
অজ্ঞাত নজরুলের সন্ধানে
আবুল আহসান চৌধুরী
রোদেলা প্রকাশনী
প্রচ্ছদ: আকরাম রতন
দাম: ২৫০ টাকা
আবুল আহসান চৌধুরী কেবল বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক নন, নিরলস ও সনিষ্ঠ গবেষকও তিনি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির নানা অঙ্গনে তাঁর কৌতূহলী বিচরণ।
এ বছর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নজরুলবিষয়ক গবেষণা-প্রবন্ধের সংকলন—অজ্ঞাত নজরুলের সন্ধানে। নজরুল-সম্পর্কিত তাঁর অন্বেষা ও গবেষণার একটি প্রেক্ষাপট আছে। তা হলো: ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলেন নজরুলকথা আর যৌবনে নজরুল-সুহূদ মামা কাজী মোতাহার হোসেনের কাছ থেকে শুনেছিলেন নজরুল-স্মৃতি। ফলে নজরুল সম্পর্কে সৃষ্টি হয়েছিল অনুরাগ ও অনুসন্ধিৎসা। নজরুলের জীবন ও সাহিত্যের অজ্ঞাত তথ্যের অন্বেষাই ছিল তাঁর ব্রত। সেই অন্বেষার পরিচয় রয়েছে অজ্ঞাত নজরুলের সন্ধানে বইয়ের প্রবন্ধগুলোতে।
বইটি ১০টি প্রবন্ধের সংকলন। প্রথম প্রবন্ধ ‘নজরুলের বিদ্রোহী: একটি অজ্ঞাত প্রতিক্রিয়া’। এ প্রবন্ধে নজরুল-ভক্ত সাহিত্যিক-সাংবাদিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের একটি অপ্রকাশিত পত্র উপস্থাপিত হয়েছে। প্রাসঙ্গিক তথ্যে লেখক জানিয়েছেন, নজরুলের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের পর পাঠক মহলে আলোড়ন সৃষ্টি হলে নজরুল-বন্ধু ও বিশিষ্ট কবি মোহিতলাল মজুমদার অভিযোগ করেন, এটি তাঁর লেখা ‘আমি’ নামের গদ্য-নিবন্ধের সাদৃশ্যে ও অনুকরণে রচিত। এই প্রেক্ষাপটে মণিলাল মোহিতলালের ‘আমি’ নিবন্ধসহ নিজের পত্রটি মোসলেম ভারত পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে পাঠান। মণিলালের পত্রটির উদ্দেশ্য ছিল মোহিতলালের ‘আমি’ নিবন্ধের সঙ্গে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য প্রমাণ করা।
বইয়ের দ্বিতীয় প্রবন্ধ রবীন্দ্রনাথ ও নজরুল: এক সুরের দুই কাননের পাখি। এ প্রবন্ধে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ-নজরুল সম্পর্কের বিভিন্ন দিক। নজরুল নানা প্রসঙ্গে নানাজনের কাছে বহু চিঠি লিখেছিলেন। এ ধরনের চিঠি সংগ্রহে সচেষ্ট ছিলেন আবুল আহসান চৌধুরী। ‘নজরুলের অপ্রকাশিত-অগ্রন্থিত-বিলুপ্ত পত্রাবলী’ প্রবন্ধে নজরুলের লেখা এ রকম আটটি পত্র উপস্থাপন করেছেন তিনি। সেই সঙ্গে লিপিবদ্ধ করেছেন প্রাসঙ্গিক কিছু তথ্য।
নজরুল যখন নবপর্যায় প্রকাশিত নবযুগ পত্রিকার প্রধান সম্পাদক সে সময়ে নবযুগ-এ নজরুলের উদ্দেশে একটি দীর্ঘ খোলা চিঠি লিখেছিলেন নজরুলের গুণগ্রাহী সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়। তা ‘সম্পাদকের নিকট চিঠি’ শিরোনামে নবযুগ-এ প্রকাশিত হয়। প্রাসঙ্গিক আলোচনাসহ এই দুষ্প্রাপ্য চিঠিটি উপস্থাপিত হয়েছে ‘নজরুলকে লেখা একটি দুষ্প্রাপ্য খোলা চিঠি’ প্রবন্ধে।
একটি প্রবন্ধ ছাড়া বাকি প্রবন্ধগুলোও গবেষণাধর্মী। ‘নজরুল ও শনিবারের চিঠি: উত্তর পর্ব’ প্রবন্ধটিতে নজরুলের বিরুদ্ধে ‘শনিবারের চিঠি’র শেষ পর্যায়ের ভূমিকা আলোচিত হয়েছে। ‘নজরুল জীবনে কুষ্টিয়া পর্ব’ প্রবন্ধে কুষ্টিয়ায় নজরুলের অবস্থান ও কর্মতৎপরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ‘নজরুল বিদুষণ ও নীরদচন্দ্র চৌধুরী’ প্রবন্ধে তুলে ধরা হয়েছে নীরদচন্দ্রের নজরুল-বিরোধিতার স্বরূপ। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের কলেজ-জীবনের একটি ডায়েরির কিছু তথ্যের আলোকে লেখা হয়েছে ‘নজরুল ও নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়: কিছু অজ্ঞাত তথ্য’ প্রবন্ধটি। ‘নজরুল: অন্নদাশঙ্কর রায়ের স্মৃতি-অনুভবে’ প্রবন্ধটি গবেষণা-প্রবন্ধের আওতাবহির্ভূত। নজরুল সম্পর্কে অন্নদাশঙ্কর রায়ের সাক্ষাৎকারের এই লিপিরূপটি এই গ্রন্থে অন্তর্ভুক্ত না হওয়াই সংগত ছিল।
এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা-নিবন্ধ হচ্ছে ‘নজরুল প্রসঙ্গে মুজফফর আহমদ: চিঠিপত্রের আলোকে’। প্রবন্ধটি ছোট পরিসরের হলেও গবেষণার উপাদানে সমৃদ্ধ। বিশিষ্ট রাজনীতিবিদ ও নজরুল জীবনস্মৃতি-লেখক মুজফফর আহমদের বেশ কিছু অগ্রন্থিত/অপ্রকাশিত দুষ্প্রাপ্য পত্রের প্রতিলিপি এতে সন্নিবেশিত।
এ বইয়ের প্রবন্ধগুলো নজরুল সম্পর্কে লেখকের গভীর আগ্রহ ও অন্বেষার ফসল। নজরুল-জীবনের অজানা অধ্যায়ের নানা তথ্য ও নানা আলোকপাতে বইটি ঋদ্ধ।