সৈনিক নজরুলমুহাম্মদ লুৎফুল হক প্রথমা প্রকাশন প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ২২০ টাকামোট নয়টি অধ্যায়ে বিভক্ত এ বই। প্রথম অধ্যায়ের শিরোনাম ‘সৈনিক-পূর্ব জীবন’। এই অধ্যায়ে একেবারেই সংক্ষেপে তুলে ধরা হয়েছে নজরুলের বাল্য ও কৈশোরকাল, তাঁর পারিবারিক দারিদ্র্যদশার বিবরণ, তুলে ধরা হয়েছে তাঁর বিদ্যালয়জীবনের কথা, লেটো গানের দলে যোগদানের কথা, ভবঘুরে জীবনের কথা, অবশেষে বলছেন ‘১৯১৭ সালের শেষার্ধে শিয়ারশোল স্কুলে দশম শ্রেণীতে পাঠরত অবস্থায়... লেখাপড়া ছেড়ে’ তাঁর বাঙালি পল্টনে যোগ দেওয়ার কথা। এ বইয়ের একটা কৌতূহল-জাগানিয়া অধ্যায় হচ্ছে ‘কেন সৈনিক জীবন’। এই অধ্যায়ের রচনায় লুৎফল হক একরৈখিক বা একপেশে তথ্য হাজির করার পক্ষপাতী নন। একজন প্রকৃত গবেষকের সেটা রীতি বা প্রবণতাও নয়। বাঙালি পল্টনে যোগ দেওয়ার মোট সাতটি কারণ তিনি নির্দেশ করেছেন। এ ক্ষেত্রে নজরুলকে তিনি নানা দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। পল্টনে যোগ দেওয়ার আগে এবং যোগ দেওয়ার পরেও যে নজরুল দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, পরাধীন ভারতের শৃঙ্খলমুক্তির স্বপ্নে উদ্বেল ছিলেন, তা নানা দৃষ্টান্তসহযোগে যেমন তুলে ধরেছেন, তেমনি নিজের সেই মনোভাব নজরুল গোপন রাখতেও যে কসুর করেননি, দিয়েছেন তারও বর্ণনা। নজরুল-জীবনের এই দিকটির সমর্থনে লুৎফুল হক নজরুলের বাল্য বন্ধু কথাসাহিত্যিক শৈলজানন্দের বয়ানে জানাচ্ছেন যে ‘নজরুল যুদ্ধ বিদ্যা শিখে এসে ভারতবর্ষে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করবে, তারপর দেশ থেকে ইংরেজ তাড়াবে—তার এই গোপন মতলবের কথা আমাকে সে বলেছিল একদিন।’ ‘কেন সৈনিক জীবন’ অধ্যায়টি সত্যিই এ বইয়ের একটি সংক্রামক জীবন্ত অধ্যায়।সেনাবাহিনীতে নজরুলের যোগ দেওয়ার সময় বা কাল নিয়ে এত দিন যে বিতর্ক চলে আসছিল, ‘নজরুল কখন পল্টনে যোগ দেন’ অধ্যায়ে তা নিরসনের প্রয়াস পেয়েছেন লেখক। তিনি এ অধ্যায়েও নানা সূত্র থেকে তথ্য হাজির করে যে সিদ্ধান্তে উপনীত হন, সেখানে নজরুলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় বা কাল সুস্পষ্ট হয়ে ওঠে। এ বিষয়ে মনে আর কোনো দ্বিধা থাকে না।‘নজরুলের সৈনিক-যোগ্যতা ও পল্টন-যাত্রা’ শীর্ষক অধ্যায়েও নজরুল সম্পর্কে প্রসঙ্গিত বিষয়ে এমন সব তথ্য হাজির করা হয়েছে, পাঠককুলকে যা অপার আনন্দ দেবে। নজরুলের স্বাস্থ্য বা শারীরিক যোগ্যতা সম্পর্কে যেসব মন্তব্য হাজির করা হয়েছে, তা যে তাঁকে সৈন্য বিভাগে ভর্তি হতে সাহায্য করেছিল, তাতে আর কোনো সন্দেহ থাকে না। প্রকৃত যোগ্যতার মাপকাঠিতেই তিনি তাতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া কীভাবে তাঁর বাঙালি পল্টনে যাত্রা, যাত্রার আগে তাদের সংবর্ধনার বিষয়াদিও এ অধ্যায়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে নানাজনের বিবরণধৃত উদ্ধৃতির মাধ্যমে। ফলে পল্টনে তাঁর যাত্রার দিকগুলো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।‘পল্টনের দিনগুলো’ এ বইয়ের একটি অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অধ্যায়ে তুলে ধরা হয়েছে নজরুলের সামরিক প্রশিক্ষণ লাভ, সামরিক দায়দায়িত্ব, তাঁর পদোন্নতি, তাঁর কর্মনিষ্ঠা, সহকর্মীদের প্রতি তাঁর গভীর সহমর্মিতা, সর্বোপরি সাহিত্যচর্চা ও সংগীতচর্চার মতো নানাবিধ বিষয়ের প্রায় নিখুঁত বিবরণ। সৈনিকের কঠোর নিয়মানুবর্তী জীবনের ফাঁকে তাঁর ফারসি ভাষা শিক্ষা ও চর্চা এবং রাজনীতি চর্চার বিবরণও যথাসাধ্য তুলে ধরেছেন লেখক।এ বই সত্যিই নজরুলের সৈনিক জীবনকে জীবন্ত করে তুলেছে। বিশেষ করে ‘সহযোদ্ধাদের চোখে সৈনিক নজরুল’ শীর্ষক অধ্যায়ে যাঁরা তাঁকে বাঙালি পল্টনে দেখেছেন, তাঁদের বর্ণনা পড়লে এ বিষয়ে আর কোনো সংশয় থাকে না।নজরুলের সৈনিক জীবনের বেশ কিছু দিক নিয়ে তর্ক-বিতর্ক চলে আসছিল। লেখক নানা যুক্তি ও তথ্য পেশ করে সেসব বিতর্কের অবসান ঘটানোর প্রয়াস পেয়েছেন। যেমন: নজরুল যে করাচি ছেড়ে মেসোপটেমিয়া এবং ফ্রান্সের ভার্দুনের যুদ্ধক্ষেত্রে যাননি, লেখক সেটা পরিষ্কার করেছেন একজন প্রকৃত গবেষকের দৃষ্টিভঙ্গি থেকেই। শুধু তা-ই নয়, নজরুল যে বাঙালি পল্টনে যোগ্যতরভাবে কাজ করা সত্ত্বেও, ‘সর্দার বাহাদুর’ খেতাব পাননি, তারও আলোচনা করতে গিয়ে লেখক দেখিয়েছেন, নজরুলের পক্ষে সেটা পাওয়া সম্ভব ছিল না।এ বইয়ের উপসংহারে বাঙালি পল্টনের যে সংক্ষিপ্ত ইতিহাস ও তার পটভূমি লেখক তুলে ধরেছেন, তার প্রয়োজন ছিল। পাঠক হিসেবে আমরা বুঝতে পারব কোন প্রেক্ষাপটে বাঙালি পল্টন গঠিত হয়েছিল, বাঙালিরা কেন তাতে যোগ দিয়েছিল। নজরুল গবেষণার ক্ষেত্রে সৈনিক নজরুল একটি অমূল্য সংযোজনস্বরূপ গ্রন্থ। গবেষণাসম্পৃক্ত অথচ সহজপাঠ্য।