নবাবের রত্নভাণ্ডার
সময়টা ঢাকার নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমউল্লাহর আমল। এই পরিবারের আদি পুরুষেরা কাশ্মির থেকে দিল্লি, সিলেট হয়ে ঢাকায় এসে বসবাস শুরু করেন। চামড়া, গাঁজাসহ নানাবিধ ব্যবসা করে তাঁরা অগাধ ধন-সম্পদ অর্জন করেছিলেন, কিনেছিলেন জমিদারি। আলিমউল্লাহ তাঁর জমিদারি বিস্তৃত করেছিলেন ঢাকা, বাকেরগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে। ১৮৩৫ সালে ফরাসি কুঠিয়ালদের কাছ থেকে এখনকার অতিপরিচিত আহ্ছান মঞ্জিলটি কিনে নেন তিনি। শুধু ঢাকারই নয়, পুরো পূর্ববঙ্গের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন আলিমউল্লাহ। অর্থ-বিত্তে সমৃদ্ধ হয়ে উঠলেও সামাজিক আভিজাত্যে তাঁর অবস্থান তখন অনেক নিচে। একসময় আলিমউল্লাহর অভিজাতদের কাতারে নাম লেখানোর জন্য আগ্রহ তৈরি হলো। অভিজাত হওয়ার নেশা থেকে কেনা শুরু করলেন নানা রত্নরাজি। ক্রয়ের মূল উত্স ছিল সে সময়ে ক্ষয়িষ্ণু অভিজাত পরিবারগুলো। আভিজাত্য বাড়ানোর জন্য আলিমউল্লাহ জুড়িগাড়ি কিনেছিলেন, ঘোড়দৌড় আয়োজন করতেন, বিশেষ ভোজ ও জলসার আয়োজনও করতেন। তবে পুরোনো রত্নরাজি, মণিমাণিক্য কেনাই হয়ে উঠেছিল তাঁর মূল নেশা। এই আলিমউল্লাহ ১৮৫২ সালে সংগ্রহ করেছিলেন বিখ্যাত হীরা দরিয়া-ই-নূর। ব্রিটিশ আমলে ঢাকায় এসে নবাবের সৌজন্যে অনেক বিশিষ্টজন দরিয়া-ই-নূর দেখতে পেয়েছেন। ১৮৮৭ সালের ৬ জানুয়ারি ভাইসরয় লর্ড ডাফরিন তাঁর স্ত্রীকে নিয়ে কলকাতার নবাবদের বালীগঞ্জ প্রাসাদে গিয়ে এই হীরকটি দেখেছিলেন। লেডি ডাফরিন তাঁর বইয়ে লিখেছিলেন, ‘নবাব সাহেব তাঁর কিছু জুয়েলারি আমাদের দেখালেন। সেগুলোর মধ্যে কোহিনূরের বোন হিসেবে পরিচিত দরিয়া-ই-নূরও ছিল।’প্রখ্যাত অলংকার ব্যবসায়ী প্রতিষ্ঠান হ্যামিল্টন অ্যান্ড কোম্পানিকে দিয়ে নবাব আহ্ছানউল্লাহ তাঁর সংগ্রহে থাকা উল্লেখযোগ্য ১৪টি অলংকারের ছবি ও বর্ণনা দিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন। ব্রিটিশ আমলের এই অ্যালবামটি এখন দুষ্প্রাপ্য। হ্যামিল্টন কোম্পানি কর্তৃক প্রকাশিত অ্যালবামে যে ১৪টি অলংকারের বর্ণনা ও ছবি ছাপা হয়েছিল, তা বিভিন্ন অনুষ্ঠানে ঢাকার নবাবেরা প্রাচ্য দরবারি পোশাকের সঙ্গে পরিধান করতেন। দরিয়া-ই-নূর বাজুবন্ধরূপে, গলায় মোতির মালা, ফ্রেঞ্চস্টার, মাথায় রুমির টুপি, যাতে হীরার তারা লাগানো এবং কোমরবন্ধের সঙ্গে ছিল হীরাখচিত তরবারি। এসবই ছিল অ্যালবামটিতে। এই অ্যালবামে উল্লিখিত দরিয়া-ই-নূর বাদে অন্যান্য অলংকারের বর্তমান অবস্থান নিশ্চিতভাবে জানা যায় না।