নতুন ইতিহাসের ইশারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আজমের বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ নামক এই গবেষণা বইটিকে আমি পাঠ করেছি ইতিহাস হিসেবে। এখানে মুখ্যত ইংরেজ উপনিবেশের আওতায় বাংলা ভাষাবিষয়ক চিন্তা, পরিকল্পনা, চর্চা ও সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের উপনিবেশবিরোধী ভাষাচিন্তার খুঁটিনাটি উঠে এসেছে। প্রাসঙ্গিকভাবে এসেছে উপনিবেশ আমলের রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ইত্যাদির উপনিবেশিত হওয়ার প্রক্রিয়া ও ইতিহাস। ঢাকায় (পড়ুন বাংলাদেশ) এই প্রথম ঊনবিংশ শতাব্দীর ‘নবজাগরণ’, সাহিত্যিক নন্দনতত্ত্ব, ঔপনিবেশিক অর্থনীতি, শিক্ষা ও সামাজিক ‘উন্নতি’-র ধারণা পূর্ণাঙ্গভাবে আলোচিত হয়েছে এবং প্রবল প্রশ্নের মুখে পড়েছে। আজমের ইতিহাস-অন্বেষায় দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রথাগত ঔপনিবেশিক চেতনার ইতিহাসবীক্ষা। বইটির আদ্যোপান্ত প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা আর আধিপত্যের বিপরীতে লেখকের যুক্তিসংগত অবস্থান যেকোনো পাঠকের চোখ এড়াবে না। গবেষণার রক্তের ভেতরে মার্ক্সীয় চেতনা আর সামগ্রিকভাবে উত্তর উপনিবেশবাদী চেতনার অব্যর্থ আঘাতে এ বইয়ে ধরাশায়ী হয়েছে প্রায় ২০০ বছরের একমুখী প্রথাগত ইতিহাসের প্রাসাদ। একাডেমিক শৃঙ্খলায় নতুন ইতিহাস নির্মাণের তীব্র আবেগে ধুকপুক করা এমন শ্রমসাধ্য গবেষণা সচরাচর চোখে পড়ে না।

বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ
বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ
বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ
মোহাম্মদ আজম
প্রচ্ছদ: মামুন হোসাইন
প্রকাশক: আদর্শ প্রকাশনী
৫১১ পৃষ্ঠা,
দাম: ৮০০ টাকা।

বইটিতে দুটি বিষয়ের ওপর আজম আলো ফেলতে চেয়েছেন—বাংলা ভাষার উপনিবেশায়ন এবং রবীন্দ্রনাথ। প্রথম অংশে চট করে ‘উপনিবেশায়ন’ শব্দটি আমাদের আগ্রহী ও মনোযোগী করে তুললেও, একটু পরেই ‘বাংলা ভাষার উপনিবেশায়ন’ শব্দত্রয় একসঙ্গে—অন্তত ঢাকার চিন্তাচর্চার ইতিহাসের মধ্যে—কিছুটা বিস্ময়, কৌতূহল আর জটিলতার উদ্রেক করে। কারণ, অর্থনৈতিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-সাহিত্যিক উপনিবেশায়ন ঢাকার চিন্তাচর্চায় ও গবেষণায় বেশ চলতি থাকলেও বাংলা ভাষার উপনিবেশায়ন একটু নতুনই বটে। বাংলা ভাষার উপনিবেশায়ন নিয়ে ঢাকার গবেষণা বড়জোর, ইংরেজি ভাষার প্রভাবে বাংলা ভাষার শব্দভান্ডার আর সিন্ট্যাক্স কীভাবে রূপান্তরিত হয়েছে এই