নদীর পেটে জন্ম নিয়েছে বাংলাদেশ। এই বদ্বীপের চারপাশ বেষ্টন করে আছে অসংখ্য নদী। স্বভাবতই নদীর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছে মানুষের, জীবনের। দৃক গ্যালারিতে ১২ জুলাই শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনীর মধ্যেও নদী ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবনের দেখা মেলে। ‘রিভার অ্যান্ড লাইফ’ শিরোনামের এই প্রদর্শনীর আলোকচিত্রী কবির হোসেন।নদী ও নদী-অববাহিকার মানুষজন এই আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে বিচিত্র মাত্রায়। কত কত নদীর পারে কত রকমই না মানুষের জীবন! প্রদর্শিত হচ্ছে ৪৪টি আলোকচিত্র। তার মধ্যে একটি চিত্রে দেখা যায়, সোমেশ্বরীর পারে কয়েকটি দুরন্ত গারো কিশোর। শিরোনামে যা লেখা, তার বাংলা করলে দাঁড়ায়—আমরা পরোয়া করি না। এই চিত্রে শিরোনাম না থাকলেও ছবিটি বুঝতে মুশকিল হওয়ার কথা নয়। নীল রঙের বিস্তৃতির মধ্যে কালো বর্ণের তিন কিশোর যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার ভাষা সহজেই পড়া যায়। আলোকচিত্রটির ধারণ ও বিন্যাসের মধ্যে নিঃশব্দে এমন একটি ঔদ্ধত্য পুরে দেওয়া হয়েছে, যা ‘উই আর ডোন্ট কেয়ার’ শিরোনামকে মহিমা দিয়েছে।কবিরের স্থিরচিত্রে নদী ও জীবনের মধ্যে কোনো ভেদরেখা নেই। এখানে জীবন যেমন সতেজ, নদীও তেমনি সপ্রাণ। তাই ধলেশ্বরী, সোমেশ্বরী কি তিস্তাপারে যে জীবনের তালাশ মেলে, সেই জীবন লড়াইয়ের, বেঁচে থাকার। একটি চিত্র আমাদের দেখায়—কয়েকজন মানুষের মধ্যে মাছ রাখার ঝাঁপি থেকে বৃষ্টির মতো টপটপ করে জল ঝরছে। আমরা বুঝতে পারি, কোনো এক সকালে মৎস্যোপজীবীদের কর্মযজ্ঞ বিধৃত রয়েছে এই ছবিতে। আলোকচিত্রী কবির হোসেনের ছবিতে অজস্র নদী আর অগণন মানুষের নিঃশব্দ কথকতা। সকাল-দুপুর-সন্ধ্যা—দিনমানের নানা মুহূর্তের চিত্রাবলিতে সমৃদ্ধ প্রদর্শনীটি চলবে ১৭ জুলাই পর্যন্ত।আমাদের মহুয়া পালার একটি পঙিক্ত হলো, ‘তুমি হইয়ো গহিন গাঙ, আমি ডুইবা মরি।’ মহুয়ার প্রেমে আকুল নদের চাঁদের উক্তি এটি। এখানে নদীর সঙ্গে জীবনের যেমন যোগসাজশ আছে, তেমনই কবিরের চিত্রসম্ভারেও নদী ও জীবন একাকার। গহিন গাঙে ক্যামেরা ফোকাস করে কবির হোসেন যেন বা আমাদের নাগরিক মনকে প্রান্তবাসী সেই জীবনের খোঁজ জানাতে অস্থির।