
এখন তুমি কেমন আছ
হরিশংকর জলদাস
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: প্রথমা প্রকাশন, ২০১৫
১০৪ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা।
পৃথিবীর যেসব প্রেমকাহিনি কালজয়ী হয়েছে, তার প্রায় সবই প্রেমের অতৃপ্তি, না পাওয়ার বেদনা, প্রেমাস্পদকে হারানোর কষ্ট কিংবা প্রেমের পথে বাধা বা প্রতিকূলতার কারণে। হরিশংকর জলদাসের এখন তুমি কেমন আছ ঠিক সেই রকমই প্রেম-বিরহের একটি উপন্যাস। যেখানে একই সঙ্গে প্রায় তিন প্রজন্মের প্রেমজ ঘটনাকে উপজীব্য করে কাহিনি নির্মাণ করা হয়েছে।
তমোনাশ-বহ্নি চৌত্রিশ বছর আগে বিশ্ববিদ্যালয়-জীবনে সহপাঠী ছিল। তারুণ্যের টানে প্রেম-ভালোবাসায় জড়িয়েছে তারা। ভুল-বোঝাবুঝি পরিণয়সূত্রে আবদ্ধ হতে দেয়নি। এখন তারা ষাটের কোঠায়। হঠাৎ অকৃতদার তমোনাশের একটা ফোন-কল নিবিড়ভাবে সংসারধর্ম পালনকারী বহ্নিকে নিয়ে চলে যায় চৌত্রিশ বছর আগেকার স্মৃতির সাগরে। তমোনাশের প্রতি প্রচণ্ড ঘৃণা, ক্ষোভ, কষ্ট—কোনোটিই লুকোতে পারেনি বড়লোক স্বামী, সুখী সংসার ও মেধাবী সন্তানের জননী বহ্নি। বরং চৌত্রিশ বছরের জমানো বিরহ-বেদনার ঝাঁজ যেন তার কণ্ঠ বেয়ে ‘বহ্নিশিখা’ হয়ে ফেটে পড়ল। পুড়িয়ে দিল তমোনাশকে। কিন্তু তমোনাশ ততটাই স্থিতধী। এমনকি কথা কচলিয়ে ভুল ভাঙাতে সক্ষম হয় যে, সে বহ্নির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। বাবার হঠাৎ মৃত্যু, সংসারের পুরো দায়িত্বভার কাঁধে পড়া, এমএ পরীক্ষা না দিতে পারাই ছিল বহ্নির সঙ্গে বিচ্ছেদ হওয়ার কারণ। আর বহ্নি আবিষ্কার করে, স্বামী-সংসারে সুখ-সমৃদ্ধি, আর্থিক প্রতিপত্তি কোনো কিছুরই অভাব না থাকলেও সে এত দিন শুধু অভিনয় করে গেছে স্বামী বীরেন্দ্রর সঙ্গে! আসলে তমোনাশকে ভুলে থাকা তার পক্ষে সম্ভব ছিল না।
সন্দেহ নেই, তমোনাশ-বহ্নিই উপন্যাসের প্রধান চরিত্র। তাদের অচরিতার্থ প্রেমকাহিনিই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয়। কিন্তু বহ্নির বুয়েটপড়ুয়া মেয়ে দীপা আর তার বন্ধু দীপঙ্করের প্রেমের যে ক্লেদাক্ত পরিণতিচিত্র ঔপন্যাসিক তুলে এনেছেন, তা নির্দ্বিধায় আমাদের বর্তমান সময় এবং সমাজের অবক্ষয়েরই বাস্তবচিত্র। দীপা ও দীপঙ্করের সম্পর্কটা শুধু মন দেওয়া-নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। একপর্যায়ে দীপার উপলব্ধি, এত ঘনিষ্ঠতার পর বিয়েটা যদি না হয়? দীপঙ্করকে বলে, ‘এই যে আমরা আমাদের চ্যাস্টিটি পথের ধুলায় ফুটপাতে, হোটেলকক্ষে বা কোনো বন্ধুর বাসায় হারিয়ে যাচ্ছি, ডিজঅনেস্টি নিয়ে স্বামীর সামনে আমি দাঁড়াব কী করে বা তুমি?’ উত্তরে দীপঙ্কর বলে, ‘মাথা খারাপ। এ রকম মেনে নেওয়া যায় নাকি?’ পুরুষশাসিত সমাজের স্বার্থপর চরিত্র দীপু একসময় বখাটে বন্ধুদের সাহচর্য পায়। সত্যি হয় দীপার আশঙ্কা, শরীর ছাড়া আর কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই দীপুর। তাকে কোনোভাবেই সর্বনাশা মাদকের পথ থেকে ফেরাতে পারে না দীপা। সিদ্ধান্ত নেয়, আর নয়। ভালোবাসার মর্যাদা যে দেয় না, ত্যাগ করতে হবে তাকে। কিন্তু দীপু তো আমাদের অবক্ষয়প্রাপ্ত সমাজের বখাটেদের প্রতিনিধি। বোঝামাত্র মাদকাসক্ত সাথিদের নিয়ে পশুসুলভ সিদ্ধান্ত নেয় সে। অতঃপর গণধর্ষণ করার অভিপ্রায়-রিকশা থেকে টেনেহিঁচড়ে দীপাকে নামানোর অপচেষ্টায় লিপ্ত হয় সে!
উপন্যাসের অন্য পিঠে বর্তমান সময়ের নাগরিক জীবনের ব্যস্ততার কারণে অভিভাবকদের সান্নিধ্য না পেয়ে বালক-বালিকারা কীভাবে বখে যায়, তা চিত্রিত হয়েছে তিন্নি-গৌরাঙ্গ আর আফরোজা-মার্শালের প্রেমের স্বরূপ উন্মোচনের মধ্য দিয়ে।
উপন্যাসে প্রেম রূপায়ণের মধ্য দিয়ে যে সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে, তা উপন্যাসকে অনন্য মাত্রা দিয়েছে। এ ছাড়া ঔপন্যাসিক অত্যন্ত সাদামাটা এবং ‘কমন’ গল্প দিয়েই পাঠককে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মনস্তত্ত্বের গভীরে। তাঁর নির্মিত চরিত্রে সাবলীল সংলাপ, আত্মকথন, ভাষার সারল্য, কাহিনির তারল্য আর সমাজবাস্তবতার ভিিত্ত পাঠককে নির্বিঘ্নে নিয়ে যায় উপন্যাসের শেষ প্রান্তে। তবে ভাষার ব্যবহার কখনো কখনো শালীনতাকে ছাড়িয়ে গেছে বললে অত্যুক্তি হবে না। এ ধরনের আরও কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও হরিশংকর জলদাসের এখন তুমি কেমন আছ উপন্যাসটি নিঃসন্দেহে সুখপাঠ্য।