পর্যন্ত। কিন্তু আজম বইটির ‘উপনিবেশায়ন-প্রক্রিয়া ও বাংলা ভাষা’ এবং ‘উনিশ শতকে বাংলা গদ্য ও বাংলা ভাষাচর্চার ধারা’ শিরোনামের দুটি অধ্যায়ে তত্ত্বতালাশ করেছেন, ইংরেজ ঔপনিবেশিক শক্তির দ্বারা বাংলার মসনদ আর অর্থনীতির পাশাপাশি বাংলা ভাষা কীভাবে আক্রান্ত, বিপন্ন, বিকৃত, উপনিবেশিত হয়েছে, তথা মোড়লিপনার শিকার হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত-মুন্সিদের চেয়ে বাংলা ভাষাচর্চাকারী ইংরেজ সাহেবদের প্রযোজনা ও চর্চার মাধ্যমে বাংলা ভাষা তার মূল স্বভাব থেকে সরে গিয়ে সংস্কৃতানুগ হয়েছে; মুসলিম ভাষাচিহ্নের ‘অপরায়ণ’ ঘটেছে। এই ‘অপরায়ণ’ ও সংস্কৃতায়নের মাধ্যমে ইংরেজ ‘বেয়াড়া’ বাংলা ভাষাকে বাগে এনে জ্ঞান, আইনকানুন, ক্ষমতাকে বাগে এনেছে। এ কারণে আজম ইংরেজের বাংলা অভিধান প্রণয়ন বা বাংলাচর্চায় প্রথাগতভাবে আপ্লুত না হয়ে একে তিনি বাংলা ভাষার উপনিবেশায়নের প্রচেষ্টা হিসেবেই দেখেছেন।
বইয়ের শেষ তিনটি অধ্যায়ে আছে ভাষাতাত্ত্বিক রবীন্দ্রনাথের পরিচয়। রবীন্দ্রনাথ যে ভাষাচিন্তায় প্রাকৃতবাদী ছিলেন, সে কথাই গবেষণায় দেখিয়েছেন লেখক। একই সঙ্গে বাংলা ভাষাকে সংস্কৃতায়ন তথা উপনিবেশায়নের গর্ভ থেকে মুক্ত করার রাবীন্দ্রিক বাসনা, প্রক্রিয়া, প্রচেষ্টা ও সংগ্রামের কথাও আছে শেষাংশে। বইয়ের পাটাতন অধ্যায়টির নাম ‘বাংলায় উপনিবেশায়ন’। বাংলা অঞ্চল কীভাবে, কোন কোন দিক থেকে সর্বব্যাপী ও অতলস্পর্শী উপনিবেশায়নের শিকার হয়েছে, তার এক অনন্য দলিল হয়ে উঠেছে গ্রন্থের দ্বিতীয় অধ্যায়টি। অধ্যায়টি তথ্য, তত্ত্ব আর ইতিহাস নির্মাণের আকাঙ্ক্ষার প্রশ্নে এত সমৃদ্ধ আর আটঘাট বাঁধা যে এটিই হতে পারত একটি স্বতন্ত্র বই।
ভণিতা না করে বলা যায়, ঢাকায় রবীন্দ্রচর্চা অধিকাংশ ক্ষেত্রে ভাবালুতা আক্রান্ত ও একদেশদর্শী। এই প্রবণতা রবীন্দ্রনাথকে যথার্থভাবে বোঝার ক্ষেত্রে বাধা। মোহাম্মদ আজম রবীন্দ্রস্তাবকতা বা রবীন্দ্রবিরোধিতায় না গিয়ে নির্মোহভাবে, সজ্ঞান-সচেতনভাবে রবীন্দ্রমূল্যায়ন করেছেন। এতে গবেষকের ব্যক্তিত্ব যেমন স্পষ্ট হয়েছে, তেমনি রবীন্দ্রনাথও স্বরূপে উদ্ঘাটিত হয়েছেন।
বাংলাদেশে সৃজনশীল সাহিত্যকর্ম ও গবেষণাকর্মকে আলাদা বিবেচনা করা হয়। কিন্তু গবেষণাও কখনো কখনো গবেষকের কৃতিত্বে সৃজনশীল হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে গবেষণাকর্মকে শুষে নিতে হয় সৃজনশীলতার যাবতীয় গুণকে। মোহাম্মদ আজম প্রণীত বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ বইটি গবেষণাকর্ম হয়েও সৃজনশীলতার এক দারুণ দৃষ্টান্ত।