নজরুলের সাহিত্য ও আবেগের ভুল ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম (১১ জ্যৈষ্ঠ ১৩০৬‍—১২ ভাদ্র ১৩৮৩)। প্রতিকৃতি: মাসুক হেলাল
কাজী নজরুল ইসলাম (১১ জ্যৈষ্ঠ ১৩০৬‍—১২ ভাদ্র ১৩৮৩)। প্রতিকৃতি: মাসুক হেলাল

গত বছর ২০১৫-এর ২৫ মে ১৪২২-এর ১১ জ্যৈষ্ঠ, কুমিল্লার বীরন্দ্রে নগর মিলনায়তন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে নজরুলের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে আমি ছিলাম স্মারক বক্তা। অতঃপর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরদিনের উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরের দিনের একটি অধিবেশনে সভাপতিত্ব করার প্রয়োজনে কুমিল্লার উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বাসায় গিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশে বেরিয়ে পড়তে হয়। ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ফাঁকে এর কাছের বাজারটিতে যাই এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলি। তাঁদের জায়গা থেকে নজরুলের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা কুমিল্লায় স্থানান্তরিত হওয়ায় তাঁরা স্বভাবতই ক্ষুব্ধ ছিলেন। একই কারণে কুমিল্লার মানুষ ছিলেন উচ্ছ্বসিত। এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিটি আমি আগেই ‘ভাগ হয় নাকো নজরুল’ প্রবন্ধে ব্যাখ্যা করেছি। সেখানে ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে বাঙালি জাতির পক্ষ থেকে মাত্র ৩০ বছর বয়সে কবিকে যে সংবর্ধনা দেওয়া হয়, তার উত্তরে তিনি যা বলেছিলেন তার উল্লেখ করি, ‘যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই জন্মগ্রহণ করি সে আমার দৈব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই কবি।’ কবি যেখানে সমাজ, ধর্ম, কুল ও দেশের গণ্ডি ছাড়িয়ে কবি হতে চেয়েছেন, সেখানে তাঁকে আমরা স্থানের মধ্যে বন্দী করতে চাইছি কেন? কুমিল্লা ও ত্রিশালের সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি নজরুল যদি এই দুই জায়গায় না আসতেন কিংবা স্থানদ্বয় কবির স্মৃতিধন্য না হতো, তাহলে কি তাঁরা নজরুলের কবিতা ও অন্যান্য লেখা পড়তেন না? স্বভাবতই তাঁরা জানিয়েছেন, অবশ্যই পড়তেন। অতএব এ বিষয়ে আমাদের কোনো দ্বিধা অথবা সংস্কার থাকা উচিত নয়।
২০১১ ছিল ‘বিদ্রোহী’ রচনার ৯০ বছর পূর্তির বছর। সবাই জানি, নজরুলের প্রথম বিয়েও হয়েছিল ১৯২১-এর জুন মাসে, ৩ আষাঢ়ে। সে হিসাবে ২০১১ ছিল নজরুলের প্রথম বিয়েরও ৯০ বছর পূর্তি। এখন কুমিল্লার দৌলতপুরের একটি খাটের প্রসঙ্গে বলা হচ্ছে, এটি ছিল নার্গিস-নজরুলের বিবাহবাসরের খাট। কিন্তু যাঁরা অতটা মিথ্যা বলতে চান না, তাঁরা বলেন, এই খাটেই তাঁদের বাসর হওয়ার কথা ছিল।
