
রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা
হাসান আজিজুল হক
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: কথাপ্রকাশ
ফেব্রুয়ারি ২০১৪
১১২ পৃষ্ঠা
দাম: ১৬০ টাকা
রবীন্দ্রনাথকে নিয়ে বাংলাভাষী লেখকদের মধ্যে স্বস্তি ও অস্বস্তি—দুটো অনুভূতিই দেখতে পাওয়া যায়। কেন এই স্বস্তি আর কেনই-বা অস্বস্তি, আপাতত সেই বিশ্লেষণে না গিয়ে এটা বলা যায় যে আমাদের হাসান আজিজুল হক অন্তত রবীন্দ্রনাথকে নিয়ে কোনো প্রকারের অস্বস্তিতে ভোগেন না। ভোগেন না যে তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ নিজেই। যিনি বলেছেন, ‘জগৎ অপূর্ণ বলিয়াই তাহা চঞ্চল, মানবসমাজ অপূর্ণ বলিয়াই তাহা সচেষ্ট, এবং আমাদের আত্মবোধ অপূর্ণ বলিয়াই আমরা আত্মাকে এবং অন্য সমস্তকে বিভিন্ন করিয়া জানি।’ এই ভিন্নতার বোধকে হাসান কখনোই অস্বীকার করেননি—না তাঁর ছোটগল্পে, না উপন্যাসে কিংবা তাঁর প্রবন্ধে। রবীন্দ্রনাথ কেন হাসান আজিজুল হকের কাছে প্রাসঙ্গিক, তার কারণ সম্পর্কে হাসান বলেছেন, তিনি যেমন আমাদের আলোর পথের পথপ্রদর্শক, তেমনি তাঁর সাহিত্যকর্মের ভান্ডারটিও অঢেল। হাসানের ভাষায়, ‘ভান্ডারে তাঁর বহু রকমের মোহর-পেতল, তামা, মাটি বাদ দিলেও, অশেষ প্রচুর।’
রবীন্দ্রসাহিত্যের মাল-মসলা নিয়ে তিরিশের দশকে যেমন, তেমনি এখনো যে পুরোদস্তুর পুনর্ভবীকরণ সম্ভব, সেটি হাসান দেখিয়ে দিয়েছেন তাঁর ‘ধুলোয় মলিন গল্পগুচ্ছ’ শীর্ষক রচনায়। গল্পগুচ্ছের একটি গল্প অবলম্বনে তিনি স্মৃতিকথা বলার ধরনে মজফ্ফর চাচার যে কাহিনি আমাদের শোনান তাঁর স্বাদু-গদ্যে, তার তুলনা বিরল। শুধু গল্পেই নয়, রবীন্দ্রনাথের গান যে তাঁর অনুভবের স্তরে-স্তরে অনুরণিত, সেটিও হাসান জানিয়েছেন।
এই বইয়ের দ্বিতীয় অংশে রয়েছে ভাষা নিয়ে হাসান আজিজুল হকের কিছু নিজস্ব ভাবনার সংকলন। যদিও তিনি স্বীকার করে নিয়েছেন যে ‘ভাষামাত্রই অসম্ভব রকম পিচ্ছিল জিনিস।’ আর ভাষা নিয়ে কথা বলাটা অনেক কঠিন একটি কাজ। তবে সেই কঠিন কাজটিই হাসান নিজের মতো করে সম্পন্ন করার চেষ্টা করেছেন। ভিটগেনস্টাইন যেমন বলেছিলেন, আমাদের চিন্তার সীমানা ততটুকুই যেতে পারে, ভাষা তাকে যতটুকু নিয়ে যায়; হাসান এই মতটাকেই মেনে নিয়েছেন। চিন্তার সঙ্গে ভাষার এ সম্পর্ক একদিক থেকে দেখলে তার সজীবতারই লক্ষণ। আবার ভাষার স্বভাবের কথাও আমরা বাদ দিতে পারি না। ভাষার সঙ্গে ভাষা-প্রয়োগের কথাও চলে আসে। আসে চিহ্নের কথা। অন্যদিকে ভাষার বস্তুগত অর্থের পাশাপাশি তার যৌক্তিক অর্থকেও আমরা খারিজ করতে পারি না। ভাষার দ্ব্যর্থকতার বিষয়টি এখানে না-ই বা তুললাম। ‘ভাষা’ বলতে তার সামর্থ্যের কথা যেমন চলে আসে, তেমনি তার সার্বিকতার কথাও। সব মিলিয়েই তো ভাষা হয়ে ওঠে মানবসভ্যতার এক অপরিহার্য উপকরণ।
ভাষার যে একটি ব্যাকরণ রয়েছে, সেটি যেমন ভুলে থাকা যায় না আবার একান্তই ব্যাকরণের ওপর নির্ভর করে আমাদের চিন্তাসামর্থ্যকে শক্ত একটা ভিতের ওপর দাঁড় করানো সময়ে-সময়ে কষ্টকর হয়ে ওঠে। আমরা দেখি, ‘ভাষার খেয়াল’-কে রবীন্দ্রনাথও তাচ্ছিল্য করতে পারেননি। ভাষা নিয়ে আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে ঠিকই, তবে শুধুই আবেগের ওপর দাঁড়িয়ে ভাষাকে ‘চিন্তার বাহন’ হিসেবে দাঁড় করানো কঠিন। হাসান মেনে নিয়েছেন যে ভাষা হচ্ছে একই সঙ্গে সামাজিক ও ব্যক্তিগত সম্পত্তি। এই দুইয়ের দ্বন্দ্ব-মিলনেই হয়তো মানুষের মধ্যে ভাষাবোধ গড়ে ওঠে। আবার ব্যক্তির মুখের ভাষাই যে ‘জীবন্ত ভাষা, সবচেয়ে কার্যকর, সবচেয়ে মানুষের বিচারবুদ্ধি যুক্তি আবেগ প্রবৃত্তি প্রকাশক’—সেটিও হাসান মানছেন। বড়মাপের কথাসাহিত্যিকের এই এক গুণ, কোনো কিছুকেই নিছক ফেলনা ভাবতে নারাজ। হাসানের এই গ্রন্থটি আমাদের চিন্তার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা, নতুন জিজ্ঞাসার খোরাক জোগাবে।