
টরন্টোর মিসিসাগায় প্রমোনাদ গ্যালারিতে সৈয়দ ইকবালের আগের প্রদর্শনীতে আমরা দেখেছি স্বাপ্নিক অনেক চরিত্র, রঙিন আলো যেন ঘিরে ছিল তাদের। ইকবালের ছবির একটা গুণ এই যে ক্যানভাসের কোনো অংশ তিনি আকস্মিকতার হাতে ছেড়ে দেন না, গোটা ছবির সমতলে ব্রাশ সঞ্চারণ করেন অতি যত্নে। রং আর ফর্মের সম্মিলনে গড়ে ওঠে অপার্থিব চরিত্র, যাকে পরাবাস্তববাদী ধারাও বলা যায়। তো, গেল অক্টোবরে টরন্টোর সিডার রিজড গ্যালারিতে হয়ে গেল সৈয়দ ইকবালের নতুন আরেকটি একক প্রদর্শনী ‘আর্বান ট্রেপ’।
মোট বড়-মাঝারি সাইজের ২৫টি ছবি, ৮টি ড্রয়িং। সবচেয়ে বড় ছবিটির নাম ‘মাইন্ড দ্য গ্যাপ’। এই ছবির দিকে একটু দূর থেকে তাকালে বোঝা যায়, ঘন নীল ক্যানভাসে পরস্পরের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে নগ্ন দুই পুরুষ ও নারী। তবে এ দুজনের মাঝখানে রয়েছে ‘গ্যাপ’ বা শূন্যতা। কানাডায় ঝোড়োগতির সাবওয়ে ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীদের সচেতন করতে হলুদ রঙে লেখা থাকে ‘মাইন্ড দ্য গ্যাপ’। এই কথাকে বিবেচনায় রেখে বিষয়কে ইকবাল এবার মানবের প্রতি মানবীর আকর্ষণকে এঁকেছেন তাঁর ক্যানভাসে।
২০০১-এ ঢাকায় বেঙ্গল গ্যালারির চতুর্থ একক প্রদর্শনী থেকে বেশ কয়েকটি সিরিজের ছবি ধারাবাহিকভাবে এঁকে আসছেন সৈয়দ ইকবাল। এর মধ্যে অন্যতম হলো, ‘টিয়ার্স অব নেচার’ ও ‘মাইন্ডস্কেপ’। এই দুই সিরিজের বিশেষত্ব যদি বলতে হয় বলা যাবে, এ সিরিজ দুটির প্রায় সব ছবি পুরোপুরি বিমূর্ত। ‘টিয়ার্স অব ন্যাচার’ নামের সিরিজে রঙের মিশ্রণ বেশি—জন্ডিস আক্রান্ত পৃথিবী যেন ধোঁয়াটে হয়ে গলে পড়ছে। দ্বিতীয় সিরিজ ‘মাইন্ডস্কেপ’-এর ছবি আঁকা হয়েছে মৌলিক রঙের মিশ্রণে। আমাদের আলোচ্য প্রদর্শনীতে পাওয়া গেল এ দুই সিরিজের ছবি।
এ ছাড়া দুই নতুন সিরিজ ছবির মধ্যে মাহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ‘গড হ্যাজ নো রিলিজন’ ধার করে ইকবাল এঁকেছেন একই নামে তিনটি বড় ছবি। বলা যায়, এ ছবিগুলো দক্ষিণ এশিয়ার দর্শকদের ভাবিয়েছে। এ সিরিজের ছবিতে যেমন আছে বিভিন্ন ধর্মীয় প্রতীক, তেমনি পাওয়া যায় পোড়ামাটি বা টেরাকোটাও।
প্রদর্শনীতে ‘আর্বান ট্রেপ’ নামে ছিল দুটি ছবি। এ চিত্রমালায় রং-রেখার বিস্তার এমনভাবে করা হয়েছে, দেখলেই বোঝা যায় এখানে আছে ভাগ ভাগ করা শহরের মানচিত্র। মাঝখানে কানাডার টরন্টো শহরের আইকন সিএন টাওয়ারটিও চেনা যায় বেশ। তবে এ ছবির নানা ভাগের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক মানুষের মুখ, মুখগুলো কাতরাচ্ছে। নানা গ্রাম থেকে এই মুখাবয়বগুলো জড়ো হয়েছে শহরে। আসলে পৃথিবীর সব দেশে ছোট গ্রাম-ছোট শহর থেকে আসা নিষ্পাপ মানুষগুলো প্রতিনিয়ত আটকে পড়ছে বড় বড় শহরের ফাঁদে, ক্রমেই প্রকৃতির সঙ্গে ছিন্ন হয়ে যাচ্ছে তাদের যোগসূত্র; কংক্রিটের জঙ্গলে বসবাস করতে করতে তারা হয়ে উঠছে হিংস্র থেকে হিংস্রতর; নগরে আটকে পড়ছে তাদের মানবিকতা—সৈয়দ ইকবালের ছবিতে এ কথাগুলো যেন বারবার ধ্বনিত হয় নানা রং ও ফর্মের আবহে।