নদীর ওপারের মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে রোদ। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে। হোক। এখানে রোদেলা বিকেল। পশ্চিমে হেলে যাওয়া সূর্য তির্যকভাবে পড়ে আলোর বড় বড় ম্যানহোল বানিয়ে রেখেছে। সে আলো পেরিয়ে, ছায়া পেরিয়ে হেঁটে হেঁটে সুরুজ এগোয়। কিন্তু সে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সে পথ কোথায় গেছে? তানুর দরজায় গিয়ে ঠেকেছে? এ পথ কি গিয়ে ঠেকেছে সেই ব্রিজে, যেখানে তার কৈশোরের প্রতিটা বিকেল সন্ধ্যায় মিলিয়ে যেত? জানে না, একবারের জন্য জানতে ইচ্ছাও করে না। এটাকে যা-ই মনে হোক, এ তো সত্যি, তার এ মুহূর্তে মনে পড়ছে পাবলো নেরুদার লেখা লাইন কটা। লাইন কটায় প্রেমের মাখামাখি অথবা...। সেই কটাই কেন মনে পড়ছে? নিশ্চয় কোনো কারণ আছে। নিশ্চয় কোথাও কোনো কারণ তৈরি হয়ে আছে। মাথায় অথবা বুকের ভেতর—কোথাও! লাইনগুলো মাথার ভেতর জমা পড়ে। একই পঙিক্ত ঘুরে ঘুরে একাধিকবার এসে জমা পড়ে। পথের দু দিকে সবুজ গাছপালা পাহারা বসিয়েছে। সারি সারি—মোটা, মাঝারি, ছোট ছোট গাছ। তার ভেতর দিয়ে হেঁটে হেঁটে মিনিট পাঁচেকের পথ। এর মধ্যে সুরুজের মনে হয়, সুনসান বিকেলের ভেতর সে আর নেই। সবুজাভ চেহারার গাছপালাও পেছনে পড়ে গেছে। এখানে কোলাহল এবং প্রায় ফুরিয়ে যাওয়া বিকেল তাকে একসঙ্গে ঘিরে ধরে। এখানে রাস্তার দু পাশে অনেক মানুষ। তা ছাড়া দু পাশে দোকানের সারি রাস্তার ওপর হুমড়ি খেয়ে আছে। এই তো সামনে একটা বড় চায়ের দোকান। সুরুজ দেখতে পায়, তাতে লোকজন ঠাসা। সবাই মনোযোগ দিয়ে টেলিভিশন দেখছে। টেলিভিশন থেকে বেরিয়ে আসা নানা ডায়ালগ সুরুজের কানে ঢুকে পড়ে। সে ওই দোকানের দিকে পা বাড়ায়। দোকানটার ভেতর দিকে একটা জানালা। জানালা ঘেঁষে নদীটা। নদী তার প্রায় কালো রঙের পানিকে বাতাসে নাচাচ্ছে। ওই মুহূর্তে সুরুজের পাশ দিয়ে একটা লোক, দুইটা লোক, তিনটা লোক, অনেকগুলো লোক চলে যায়। মুহূর্তের ভেতর। তার থেকে একজন সুরুজের কানে কানে বলে, ওপারে যা, ওপারের বাজারে সব আছে। কথাগুলো সুরুজের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে ঘাড় ঘুরিয়ে দেখে—কে? কিন্তু তাকে পেরিয়ে যাওয়া এতগুলো থেকে কাউকে তার মনে হয় না—এ লোকটাই। ফলে সুরুজ দ্বিধাদ্বন্দ্বের ভেতর পড়ে যায়। অবশ্য ততক্ষণে সে মনস্থির করে ফেলেছে, ওপারে যাবে। হেঁটে হেঁটে দু মিনিট এগিয়েই সুরুজ ঘাটটা দেখতে পায়। নদীটা নিজের শরীর নিয়ে মৃদু তরঙ্গের একটা খেলা খেলছে। সে শরীরে ভাঁজ পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। ভাঁজ পড়ে পড়ে মিলিয়ে যাচ্ছে। সুরুজ লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে। ওপারে যাওয়ার জন্য তার মন আনচান। এরই মধ্যে বাজারে জ্বলে ওঠা বৈদ্যুতিক বাতি নদীর পানিতে নিজেদের মুখ দেখতে শুরু করেছে। ২.