নতুন সমালোচনার সন্ধানে
ডেপার্ট (শিল্পবিষয়ক ত্রৈমাসিক)—সম্পাদক: মোস্তফা জামান \ প্রকাশকাল: জুলাই থেকে সেপ্টেম্বর ২০১২ \ প্রকাশক: কাজী আনিস মুকিত \ প্রচ্ছদ: রফিকুল শুভ \ দাম: ৪০০ টাকাপ্রায় তিন বছর ধরে ঢাকা থেকে ডেপার্ট নামের একটি ইংরেজি ভাষার শিল্পবিষয়ক ত্রৈমাসিক মোস্তফা জামানের সম্পাদনায় নিয়মিত বেরোচ্ছে। আমাদের দেশে শিল্প-সমালোচনার যে ধারাটি দীর্ঘদিন ধরে চালু আছে, তার মূল ভিত্তি হচ্ছে বিবরণ এবং কাণ্ডজ্ঞানমুখী আলোচনা। এর পাশাপাশি ক্রিটিক্যাল জায়গা থেকে আর্টকে বুঝতে চাওয়ার একটা ক্ষীণ ধারা বরাবরই বিরাজিত ছিল। ডেপার্ট-এর মধ্য দিয়ে বলতে হবে, শিল্পকলাকে সমকালীন শিল্পতত্ত্বের পাটাতনে দাঁড়িয়ে বোঝার প্রচেষ্টা একটি সুপুষ্ট আকার পেল। এ কারণে এই ত্রৈমাসিকের একটি গুরুতর অর্জন হলো, এটি হাতুড়ে প্রণালির শিল্প সমালোচনার হাত থেকে আমাদের নিস্তার দিয়েছে। এর আধেয় নির্বাচনের মধ্যে আরেকটি লক্ষণীয় দিক হচ্ছে, এটি প্রথাগত শিল্পকর্মের বাইরে যেসব নতুন, নিরীক্ষাধর্মী কাজ হচ্ছে, সেগুলোর ব্যাপারে অধিক আগ্রহী।এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে ডেপার্ট-এর ১০ থেকে ১১ সংখ্যা। ডেপার্ট আর্ট কথাটা ব্যাপক অর্থে নিয়ে চিত্রকলা, ভাস্কর্য, ইনস্টলেশন, ফটোগ্রাফি, পপুলার কালচার ও স্থাপত্য—এ রকম নানা মাধ্যম ও বিষয়ের ওপর মনোযোগ দেয়। হালফিল সংখ্যায়ও এ রকম বিচিত্র বিষয়ের ওপর অন্তর্দৃষ্টিমূলক একগাদা রচনা ঠাঁই পেয়েছে। সম্প্রতি প্রয়াত বিমূর্ত ধারার চিত্রশিল্পী ফখরুল ইসলামের স্মরণে একটি লেখা দিয়ে শুরু হয়েছে এবারের সংখ্যাটি। এ ছাড়া সোমনাথ হোরের চিত্রকর্মের একটি সামগ্রিক পাঠের অভিপ্রায় নিয়ে ছাপা হয়েছে আরেকটি রচনা।এবারের সংখ্যার একটি বিশেষ মনোযোগের দিক হচ্ছে স্থাপত্য। ঢাকার সমকালীন স্থাপত্যের বৈশিষ্ট্য নিয়ে একটি লেখার পাশাপাশি মোগল আমলে নির্মিত ঢাকার স্থাপত্য নিয়ে একটি কৌতূহলোদ্দীপক রচনা স্থান পেয়েছে। এর সঙ্গে রয়েছে স্থাপত্যবিষয়ক ১০টি প্রতিপাদ্য, যা ভাস্কর্যের নতুন বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করে।প্রতিটি সংখ্যায়ই ডেপার্ট বেশ কিছু প্রদর্শনীর ওপর রিভিউ ছাপে। এসব প্রদর্শনী বাছাই করার ক্ষেত্রে চিন্তা-উদ্দীপক, নতুন ধরনের শিল্পকর্মই সাধারণত মনোযোগ পেয়ে থাকে। বাংলাদেশের শিল্পকলার যে নতুন একটি স্বর ক্রমে তৈরি হচ্ছে এসব রিভিউর মধ্য দিয়ে, সে ব্যাপারে আভাস পাওয়া যায়। এবারের সংখ্যায় যেমন ওজিসিজেএমের আয়োজনে তেজগাঁওয়ের সিরকো সোপ ইন্ডাস্ট্রিতে হয়ে যাওয়া একটি প্রদর্শনীর ওপর আলোচনা ছাপা হয়েছে, যে প্রদর্শনী নানা নতুন মাধ্যম ব্যবহার করে একটি স্বতন্ত্র শিল্পভাষার প্রচেষ্টাকে দৃশ্যমান করে। বৃত্ত স্পেসে গত এপ্রিলে অনুষ্ঠিত প্রদর্শনীর ক্ষেত্রেও একই কথা খাটবে। লালা রুখ সেলিমের ভাস্কর্য নিয়ে আলোচনা ভাস্কর্যের একমাত্রিক নির্মাণ থেকে বেরিয়ে আসার পথ দেখায়। নভেরা আহমেদ এবং নাসিমা হক মিতুর ভাস্কর্য নিয়ে একটি রচনার মধ্য দিয়ে পাবলিক আর্টের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দৃশ্যমান হয়েছে। কালচারাল ডাইভারসিটির নামে যে জাতীয় ও আন্তর্জাতিক ন্যারেটিভ, যা আমরা বিনা বিচারে মেনে নিই, তার ওপর একটি ক্রিটিক্যাল পর্যালোচনা ছাপা হয়েছে।এই ত্রৈমাসিকে ব্যাপকভাবে নানা রকম জারগন ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে জারগনের ব্যবহার কিছুটা কমানো যেতে পারত, সেটি পাঠকের পক্ষেও সুবিধার হতো, আবার অনাবশ্যক জারগন ব্যবহারের ঝক্কিও আসান হতো। বিভিন্ন লেখায় থিওরাইজেশনের প্রয়োজনে যেসব শিল্পতত্ত্বের প্রসঙ্গ এসেছে, সেখানেও বোধ হয় এ রকম একটি আপত্তি করা যায়। সব ক্ষেত্রে শিল্পতত্ত্বের প্রাসঙ্গিকতা পুরোপুরি প্রতিভাত হয়নি।