কিন্তু অত্যুৎসাহীরা তারও ৯০ বছর পালন করেছেন। সামনে ২০২১-এ ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ পালিত হবে। এখন যদি কাউকে কাউকে আগে ঘটার রোগে পেয়ে বসে, তাহলে হয়তো ‘বিদ্রোহী’র আগে সেই খাটেরই শতবর্ষ পালিত হবে। কবি বিষয়ে এ ধরনের ভুল আবেগ যে আমাদের কোথায় নিয়ে যেতে পারে, তা না বললেও চলে। বিয়েটি হলেও শর্ত আরোপের অতিচালাকিতে রাতেই যা কার্যত ভন্ডুল হয়ে যায়, পরদিন সকালে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে দুই মাসের প্রেমকে অস্বীকার করে দু-একজন সঙ্গীর সঙ্গে দৌলতপুর ত্যাগ করে নজরুল কুমিল্লা শহরে চলে আসেন। বাকি জীবন যে বিয়ে নিয়ে তিনি আর কোনো আগ্রহ বোধ করেননি এবং এ বিয়ের মূল উদ্যোক্তা আকবর আলী খানের চেষ্টায় বহু পরে নার্গিসের সঙ্গে নজরুলের তথাকথিত তালাকের এক নাটক অনুষ্ঠিত হয়। সেই বিয়েরই তথাকথিত বাসরের তথাকথিত খাটের শতবর্ষ পালন যে কী পরিমাণ হাস্যকর হবে, তা যেকোনো কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষই বুঝতে পারেন। সত্যি সেলুকাস, বিচিত্র এই বিয়ে এবং তারও চেয়ে বিচিত্র তথাকথিত বাসর-খাটের এই শতবর্ষ উদ্যাপন।
গতবার প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষণে ওই বিয়েতে (ঘরজামাই হওয়ার) শর্ত আরোপের প্রসঙ্গ তুলে হাস্যকর ওই বেলুনটি ফুটিয়ে দিয়েছিলেন। দুঃখজনক হচ্ছে, কুমিল্লায় নজরুল প্রসঙ্গে তাঁর বিয়ে বিষয়ে যত আলোচনা হয়, ভারতীয় উপমহাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং তাতে কবির ভূমিকাটি ততটাই অবহেলিত থাকে।
দু-একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যেতে পারে। নজরুলের কুহেলিকা উপন্যাস স্বদেশি যুগের পটভূমিতে লিখিত। উপন্যাসে এর মূল চরিত্র জাহাঙ্গীরের অবস্থান এভাবে চিহ্নিত: তার ‘পৈতৃক বাড়ি কুমিল্লা জেলায়। তবে সে কলিকাতায় থাকিয়াই মানুষ হইয়াছে।’ স্বভাবতই নজরুল যে রাজনীতির সমর্থক ছিলেন, এ উপন্যাসেও ব্রিটিশের বিভক্ত করে শাসন করার নীতির তিনি বিরোধী ছিলেন। ১৯০৫ পরবর্তী এবং ১৯৪০-পরবর্তী দুই রাজনৈতিক বাস্তবতায় সাধারণ বাঙালি মুসলমান যে রাজনীতির সমর্থক ছিলেন, নজরুল ছিলেন তার বিরুদ্ধে। এখানে দুজন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা বলা প্রয়োজন। আবুল হাশিম ও মনোরঞ্জন ভট্টাচার্য। হাশিম তখন মুসলিম লিগের সাধারণ সম্পাদক এবং মনোরঞ্জন ভট্টাচার্য প্রধানত নাটকের মানুষ হলেও কলকাতায় পাকিস্তান আন্দোলনের পক্ষে পরিচালিত রেনেসাঁ সোসাইটিতে যাতায়াত করতেন এবং সেখানে প্রবন্ধ পড়তেন ও আলোচনা করতেন। পাকিস্তানের প্রবক্তা হয়ে হাশিম যে কারণে তাঁর সমর্থন করতেন, তা জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব ছিল না, তা ছিল তাঁর উপলব্ধিজাত উপমহাদেশের বহুজাতিত্ব। জিন্নাহর সঙ্গে তাঁর বিরোধ ও বামপন্থীদের সঙ্গে তাঁর সখ্য ওই রাজনীতিকে অনেকটাই চিহ্নিত করে। ১৯৬০-এর দশকে রবীন্দ্রসংগীত বিতর্কে তিনি যে এর পক্ষে একজন প্রধান সাংস্কৃতিক নেতা হয়ে ওঠেন, তার মূল কারণ গভীর রাজনৈতিক ও সাংস্কৃতিক বোধ ও কাণ্ডজ্ঞান এবং এর ধারাবাহিকতা বিষয়ে স্বচ্ছ উপলব্ধি। চল্লিশের দশকে কলকাতায় হাশিমের রাজনীতির সংস্কৃতি এবং মনোরঞ্জন ভট্টাচার্যের সংস্কৃতির রাজনীতি ওই পর্বে নজরুলের রাজনীতি ও সংস্কৃতিকে বুঝতে সাহায্য করবে।
