বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালায় সম্প্রতি শুরু হয়েছে ‘১৮তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১২’। বর্তমান বাংলাদেশের নবীন শিল্পীদের শিল্পভাবনার বৈচিত্র্যময় গতি-প্রকৃতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এই প্রদর্শনীতে। এ দেশের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার সময়টুকু খুব বেশি দীর্ঘ নয়; অথচ এই অল্প সময়ে তরুণ শিল্পীদের জীবনযাপন-শিল্পোপলব্ধি-শৈল্পিক প্রবণতার সম্মিলন এ দেশের শিল্পভুবনকে উত্তরোত্তর সমৃদ্ধ করে চলেছে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশের শিল্পীরা ভোগ করছে শৈল্পিক স্বাধীনতার পুরোটাই; ধর্মীয়, সামাজিক কিংবা রাজনৈতিক বাধা-বিপত্তিগুলো শিল্পীদের সৃজন-প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত তৈরি করছে না বলেই মনে হয়। তবে ঠিক এখানেই আমাদের শিল্প-প্রবণতা প্রশ্নের মুখোমুখি হতে পারে। সামাজিক অস্থিরতা থেকে মুক্ত হয়ে আমাদের শিল্পকলা আসলে কোন দিকে ধাবমান?তবে আশাব্যঞ্জক দিক হিসেবে বলা যায়, এ সময়ের তরুণ শিল্পীদের শিল্পকর্ম বিমূর্তায়নের দিকে না এগিয়ে অনেক বেশি বক্তব্যধর্মী হয়ে উঠেছে। অভিজ্ঞতার সঙ্গে যান্ত্রিকতার সমন্বয় না হয়ে আবেগের বহিঃপ্রকাশ বেশি, মানস উপলব্ধির চিত্রায়নের প্রচেষ্টাকে ইতিবাচক দিক ধরে নেওয়াই সংগত। নিরীক্ষা রয়েছে বিষয়বস্তুতে, বৈচিত্র্যময় করণকৌশলের স্বাতন্ত্র্য এই প্রদর্শনীকে ভিন্নমাত্রা দিতে সক্ষম হয়েছে। চিত্রকলা-ছাপচিত্র-ভাস্কর্য-ভিডিও আর্ট-স্থাপনা শিল্প—এই মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের নিরীক্ষা দেখা যায়। শিল্পী বিশ্বজিত্ গোস্বামীর ‘বিবর্তন ও শারীরিক অস্তিত্ব-৯’ নবীন শিল্পী চারুকলা পুরস্কারে ভূষিত হয়েছে। শূন্য পরিসরে অস্তিত্বের বিবর্তন-প্রক্রিয়ায় ব্রিদিং স্পেসের ব্যবহার এই শিল্পকর্মের উল্লেখযোগ্য দিক।চিত্রকলায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে শিল্পী মাঈনউদ্দিনের ‘সুরের সমাপ্তি-১’ শীর্ষক চিত্রকর্মটি। বিষয়বস্তু এবং করণকৌশলে নতুনত্বের স্বাদ না পেলেও উপস্থাপনা দৃষ্টিনন্দন। ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার মো. আমিনুল ইসলামের ‘ফেস অব লাইফ-১’ শিল্পীর মুখাবয়বের আদলে নির্মিত, যেখানে তেমন কোনো নিরীক্ষা বা সম্ভাবনা তৈরি করতে পারেনি। শিল্পী কামরুজ্জামানের ‘লাইট টু ডার্ক’ ছাপাই ছবিটি ছাপচিত্রের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছে। বর্ণনামূলক শিল্পকর্ম দর্শকদের স্বভাবতই আকৃষ্ট করে, এটিও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। বিষয়বস্তু এবং করণকৌশলে শিল্পীর ভাবনার বৈচিত্র্য এবং দক্ষতা আলাদাভাবে নজর কাড়ে। কামরুজ্জামানের ‘আফটার রেইন’ চিত্রটিও বিশেষ প্রশংসার দাবিদার। সম্মানসূচক পুরস্কারগুলোতে শিল্পীদের ভাবনার গভীরতা পাওয়া যায়নি।‘অগ্নিযাত্রা-১’, ‘পাখি-২’, ‘সংকটকাল-২২’, ‘সাদা-৩’, ভাস্কর্যে ‘ফিরে দেখা-১’, ‘ব্রোকেন হার্ট’ বা ‘অযাচিত বাস্তবতা’, ‘রিপু ও প্রতিধ্বনিগণ’ শীর্ষক স্থাপনা শিল্পটি নতুন সম্ভাবনা তৈরি করলেও পরিপূর্ণতার অভাবই প্রকট হয়ে ওঠে।নবীন শিল্পীদের শিল্পকর্মে এ দেশের ভবিষ্যত্ শিল্পের কোনো প্রচ্ছন্ন দিক স্পষ্টতর হয়নি, তবে অফুরন্ত সম্ভাবনার ইঙ্গিত লক্ষণীয়। সামাজিক টানাপোড়েনের বিবিধ নির্মিতিগুলো হয়তো ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যাবে। নিছক সৌন্দর্য বিনির্মাণের প্রচেষ্টাকে ছুড়ে ফেলে, অগ্রজদের প্রভাব এড়িয়ে জীবনের নানা ঘাত-প্রতিঘাত, মূল্যবোধের শিল্পিত রূপের উপস্থাপন প্রচেষ্টা প্রদর্শনীতে গতিময়তা সৃষ্টি করেছে। এই প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্তদের বাইরে অনেক উল্লেখ্যযোগ্য শিল্পকর্ম দেখার সুযোগ হয়েছে শিল্পপ্রেমীদের। নিয়মমাফিক পুরস্কার প্রদানের বাইরে এসে শিল্পমান বিবেচনায় রেখে শিল্পকর্ম নির্ধারণ করা হলে হয়তো অনেক শিল্পী পুরস্কারবঞ্চিত হতে পারতেন। পুরস্কার নির্দিষ্ট শিল্পকর্ম এবং শিল্পীকে বিশেষভাবে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে এবং অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নিরপেক্ষতা রক্ষিত হয় না; ফলত প্রতিশ্রুতিশীল অনেক শিল্পীই বিভ্রান্ত হতে পারেন। এ ক্ষেত্রে দেশের ভবিষ্যত্ শিল্পীদের উত্সাহ-উদ্দীপনা তৈরিতে অন্য কোনো পদ্ধতির কথাও ভাবা যেতে পারে।রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমীর দ্বিবার্ষিক এই আয়োজন আমাদের শিল্পকলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তরুণদের উত্সাহিত করার এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যত্ শিল্পীদের কলকাকলিতে মুখর শিল্পকলা একাডেমীর গ্যালারিতে এখন বেড়ে উঠছে নতুন বাংলাদেশ।