বাজারের ঘাটে পা ফেলে সুরুজ টের পায়, এখানের বাতিগুলো যে আলো দিচ্ছে তা অন্য রকম। কিন্তু এই অন্য রকমটা কী তা সে বুঝে উঠতে পারে না। সুরুজ দেখে, আলোর প্রবাহ তার শরীর বেয়ে ক্রমাগত পিছলে পড়ছে। অদ্ভুত বলেই মনে হয় তার কাছে। এর ভেতর একদল লোক কথা বলছে ফিসফিসিয়ে। চোখেমুখে উদ্বিগ্নতার ছাপ টের পাওয়া যায়। ফিসফিসানি জিনিসটা সুরুজের সব সময় ভয়ংকর মনে হয়। ফলে সে দ্রুত এ জায়গা থেকে সরে আসে। তবে খুব সামান্য এগিয়ে বাঁক নেওয়ামাত্র তাঁর কাছে সবকিছু নতুন করে ধরা দেয়। এদিকে উৎসবের ছড়াছড়ি। সামনেই বেশ কটা যুবক গোল হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে একজন আরেকজনের পিঠ চাপড়ে হাসিতে ফেটে পড়ছে। সামনের দিকে একটা হাসিমুখের জটলা কাগজের তৈরি বাহারি পতাকা ওড়াচ্ছে। আর মিহি সুরে গান ধরেছে, আজ আমাদের দিন গো আজ আমাদের রাত। সুরুজ হাহা করে হেসে উঠে মুহূর্তেই সামলে নেয়। বিড়বিড় করে বলে, এমন গানের কথা সে তো কোনো দিন শোনেনি। তারপর সে তার সামনের দোকানিকে জিজ্ঞেস করে, ভাই, শসার কেজি কত?সুরুজের প্রশ্ন শুনে লোকটা অবাক হয়ে তাকায়। তারপর বেশ রেগে গিয়ে বলে, আমার দোকানে শসা পাইলেন কই?তাই তো! এটা তো মশলার দোকান। হলুদ, মরিচ, ধনিয়া—বড্ড রঙ্গিলা রঙ্গিলা মুখ। সুরুজ দ্রুত সরে পড়ে। তার উদ্দেশ্য অবশ্য পূরণ হয়ে গেছে। তার হঠাৎই মনে হয়েছিল, সে বোধহয় অচেনা কোনো দেশে চলে এসেছে। কিন্তু শসার দাম জিজ্ঞেস করে তার সমাধান সে পেয়ে যায়। এখন মজায় ডুববে, ভাবে সুরুজ। বাজারে এসেছে তো মজায় ডুবতেই। আলোর পিচ্ছিল তরঙ্গে পা ফেলার পরপরই তার মনখারাপের বিষয়গুলো ঘোলাটে হতে শুরু করেছে। এতে সুরুজ মনে করছে, মনখারাপেরা আরও আরও ঘোলাটে হয়ে যাবে। এই ভেবে সে ডান পকেটে হাত ঢুকিয়ে টাকাটা দেখে নেয়। সে এদিকে আসার আগ-মুহূর্তে এটিএম বুথ থেকে টাকা তুলেছে। একদম কড়কড়ে। টাকার স্পর্শ পেয়ে তার ভালো লাগে খুব। সামনেই জটলা। বিরাট। জটলা থেকে থেমে থেমে আসছে হাসির হুল্লোর। যখন হাসি থামে তখন একটি নারীকণ্ঠ। যখন নারীকণ্ঠ থামে তখন হাসি। সুরুজ ওই দিকে যায়। কিন্তু মানুষের ভাঁজ ভেঙে সহজে সে ভেতরে ঢুকতে পারে না। কয়েকবার চেষ্টার পর মাথাটা ঢোকাতে সক্ষম হয়। একি! একজন মহিলা বানর নাচ দেখাচ্ছে। দূর, এর জন্য এত ভিড় করার কী? সুরুজ মাথা সরিয়ে নিতে যায়। তখন মহিলার কণ্ঠ তার কানে আসে। মহিলা বানরের হাত থেকে একটা কাগজ টেনে নিয়ে ওল্টায়, তারপর বলে, সাত দিনের মধ্যেই আপনের বউ ফিইর‌্যা আইব। সঙ্গে সঙ্গে চারদিকে হুল্লোর আর হাততালি। ‘ফিইর‌্যা আইব’—এই দুইটা শব্দ সুরুজকে ব্যারিকেড দিয়ে বসে। সে এখান থেকে নড়তে পারে না আর। তারপর একে একে অনেকগুলো ঘটনা দেখে সুরুজ। দেখে মহিলার বিচিত্র সব কথা সবাইকে মুগ্ধ করে রেখেছে। মহিলাটি একের পর এক তাকে ঘিরে রাখা মানুষের সমস্যার সমাধান বাতলে দিচ্ছে। আর এই সমাধানের মুখ্য ভূমিকায় আছে তিনটা বানর। সুরুজ মুগ্ধ হয়ে যায়। সে দেখে মহিলা একা। তাকে সাহায্য করার কেউ নেই। একাই বানর তিনটাকে সামলাচ্ছে। একাই এতগুলো মানুষের হাসিতালিও ঠিক সামলে নিচ্ছে। সুরুজ হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে বোঝার চেষ্টা করে মহিলার বয়স কত। কিন্তু কোনোমতেই ঠাহর করতে পারে না। বরং সে মন্ত্রমুগ্ধের মতো মহিলার মুখে কথাফোটা দেখে যায়।৩.অনেকক্ষণ এভাবে চলার পর খেলার ইতি। জটলা শেষ হয়ে যায়। থাকে শুধু সুরুজ আর মহিলা। আর শেকলে আটকে থাকা বানরগুলো। সুরুজ কিছু একটা বলতে গিয়েও পারে না। মহিলা নিজের মতো করে টাকা গুনে চলে। এই গ্রামের হাটে লুঙ্গি আর শার্ট, ম্লান প্যান্ট আর ফ্যাকাশে ফতুয়া পরা মানুষগুলোর ভেতর সে তো আলাদা। তবু মহিলা তার প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখাচ্ছে বলে মনে হয় না। শুধু মুখে মৃদু হাসির রেশ লেগে আছে। টাকা গোনা শেষ হলে মহিলা বানর তিনটার শেকল এক হাতে ধরে অন্য হাতে পুঁটলিটা তুলে নেয়। সুরুজ আর সময়ক্ষেপণ না করে মহিলার পাশে গিয়ে দাঁড়ায়। ‘এখন আর হইব না।’ মহিলা মাথা না তুলেই কথা কটা বলে। কথা কটা বুঝতে সুরুজের কয়েক সেকেন্ড লাগে। ‘না না, বানর দিয়ে আমার ভাগ্য দেখতে চাই না।’ সুরুজ হুহু করে হাসতে থাকে।মহিলা তখন ঘাড় তুলে সুরুজের দিকে স্থির দৃষ্টি ফেলে। মহিলার চোখ দুটা জ্বলছে। উজ্জ্বল এবং চোখের মণি সবুজ। সুরুজ চোখ দুটা দেখে ভড়কে যায়। তার মনে হয় সে পুড়ে যাচ্ছে। একটু একটু করে শরীরের একেকটা অঙ্গ ছাই হয়ে যাচ্ছে। এই চাহনী কয়েক সেকেন্ডের বেশি দীর্ঘ হয় না। চোখ ঘুরিয়ে হাঁটতে শুরু করে। মহিলা চলে যাচ্ছে দেখে সুরুজের হঠাৎ কী জানি হয়, সে মহিলার পথ আগলে দাঁড়ায়। তারপর বিড়বিড় করে বলে, ‘আমি আপনার সঙ্গে যেতে চাই।’মহিলা মুচকি হেসে সুরুজকে পাশ কাটিয়ে হাঁটতে থাকে। সুরুজ সঙ্গে সঙ্গে যায়। ‘প্রয়োজনটা কী?’সুরুজ কাচুমাচু করে।‘কী প্রয়োজন?’‘আমি আপনার সঙ্গে যেতে চাই।’ মহিলা আবার সুরুজের দিকে চাহনী ফেলে। চাহনী দেওয়া মাত্র সুরুজ পুড়তে শুরু করে। তাঁর বাঁ হাতের কনুই থেকে বুক পর্যন্ত জ্বলুনি শুরু হয়। কিন্তু বেশিক্ষণ তার পুড়তে হয় না। মহিলা পুঁটলি থেকে একটা কলা বের করে সুরুজের দিকে ছুড়ে মারে, ‘খা!’বেশ লাগে সুরুজের—খা। মহিলার বয়স কত? সে নিজে নিজে জিজ্ঞেস করে। কিন্তু কোনো উত্তর পায় না।‘আমার সাথে যাইতে অইলে তো তোরে বানর অইতে অইব।’এ কথায় সুরুজ হা-হা করে হেসে ওঠে। হাসি থামিয়ে সুরুজ মহিলার থুতনির কাছে যে তিলটা তাতে দৃষ্টি ফেলে। ‘বানর হতে হলে তাই হব।’ সুরুজ হেসে ওঠে।মহিলা আবার তাকায়। সঙ্গে সঙ্গে সুরুজ পুড়তে থাকে। এবার এই পুড়তে থাকাটা তার ভালো লাগে। অথবা সে একটা মুগ্ধতার করতলে আটকা পড়েছে। কিন্তু একি! মহিলা তার ঝোলা থেকে একটা বানরসদৃশ মুখোশ বের করে আনে, যা দেখে সুরুজ অনেকটা আঁতকে ওঠে। ‘এটা কী?’ সুরুজ জানতে চায়।উত্তরে মহিলা কোনো সাড়া দেয় না। মহিলা সুরুজের দিকে খানিক ঝুঁকে এসে ওর ঘাড় চেপে ধরে। হাঁটতে হাঁটতে ওরা ইতিমধ্যে বাজারের বাইরে চলে এসেছে। অন্য কেউ বা অন্য কোনো সময় ব্যাপারটা ঘটলে সে প্রচণ্ড রেগে যেত। কিন্তু এ মুহূর্তে সে মন্ত্রমুগ্ধের মতো ঘাড়টা নরম করে পেতে রাখে আর মহিলা তা মুখোশে পুরে দেয়। সঙ্গে সঙ্গে সুরুজ একটা বানরে পরিণত হয়। এরপর মহিলা ঝোলা থেকে একটা শেকল বের করে সুরুজের গলায় আটকে দেয় এবং সুরুজসহ চারটা বানর সমবেত হাঁটতে থাকে। ৪.অনেকটা অন্ধকার পথ পাড়ি দিয়ে একটা বাড়িতে এসে ঢোকে। বাড়িটার খিড়কি শলার, ভেতরে বাতি জ্বলছে টিমটিম। বারান্দায়, উঠোনে, খিড়কির পাশে—চারদিকে হারিকেনের টিমটিম। আর কী এলাহি কাণ্ড! সবখানে খাঁচা আর খাঁচা। সে খাঁচার ভেতর বানরদল। এত এত বানর যে তার হিসাব নেই। সুরুজ গুমরে ওঠে। সে লাফিয়ে উঠে শেকল ছিঁড়ে পালিয়ে যেতে চায়। কিন্তু মুহূর্তের ব্যবধানে সে নিজেকে একটা খাঁচার ভেতর আবিষ্কার করে।সুরুজের ঘুম আসে না। জেগে জেগে দেখে, বানরগুলো ঘুমে নেতিয়ে পড়ছে। তার কোনোমতেই ঘুম আসে না। সে দেখে মাত্র দুইটা লোক সবকিছু তদারক করছে। লোক দুইটার মুখ গম্ভীর, আর কাজে খুব মনোযোগ। ওরা ঘুমিয়ে পড়া বানরগুলোর খাঁচার কাছে গিয়ে কিছু একটা ছিটিয়ে দিচ্ছে। ওর খাঁচার কাছে আসামাত্র সুরুজ ঝিম মেরে পড়ে থাকে। বুঝতে পারে কিছু একটা গায়ের ওপর ফেলা হলো। তারপর? তারপর আর কিছু মনে নেই। সকালের কড়া রোদ শরীরে ঘা দিতে থাকলে সুরুজের ঘুম ভাঙে। সে জেগে উঠে দেখে একটা কলা ও এক বাটি দুধ তার খাঁচার ভেতর রাখা আছে। সারা বাড়িতে আলো ছড়িয়ে পড়ায় তার মনে একটা আশা জেগে ওঠে। মনে হয় নাচানেওয়ালী তো আজও হাটে যাবে। হাটে গেলে তো ওকে নিয়ে যাবে। নিয়ে গেলে মহিলা যে খেলা দেখায় তার ভেতরের রহস্যগুলো ঠিক ঠিক ধরে ফেলবে। এসব ভেবে তার মন প্রফুল্ল হয়ে ওঠে। কিন্তু তার কিছুই ঘটে না। একঝলক দেখতে পায়, মহিলা তিনটা বানর নিয়ে বেরিয়ে পড়ছে, ঘাড়ে পুঁটলিটা ঝোলানো। এই ঘটনার পর থেকে সুরুজ ঝিম ধরে পড়ে থাকে। এর মধ্যে আরও একটা ব্যাপার তার চোখে পড়ে। মহিলা বেরিয়ে যাওয়ার পর দুইটা লোকের একজন খাঁচার ভেতর লাঠি ঢুকিয়ে দেয়। এমন ঘটনায় বানর চিৎকার শুরু করলে অন্য লোকটা ছুটে আসে। এতে ব্যাপারটা আর এগোয় না। কিন্তু এই ঘটনা একটু পরপর ঘটতে থাকে। দুজনের কোনো একজন লাঠি নিয়ে ছুটে যায় আর অন্যজন ছুটে এসে থামায়। সুরুজ ঝিম ধরে পড়ে থাকে। বুঝতে পারে বানরগুলোর ভেতর দুজনের পছন্দ-অপছন্দের বানর আছে। এই ভেবে সে আরও শঙ্কিত হয়ে পড়ে।একটা দিন ও রাত এভাবে চলে যায়। সে ঝিম ধরে পড়ে থাকে। দুইটা দিন ও রাত চলে যায়। সে ঝিম ধরে পড়ে থাকে। মহিলা একবারের জন্যও সুরুজের কাছে আসে না। তৃতীয় দিন সকালে জেগে যখন দেখতে পায় তার সামনে প্রতিদিনের মতো একটা কলা ও এক বাটি দুধ, তখন তার মেজাজ খিঁচড়ে যায়। সে প্রাণপণ চিৎকার শুরু করে। তার চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অন্য খাঁচার বানরগুলোও এর সঙ্গে সুর মেলায়। তখন প্রথমে একজন, পরে দুজন তদারককারী লাঠি হাতে সুরুজের সামনে হাজির হয়। এ দুজনকে দেখে সুরুজ মুহূর্তের জন্য থামে। তারপর সে তার গলা আরও চড়াও করে। লোক দুইটা সুরুজের খাঁচায় বেশ কয়েকবার লাঠি ঢুকিয়ে দেয়। কিন্তু সুরুজ থামে না। সে কোনোমতেই আর বানরজীবন চায় না। সে একটা মানুষ, তার অনেক স্মৃতি আছে, একটা ঠিকানা আছে, সকাল-সন্ধ্যা আছে—এসবে সে ফিরে যেতে চায়। ফলে সুরুজ থামে না। সে চিৎকার চালিয়ে যায়। তখন মহিলাকে দেখতে পায়। মহিলা সুরুজের খাঁচার কাছে এসে খাঁচাটা হাতে নিয়ে দুজনের একজনকে নির্দেশ দেয়—এটাকে ফেলে রেখে আয়। ৫.একটা খোলা মাঠে এসে সুরুজকে ছুড়ে মারে। খাঁচা থেকে বেরিয়ে সুরুজ নিজের মনুষ্যরূপ ফিরে পেয়ে আনন্দে আটখানা। মুহূর্তমাত্র দেরি না করে হাঁটা দেয়। হাঁটতে শুরু করে সামনের বাজারটা নজরে আসায় সে প্রথমে থমকে দাঁড়ায়। তারপর তার চোখেমুখে একটা আনন্দের রেখা ফুটে ওঠে। পকেটে হাত ঢুকিয়ে দেখে টাকাটা ঠিকই আছে। সে খুব কঠিনভাবে ঠিক করে নেয়, এবার আর ভুল নয়, কোনোমতেই নয়। বাজারে ঢুকেই হুল্লোরে পাক খায়। তারপর সেই প্রথমবারের দৃশ্যই নজরে আসে। মাঝেমধ্যে জটলা, মাঝেমধ্যে হুল্লোর। সামনে একটা বিরাট জটলা দেখে সুরুজ উৎসুক হয়ে ওঠে। তার মনে হয়, এই জটলার ভেতর ওই মহিলাকে বোধহয় পেয়ে যাবে। আর পেয়ে গেলে সে হেনস্তা করেই ছাড়বে। যদি লোকজন খেকিয়ে ওঠে, তাহলে পকেটভর্তি টাকা তো আছেই। ছিটিয়ে দেবে। এসব কথা ভেবে সুরুজ মাথাটা জটলার ভেতর ঢুকিয়ে দেয়। ঢুকিয়েই আটকে পড়ে। তার মনে হয়, এর নাম মুগ্ধতার জাঁতাকল। এক নারী খেলা দেখাচ্ছে, যার রূপ অভাবনীয়। সুতরাং আটকে পড়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এ খেলাও আগের মতোই। তবে এখানে কুশীলবের ভূমিকায় আছে অনেকগুলো টিয়া।