নতুন শিল্পীর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও বার্জারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নবীন চিত্রশিল্পীদের ছবি আঁকার প্রতিযোগিতা। এই চিত্রশিল্পীদের মধ্য থেকে বাছাই করা ৪০টি চিত্রকর্ম নিয়ে চারুকলার জয়নুল গ্যালারিতে ‘ফিফটিনথ বার্জার ইয়ং পেইন্টারস আর্ট কম্পিটিশন ২০১০’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে (১০-১৪ ডিসেম্বর)।গ্যালারির বাইরের প্রাঙ্গণ সাজানো হয়েছে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের ছবির ফেস্টুন দিয়ে। গ্যালারিতে ঢুকলেই চারদিকের ক্যানভাসের রঙের সমাহারে চোখ চলে যায় চারদিকে। একপাশের দেয়ালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো একসঙ্গে রাখা। অন্য ছবিগুলো প্রতিটির দৈর্ঘ্য ও প্রস্থ ২৪ ইঞ্চি। প্রতিটি ছবি তেলরঙে আঁকা। তবে শিল্পীরা ফ্রেমের ক্ষেত্রে এনেছেন বৈচিত্র্য। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তরুণ শিল্পী নাজমুন নাহার। তাঁর চিত্রকর্ম ‘প্যানারোমিক ফিলিংস ২২’-এর বর্গাকার ক্যানভাসে প্রতিফলিত হয়েছে তাঁর চিন্তা ও অনুভূতি। সমাজের রূঢ় বাস্তবতা এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তার নিজস্ব দ্বন্দ্ব আর চারপাশের মানুষের দ্বান্দ্বিক অবস্থান শিল্পীকে বিচলিত করে। তার অস্তিত্বের এ সংকটকে তিনি ছড়িয়ে দিয়েছেন ক্যানভাসে। প্রদর্শনীতে দেখা যায় শিল্পীদের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি। এখানে উঠে এসেছে সমকালীন বাস্তবতায় মানুষের জীবন ও ভাবনা। শিল্পী আসিফ উজ জামানের চিত্র ‘দ্য এক্সপেরিয়েন্স থ্রু এভোল্যুশন অব টাইম ১’-এ দেখা যায়, চিঠি, স্মৃতিবিজড়িত রুমালের জায়গায় এখন দখল করে নিয়েছে মোবাইল ফোন। স্মিতা পুরকায়স্থর আভিজাত্য ছবিতে আমাদের তথাকথিত আভিজাত্য বন্দী হয়ে আছে পাথরের মালায়। শিল্পীদের মধ্যে সঞ্জয় বিকাশ দাস দ্বিতীয়, মো. সোহেল রানা তৃতীয়, আনিসুজ্জামান মামুন চতুর্থ, মো. মোনাইম ধারিয়া পঞ্চম ও সাগর চক্রবর্তী ষষ্ঠ স্থান অর্জন করেছেন। শুধু একাডেমীর শিল্পীরাই ভালো ছবি আঁকেন এ কথা আরেকবার ভুল প্রমাণ করলেন শিল্পী মো. মোনাইম ধারিয়া। প্র্রতিযোগিতায় পঞ্চম হওয়া এ শিল্পী স্বশিক্ষিত।বার্জারের বার্ষিক ক্যালেন্ডারটিও প্রকাশিত হবে এই ছয়জন শিল্পীর চিত্রকর্ম দিয়ে।