নতুন বই লিখছেন বিল গেটস

জ্বালানি ও জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন বই লিখছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। হাউ টু অ্যাভয়েড ক্লাইমেট ডিজাস্টার: দ্য সিচুয়েশন উই হ্যাভ অ্যান্ড দ্য ব্রেকথ্রোস উই নিড নামের বইটি ২০২০ সালের জুনে প্রকাশিত হবে। তবে কোন প্রকাশনী থেকে এটি বের হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বই প্রসঙ্গে বিল গেটস বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর এক অভিনব সমস্যা। জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব রোধে ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান ও প্রযুক্তিকে কীভাবে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ব্যবহার করা যায়, তার উপায় শনাক্ত করতেই এ বই লিখতে শুরু করেছি আমি।’
জানা গেছে, বইটি লেখা শেষ হলে এর প্রয়োজনীয় সম্পাদনা করবেন রবার্ট গোটলিয়েব। গোটলিয়েব বলেন, ‘একজন সমস্যা সমাধানকারী হিসেবে বিল গেটসের নাম সুবিদিত। তিনি এবার জলবায়ু পরিবর্তনের মতো ভয়ংকর এক সমস্যার সমাধানে মাঠে নেমেছেন। এই বই শুধু সমস্যাকেই শনাক্ত করবে না, বরং সমাধানেরও পথ বাতলাবে।’ এমন একটি বইয়ের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুব শ্লাঘা বোধ করছি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: মারুফ ইসলাম