এখানে আরেকটি প্রসঙ্গের উল্লেখ করা যেতে পারে। ১৯৪২-এ অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন একটি ছোট্ট উপন্যাস শাদা হাওয়া। তার শ্রমিকনেতা বিনয় বাগচী মনে করতেন, পাকিস্তান না, পাকিস্তানের চেয়েও বড় হচ্ছে তৃণমূলের মানুষের ঐক্য।
১৯০৫ ও ১৯৪০-পরবর্তী বাস্তবতায় যে ধারাবাহিক রাজনীতি নজরুল সমর্থন করতেন, তাতে ব্রিটিশের বিভাজনের রাজনীতিকে যেমন সমর্থন করেননি, তেমনি পাকিস্তান সৃষ্টির রাজনীতিতেও তাঁর সমর্থন ছিল না। ‘আমার লীগ কংগ্রেস’ প্রবন্ধে তিনি যে কোনো পক্ষেই তাঁর সমর্থন ব্যক্ত করেননি, এটাই ছিল তার মূল কারণ। অন্য একটি প্রবন্ধে মুসলিম লীগকে তিনি যে ‘মরা কাউয়া’ বা ‘মরা কাক’ অর্থাৎ অক্ষম শক্তি বলেছিলেন, তা থেকেও ব্যাপারটা বোঝা যায়। পাকিস্তান সৃষ্টির পর বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে এসে পৌঁছেছি, তার মূল বিষয়টি এবং এর প্রয়োজনকে নজরুল পাকিস্তান সৃষ্টির আগেই বুঝতে পেরেছিলেন। তাঁর কাছে পাকিস্তান না, পাকিস্তানের চেয়েও বড় হয়ে উঠেছিল সাধারণ মানুষের সার্বিক মুক্তি। বাঙালি মুসলমান ১৯০৫ ও ১৯৪০-পরবর্তী যে মুক্তির কথা ভেবেছেন এবং তার জন্য ও এরই পক্ষে কাজ করেছেন, তা আসলে ছিল মধ্যবিত্তের স্বার্থ ও সুবিধালাভের দুই পর্যায়। নজরুল একে যথার্থ বলে মনে করেননি এবং তাতে সন্তুষ্টও ছিলেন না। তাঁর এই বোধ ও অর্জন তিনি লাভ করেছেন সমকালীন রাজনীতি ও সংস্কৃতির যোগফল থেকে।
ফলে কুমিল্লা ও ময়মনসিংহের বহির্বাস্তবতা ও ঘটনা থেকে আমরা যে নজরুলকে পেতে চেয়েছি, স্বভাবতই তা ছিল অসম্পূর্ণ ও খণ্ডিত। প্রকৃত তাঁকে পেতে ও তাঁর কাছে যেতে হলে আমাদের তাঁর অখণ্ড সত্তাকে বুঝতে ও তাঁর প্রতি মনোযোগ দিতে হবে, যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রাজনীতি ও সংস্কৃতি, আরও সুনির্দিষ্টভাবে বললে এই দুইয়ের যুগলবন্দী।
কুহেলিকা উপন্যাসের সাত অধ্যায়ে পূর্ব বাংলার দিগন্তপ্রসারী মাঠের দিকে তাকিয়ে জাহাঙ্গীর যে বলে, ‘আমার আজ এই মাটির দিকে তাকিয়ে মনে হচ্ছে, এর চেয়ে ভালো কবিতা তোমাদের কোনো কবিই লিখে যেতে পারেননি’ তা ভবিষ্যতের বাংলাদেশকেই কি মূর্ত করেনি? একইভাবে ‘ময়মনসিংহের প্রজা ও শ্রমিক ভ্রাতৃবৃন্দ’কে সম্বোধন করে তিনি যে লিখিত ভাষণ দিয়েছিলেন তাতে বলা হয়েছে, ‘আপনারাই ত এই মাটির পৃথিবীকে সন্তানের মত লালন করিয়াছেন, করিতেছেন ও করিবেন।’ সেই বার্তাও কি একই ভবিষ্যৎ দেশের কথা বলেনি?
ফলে ময়মনসিংহে ‘কিছুদিন লেখাপড়া’ করার চেয়েও তাঁর কাছে এই অভিজ্ঞতা বড় হয়ে দেখা দিয়েছে যে অভিজ্ঞতা তিনি তাঁর স্বদেশে কয়লাখনির মধ্য দিয়ে লাভ করেছেন ‘ও ভাই আমরা মায়ের ময়লা ছেলে/ কয়লা খনির বয়লা টেলে/ যে অগ্নি দেই দি™¼ দিক জ্বেলে রে’ তার মর্মকেই তিনি শ্যামলী বাংলায় তৃণমূলের মানুষের মধ্যে রূপান্তর করে তাদের সার্বিক কল্যাণ ও সামগ্রিক উন্নতি চেয়েছেন। এটিই ছিল আমাদের জন্য তাঁর রাজনীতি ও সংস্কৃতি।

দুই.
