নবাবি আমলের উত্থান-পতনের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর তুলিতে নবাব সিরাজ–উদ–দৌলা
শিল্পীর তুলিতে নবাব সিরাজ–উদ–দৌলা

বাংলার নবাবি আমলের ইতিহাস না জানলে বাঙালি হিসেবে আমাদের ইতিহাসের শিকড়চ্যুতির সমস্যা প্রকট হওয়ার অবকাশ থেকে যায়। এ ক্ষেত্রে ফারসিতে লেখা যে কটি বইয়ের নাম করা যেতে পারে, তাদের অন্যতম করম আলি খানের মূল ফারসি থেকে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অনূদিত মোজাফ্ফরনামা। বর্তমান বইটি অবশ্য দুটি গ্রন্থের সমাহার। প্রায় পরিশিষ্টাংশের মতো করে এতে আজাদ-আল-হোসায়নির নওবাহার-ই-মুর্শিদ কুলি খানি নামের চটি বইটি জুড়ে দেওয়া হয়েছে। এটিরও অনুবাদক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া।
মোজাফ্ফরনামার অনুবাদের গুরুত্ব নানাভাবেই স্বীকার্য। অনুবাদক আমাদের জানাচ্ছেন, এই বইয়ের লেখক করম আলি খান নবাবি আমলের ইতিহাস হিসেবে রচিত তাঁর পূর্ববর্তী অনেক গ্রন্থ থেকে অনেক তথ্য ধার করলেও, তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে ‘নবাবি আমলের শেষের দিকের ঘটনাবলির অনেক কিছু তাঁর স্বচক্ষে দেখার সুযোগ ঘটেছিল।’ তারই ধারাবাহিক বিবরণ ধৃত এই বই আমাদের সেই আমলের এমন সব ঘটনার সন্ধান দেয়, আমাদের কাছে এর আগে যা, বলতে গেলে, অপরিজ্ঞাতই ছিল।
এ বইয়ের যে কটি বৈশিষ্ট্য উল্লেখের দাবিদার, তার অন্যতম হলো, নবাব আলীবর্দি খান গ্রন্থকারের আশ্রয়দাতা, অন্নদাতা ও পালনকর্তা হওয়া সত্ত্বেও, তাঁর প্রতি তিনি কৃতজ্ঞ থাকা সত্ত্বেও, তাঁর দোষের বর্ণনায় ঐতিহাসিক করম আলি খানের কণ্ঠরোধ করা যায়নি। দৃষ্টান্ত হিসেবে এ বইয়ের ‘হত্যার চক্রান্ত’ শিরোনামের পরিচ্ছেদ দুটির উল্লেখ করা যেতে পারে, যেখানে দেখানো হয়েছে আলীবর্দি কীভাবে হোসেন কুলি খানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁর জ্ঞাতসারেই প্রকাশ্য দরবারে সিরাজ–উদ–দৌলা যে হোসেন কুলি খানকে হত্যা করার জন্য লোক নিয়োগ করছেন, তুলে ধরছেন সেই কথাও। এখানেই থেমে থাকে না ঘটনা। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেলে আলীবর্দি নিজে হোসেন কুলি খানকে হত্যা করার চক্রান্তে লিপ্ত হন। এর পেছনে ছিল কারণ একটাই—আলীবর্দি খান মনে করতেন, হোসেন কুলি খানই একমাত্র ব্যক্তি, যিনি সিরাজকে সিংহাসনচ্যুত করার ক্ষমতা রাখেন। ফলে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া অনিবার্য বলে মনে করেন তিনি। শেষ পর্যন্ত করা হয়ও তাই।
আলোচ্য বইয়ে এ রকম বহু ঘটনার উল্লেখ করেছেন করম আলি খান। পাশাপাশি বর্গির হামলা প্রতিহত ও বিনাশ করার ব্যাপারে আলীবর্দি খানের ভূমিকা, ভাস্কর পণ্ডিত ও অন্যান্য মারাঠা সেনাপতিকে নির্মূল করার লক্ষ্যে যে কৌশল অবলম্বন করেন তিনি—এসবের পাঠ রীতিমতো শিহরণ জাগানিয়া।

মোজাফ্ফরনামা: নবাব আলীবর্দি খান থেকে নবাব সিরাজ–উদ–দৌলা
মোজাফ্ফরনামা: নবাব আলীবর্দি খান থেকে নবাব সিরাজ–উদ–দৌলা
মোজাফ্ফরনামা: নবাব আলীবর্দি খান থেকে নবাব সিরাজ–উদ–দৌলা
করম আলি খান

ফারসি থেকে অনুবাদ: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
প্রচ্ছদের নামলিপি: কাইয়ুম চৌধুরী
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন অক্টোবর ২০১৫
১৮৪ পৃষ্ঠা,
দাম: ৩৫০ টাকা।

একজন ঐতিহাসিক হিসেবে বইটিতে করম আলি খান সিরাজ–উদ–দৌলার রাজত্বকালের যে বর্ণনা তুলে ধরেছেন, তা সত্যিই জীবন্ত। বিশেষ করে পলাশীর যুদ্ধের বর্ণনা ও তার নেপথ্যের ঘটনাবলি যেভাবে তুলে এনেছেন, তা এক অর্থে তুলনাবিহীন। এই যুদ্ধে সিরাজের পরাজয়ের মূলে কুচক্রী মীর জাফর আলি খান, রায়দুর্লভ প্রমুখের ভূমিকা তুলে ধরা হয়েছে খোলাখুলিভাবে। অন্যদিকে, নবাবের বিশ্বস্ত সেনাপতি মির মদন ও রাজা মোহনলালের ভূমিকাও অত্যন্ত পরিষ্কারভাবে ধৃত। একইভাবে পরাজিত নবাবের অসহায় অবস্থার কথাও তুলে ধরা হয়েছে সংবেদনশীলতার সঙ্গে।
অনেকটা পরিশিষ্টাংশের মতো করে পৃথক ঘটনা ও প্রসঙ্গের বই নওবাহার-ই-মুর্শিদ কুলি খানি এতে স্থান দেওয়া হয়েছে। আকারে ক্ষুদ্র হলেও বইটির গুরুত্ব ন্যূন নয়। তখন প্রায় অস্তাচলে যাওয়া মোগল সাম্রাজ্যের শাসনকালেও বাংলার নবাবি শক্তি অটুট। সেই অটুট শক্তির বলে বলীয়ান হয়ে দ্বিতীয় মুর্শিদ কুলি খান ত্রিপুরা রাজ্য দখল করেন। তারই বর্ণনা-সংবলিত এই বই বাংলার নবাবি আমালের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। মোজাফ্ফরনামাকে তাই বলা চলে একের ভেতর দুই। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার অধ্যবসায়ী অনুবাদকর্মের কল্যাণে নবাবি আমলের যে অজানা ইতিহাস জানার সুযোগ মিলেছে, সে জন্য তাঁকে অশেষ অভিনন্দন।