নজরুল মূল্যায়নে আরও এক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী কথা
কাজী কথা

কাজী কথা
সম্পাদনা পর্ষদ: অসিত কুমার সাহা, মো. শফিকুল ইসলাম, ড. মুহম্মদ জিল্লুর রহমান, সৈয়দ আসাদুজ্জামান
প্রচ্ছদ: মামুন হোসাইন
সরকারি হরগঙ্গা কলেজ প্রকাশনা
৫৯৩ পৃষ্ঠা
কাজীকথা বইটি যে কারণে প্রথমেই আমাদের দৃষ্টি কাড়ে, তা হলো, এটি একটি কলেজবার্ষিকী, কিন্তু কলেজ ম্যাগাজিনের বহিরঙ্গ ধারণের কোনো তোয়াক্কাই রাখেনি। দ্বিতীয়ত, এ সংকলনে নেই প্রথানুগ কবিতা, গল্প বা ভ্রমণকাহিনি। সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগ নজরুল মূল্যায়নে যে বিপুল আয়োজন মেলে ধরেছে পাঠকের সামনে, সাম্প্রতিক কালে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তেমন উদ্যোগ চোখে পড়ে না।
এ পর্যন্ত কবি নজরুলকে নিয়ে আলোচনা, সমালোচনা, মূল্যায়ন ও প্রতি-মূল্যায়নের মোটামুটি একটি ধারা যে বিদ্যমান, তা সর্বাংশে নজরুলকে উন্মোচিত করতে পারছে, তা বলা যায় না। কারও কারও মূল্যায়ন যে ব্যক্তি-রুচি-কাল-ভূখণ্ডগত প্রবণতাকে ছাপিয়ে উঠতে পারেনি, এ কথা তো হলফ করেই বলা যায়। এ সব কিছুর মধ্যে এ সংকলনের লেখাগুলোতে নজরুলকে নতুনভাবে দেখার চেষ্টা আছে।
নতুন পথের সন্ধান মানে পেছনের দেখানো পথকে অস্বীকার নয়। এর প্রমাণ ‘পথপরক্রমা’ শিরোনামের লেখাগুলো। এযাবৎ গড়ে ওঠা নজরুল-পরিচিতি-সন্ধানের সারনির্যাসই ধরা যায় একে। এ অধ্যায়টি অতীতের সঙ্গে বর্তমানের এক চমৎকার যোগসূত্র। ‘বক্তৃতামালা’র লিখিত সংস্করণে দীর্ঘ-নাতিদীর্ঘ যে কয়টি প্রবন্ধ রয়েছে, এগুলোতে নজরুলের নানা কোণে আলো ফেলার চেষ্টা আছে। ‘কাব্যকলা’য় নজরুলের কবিতার বিষয় সম্পর্কেই আলোচনার সমাহার। এমনটি বলা যায় গান সম্পর্কে আলোচনায়ও। গান সম্পর্কে আরও গভীর আলোচনা হতে পারে। কারণ, নজরুল তো গান সম্পর্কেই তৃপ্তির বাণী প্রকাশ করেছেন!
নজরুলের কথাশিল্প ও মঞ্চনাটক নিয়ে আলোচনা খুব বেশি হয় না। এর কারণ অনেক লেখকের জবানিতেই প্রকাশ পেয়েছে: বিদ্রোহী কবিতা ও অভিধা নজরুলকে খণ্ডিতভাবে বুঝতে ও পরিচিত হতে সাহায্য করেছে।
এই সময়ে নারীবিষয়ক যে ভাবনাগুলো কাজ করে, নজরুলের সময়ে ততটা তীব্র ছিল না। শুধু আধুনিক নারীবাদী প্রত্যয় নিয়ে নয়, নারীকে নারী হিসেবে নজরুলের কবিতায় ও জীবনাচারে কীভাবে স্থান দেওয়া হয়েছে, তাতে আরও গভীর আলোচনার সুযোগ রয়েছে। সংকলনের লেখাগুলো এর সূচনা হিসেবে গণ্য হতে পারে।
কাজীকথায় উপস্থাপিত তরুণদের লেখায় এর আভাস আছে। তাঁদের কাছে পশ্চিমাবাহিত সকল প্রত্যয় অসন্ধিগ্ধভাবে গ্রাহ্য নয়। তাই তাঁদের পক্ষেই সম্ভব নজরুলসহ প্রাচ্যের সকল প্রতিভাকে যথাযথভাবে মূল্যায়ন করার। কাজীকথার জন্য সরকারি হরগঙ্গা কলেজের পরিবারকে ধন্যবাদ দিতে হবে না। কবি নজরুলের মূল্যায়নের ধারায় সাহিত্য ও সমালোচনার ইতিহাসে নিজগুণেই তা স্থান করে নেবে, যা একটি কলেজের জন্য কম কথা নয়।