নজরুল সম্পর্কে একটি কথা স্থানিক কূপমণ্ডূকতা থেকে প্রায়ই বলার চেষ্টা করা হয়: নজরুল যেখানে প্রেম ও প্রথম বিয়ে করেন, সেই দৌলতপুরই নাকি তাঁর কাব্যের উৎসভূমি। এরই সূত্র ধরে এ-ও বলার চেষ্টা করা হয়, প্রথম বিবাহ ভুলজনিত কারণে তিনি বিরহ-বেদনায় কাতর ছিলেন। তথ্য-উপাত্ত তা সমর্থন না করলেও কিছু গান ও কবিতাকে তার সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু আমরা দেখি তাঁর কাব্যজীবনের প্রথম পর্যায়ে তিনি যেমন দোলন-চাঁপা, ছায়ানট ইত্যাদি কাব্যগ্রন্থ লিখেছেন, তেমনি তার চেয়ে বেশি লিখেছেন অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সর্বহারা অথবা সাম্যবাদী। দুটো জাজ্বল্যমান সাক্ষী ‘বিদ্রোহী’ রচনা ও রাজবন্দীর জবানবন্দী।
বহুল পঠিত ‘বিদ্রোহী’ সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই। শুধু এটুকু বললেই যথেষ্ট হবে যে ‘বিদ্রোহী’ মুহ্যমান এক প্রেমিকের নয়, বরং অনমনীয় এক তারুণ্যের উচ্চারণ, যে কখনোই কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করতে রাজি নন। নজরুলের জীবনে ‘বাঁকা বাঁশরী’র স্থান থাকলেও ‘রণতূর্য’কে তিনি কখনো ত্যাগ করেননি। এ ছিল তাঁর রাজনীতি ও সংস্কৃতির অনিবার্য প্রত্যয়।
এবার দেখা যাক রাজবন্দীর জবানবন্দীতে তিনি কী বলেছেন। ‘রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র। রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ, লাভ অর্থ, আমার পক্ষে যিনি তাঁর লক্ষ্য সত্য, লাভ পরমানন্দ।’ বিষয়টিকে ব্যাখ্যা করে কবি বলেছেন, ‘আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি—কাহারো তোষামোদ করি নাই। প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারো পিছনে পোঁ ধরি নাই—আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে—তার জন্য ঘরে-বাইরের বিদ্রূপ, অপমান, লাঞ্ছনা, আঘাত—আমার উপর অপর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে...আত্ম-উপলব্ধিকে বিক্রয় করি নাই,...নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই...।’
উল্লেখ্য, এই জবানবন্দি তিনি দেন ১৯২৩-এর ৭ জানুয়ারি, কলকাতার প্রেসিডেন্সি জেলে। অর্থাৎ পরের বছর কলকাতায় আশালতা সেনগুপ্তার সঙ্গে তাঁর বিয়ের অন্তত এক বছর আগে।
বোঝাই যাচ্ছে, প্রেম ও বিয়ে তাঁর জীবনের স্বাভাবিক অংশ। সে জন্য তিনি কখনোই জীবনের সত্য অথবা মূল সত্যকে তুচ্ছ কিংবা অবহেলা করেননি। এ ক্ষেত্রে রাজনীতি ও সংস্কৃতি ছিল তার অত্যাবশ্যক অংশ।

তিন.
গোকুল নাগ মাত্র একত্রিশ বছর বয়সে প্রয়াত হন। এই নামাঙ্কিত কবিতায় নজরুল লিখেছেন:
আজটাই সত্য নয়, কটা দিন তাহা?
ইতিহাস আছে, আছে ভবিষ্যৎ, যাহা
অনন্তকালের তরে রচে সিংহাসন
সেখানে বসাবে তোমা বিশ্বজনগণ।
কবির নিজের বিষয়েই কি তা সত্য হয়ে ওঠেনি? কিন্তু তার চেয়েও বড় কবির আহ্বান। সেটি না শুনলে আমরা যে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক দায়িত্ব পালনে ব্যর্থ হব।
দুলিয়েছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার