নবাব বাবুর্চির সিলসিলা এসময়ে
পাকিস্তান আমলে খ্যাতিমান ছিলেন লুলা বাবুর্চি। তাঁর নাম ছিল খোদাবক্স। তাঁর ডান হাত ছিল না বলে লুলা বলে পরিচিত হন। এর পরের তালিকা বেশ দীর্ঘ। সেখানে আছেন ফখরুদ্দিন বাবুর্চি ও তাঁর পুত্র মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। তাঁদের কাচ্চি বিরিয়ানি দেশের বাইরেও সুনাম অর্জন করছে। রফিকুল ইসলাম জর্ডানের বাদশার বাড়িতে রান্না করেছেন। প্রিন্স হাসান বিন তালালের কন্যার বিয়ের ভোজে প্রধান কুক নির্বাচিত হয়ে ঢাকার কাচ্চি খাইয়ে তারিফ অর্জন করেছেন তিনি। লন্ডনেও এক খাবার প্রতিযোগিতায় তাঁর বিরিয়ানি শ্রেষ্ঠ হয়েছিল। বিভিন্ন দেশের পত্রপত্রিকায় তাঁদের বিরিয়ানির প্রশংসাসূচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া নারিন্দার ঝুনুর বিরিয়ানি, বেচারাম দেউড়ির নান্না নানা মিয়ার মোরগ-পোলাও, নাজিরাবাজারের হাজি মোহাম্মদ হোসেনের বিরিয়ানি ‘হাজির বিরিয়ানি’ নামে দেশজোড়া পরিচিত। পোলাও-বিরিয়ানি ছাড়াও ঢাকার আল রাজ্জাকের গ্লাসিও, মুস্তাকিম ও স্টারের কাবাবও খুব বিখ্যাত। ঢাকার বিরিয়ানির অত্যন্ত সমঝদার ছিলেন বিখ্যাত শিল্পতাত্ত্বিক শাহেদ সোহরাওয়ার্দী। শিল্প-সাহিত্যের মতো খদ্যরসিক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। সৈয়দ আলী আহসান তাঁর ষাট বছর আগের ঢাকা ব্যক্তিগত আলাপচারিতা ও অভিজ্ঞতার আলোকে লিখেছেন। শাহেদ সোহরাওয়ার্দী তাঁর রান্নাবিষয়ক গ্রন্থে বিভিন্ন দেশের রান্নার প্রশংসা করলেও ঢাকার মোরগ-পোলাওয়ের প্রশংসায় তিনি ছিলেন পঞ্চমুখ। তাঁর ভাষায়, ‘ঢাকার মোরগ-পোলাওর স্বাদ লিখে তুলে ধরা যায় না। সেটি একটি অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা অর্জন করতে হয়।’এখন প্রায় তিন হাজারের মতো বাবুর্চি বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করছেন বলে এশিয়াটিক সোসাইটির বইতে উল্লেখ করা হয়েছে। এঁরা হান্ডি ও ডেগ মিলিয়েই রান্নার কাজে নিয়োজিত। অনেকেই নিজেরা নিজেদের নামে রান্নার প্রতিষ্ঠান তৈরি করেছেন। এসব বাবুর্চি মূলত ব্রিটিশ যুগের ও নবাববাড়ির খ্যাতনামা বাবুর্চির শিষ্য হিসেবে কাজ করতে গিয়েই হাতে-কলমে রন্ধনশিল্পে পারদর্শিতা অর্জন করেন। তাঁদের সিলসিলা ধরেই ঢাকায় এসেছেন আধুনিক বাবুর্চিরা। তাঁদের মধ্যে আছেন মাহুতটুলির সুরুজ মিয়া, এলিফ্যান্ট রোডের হাজি সুরাত আলী, কাকরাইলের ফেকু মিয়া, মোহাম্মদ পুরের কামাল ও সালাম, দেলোয়ার হোসেন, শামসুল হক। সেনাকুঞ্জে প্রায়ই রান্না করেন মিলন বাবুর্চি। ইস্কাটন গার্ডেন এলাকায় আছেন মোকবুল হোসেন ও আবদুল কুদ্দুছ, তেজগাঁয়ে মোহাম্মদ রাশিদ, মিরপুরে আজগর আলী, গুলশানে শামসুল হক, বনানীতে জাকির হোসেন, খিলগাঁওয়ে মোহাম্মদ মঞ্জু, উত্তরায় কামাল প্রমুখ।