায় না। কিন্তু একুশ শতকের সৃজনীচিন্তায় মানুষ, সমাজ, বোধের নির্মাণে যোগ হয়েছে হাজারো বিষয়, যেটি খালি চোখে আমরা তাচ্ছিল্যের সঙ্গে নিই। তাসাদ্দুক সেখানে অঙ্গুলি নির্দেশ করেন সৃষ্টিকর্ম দিয়ে।