সুরুজ ঠাঁই দাঁড়িয়ে থাকে। দিন ফুরিয়ে আসে, সবাই চলে যায়, কিন্তু সুরুজ দাঁড়িয়েই থাকে। এক হাতে টিয়ার খাঁচা অন্য হাতে একটা পুঁটলি নিয়ে নারীটা হাঁটতে শুরু করেছে। সুরুজের খুবই অবাক লাগে এই ভেবে যে তার মতো আরও অনেকে দাঁড়িয়ে নেই কেন? সুরুজ নারীটার মুখোমুখি হয়। মুখোমুখি হয়ে জানায়, সে তার সঙ্গে যেতে চায়। সুরুজের কথায় নারীর মুখ জ্বলে ওঠে। সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে যেমন জ্বলে তেমনি। এই মুখ দেখে সুরুজ ঠিক করে নেয়, তার টিয়াজীবনে কোনো আপত্তি নেই। আপত্তি থাক বা না থাক, সুরুজের টিয়া হতে হয়। সে টিয়া হয়ে একটা খাঁচায় ঢুকে যায়। তারপর অন্ধকারের ভেতর অনেকটা পথ পেরিয়ে একটা বাড়িতে এসে ঢোকে। সে যে রকম ভেবেছিল এখানেও তাই। স্তরে স্তরে সাজানো খাঁচা, আর খাঁচার ভেতর টিয়ার দল। এতে সুরুজ মন খারাপ করে না। সে একটা সৌন্দর্যে বিহ্বল হয়ে আছে। তার মনে হয় এভাবে সে এই বাড়িতে বহুদিন পড়ে থাকবে। মাঝেমধ্যে একটু-আধটু তো দেখা মিলবে তার। রাত গভীর হওয়ার পর টিয়াগুলো চিৎকার শুরু করে। এমন চিৎকার যে মনে হয় ওদের কেউ মেরে ফেলছে। সুরুজ ভয়ে-আতঙ্কে জড়সড়। চোখ মেলে দেখে বেশ কটা ছেলেমেয়ে খাঁচার ভেতর লাঠি ঢুকিয়ে দিচ্ছে। লাঠি দিয়ে গুঁতা দিয়ে একে অন্যের ওপর হাসিতে ফেটে পড়ছে। কিন্তু ব্যাপারটা বেশিক্ষণ চলতে পারে না। নারীটা চলে আসে। নারীকে দেখামাত্র ছেলেমেয়েগুলো লাপাত্তা। প্রতি রাতে এ রকম ঘটে। শেষে নারীটা এসে ঘটনার অবসান ঘটায়। এদিকে সুরুজ ওই বেরিয়ে আসার মুহূর্তটার জন্য প্রতিদিন অপেক্ষা করে। তার মনে হয় একদিন নারীটা তার কাছে এসে বলবে, আজ থেকে তোমার টিয়াজীবনের অবসান হলো। তুমি আমার সঙ্গে এসো। দুইটা টিয়া মারা গেছে। গভীর রাতে এমন একটা খবরের পর সুরুজ ঠিক করে নেয়, এ মায়ার ভেতর আর না।পরদিন খাঁচাতে সকালের আলো পড়ার সঙ্গে সঙ্গে সুরুজ চিৎকার শুরু করে। কিছুক্ষণের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে যথারীতি নারীটা এসে হাজির। সঙ্গে সঙ্গে ছেলেমেয়েগুলোও উঁকিঝুঁকি মারতে শুরু করে। নারীটা ওদের থেকে একটাকে ইশারায় ডাকে। বলে, যা, এই বদমাশটাকে দূরে ছেড়ে দিয়ে আয়।একটা খেতের পাশে নিয়ে আসে সুরুজকে ছেলেটা। কিন্তু তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে সুরুজের গলা টিপে ধরল ছেলেটা। এমনভাবে টিপে ধরল যে সুরুজের মনে হল সে মরেই যাবে।