নবীন শিল্পীদের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের কাজ দিয়ে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। আটটি বিভাগের ছাত্রছাত্রীদের কাজ এবং বাছাই করা সেরা কাজের জন্য পুরস্কার দেওয়া হয়।এ বছর ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার ২০১০’ পেয়েছেন মৃৎশিল্প বিভাগের ছাত্র সুমন কুমার বড়াল। তাঁর শিল্পকর্মের শিরোনাম ‘অপরাধ’। মূলত আমাদের দৈনন্দিন জীবনের নানা অপরাধ ও সামাজিক অবক্ষয় তাঁকে তাড়িত করেছে, এ জন্যই তিনি এই শিরোনামে কাজটি উপস্থাপন করেছেন। উল্লেখ্য, বিএফএ (সম্মান) পর্যন্ত বাস্তবধর্মী কাজের জন্যই এই শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। সুমন তৃতীয় বর্ষের মৃৎশিল্প বিভাগে পড়ছেন।নিরীক্ষাধর্মী কাজের মধ্যে সন্দ্বীপ কুমার দেবনাথের কাজ উল্লেখযোগ্য। তিনি এমএফএ (দ্বিতীয় পর্ব) কারুশিল্প বিভাগে পড়ছেন। ‘মিউজিয়াম ১’ শিরোনামে দৃষ্টিনন্দন কাজটিতে শিল্পীর ফিগারের সরলীকরণের চেষ্টা ছিল, যাতে সহজে শিল্পের সঙ্গে দর্শকের যোগাযোগ ঘটে। ভাস্কর্য বিভাগের এমএফএর (দ্বিতীয় পর্ব) ছাত্র রেদওয়ানুল আলম রাসেলের কাজে নতুনত্বের ছাপ পাওয়া যায়। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শেষ বর্ষের ছাত্র কামালুদ্দিনের নিরীক্ষায় আছে একাডেমিক দক্ষতার ছাপ।প্রাতিষ্ঠানিক শিল্পকর্মের এই প্রদর্শনীতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের দেখা মিলছে।—শ্রাবন্তী রায়