
নভেরা আহমেদ
সম্পাদক: আবুল হাসনাত
প্রচ্ছদ: রফিকুন নবী
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস
ফেব্রুয়ারি ২০১৫
১৬০ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা।
ভাস্কর নভেরা আহমেদের প্রয়াণের মাস কয়েক আগে শিল্পসমালোচক আবুল হাসনাতের সম্পাদনায় প্রকাশিত হয়েছে নভেরা আহমেদ সংকলনগ্রন্থ। সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে, ‘...তাঁর কীর্তি এবং বাংলাদেশের ভাস্কর্যচর্চায় তাঁর অবদান সম্পর্কে এই ক্ষুদ্র বইটিতে আলোকপাতের প্রয়াস পেয়েছি।’ নতুন তথ্যে ভরা নভেরার ভাস্কর্য ও চিত্রকর্মের আলোকচিত্রগুচ্ছে সমৃদ্ধ বইটি অবয়বের সীমিত সীমা ছাপিয়ে যায় এর তাৎপর্যের মহার্ঘ্যতায়।
এই বইয়ে নভেরার জীবন ও সৃষ্টিবিশ্ব নিয়ে লিখেছেন মেহবুব আহমেদ, রবিউল হুসাইন, ইকতিয়ার চৌধুরী, রেজাউল করিম সুমন, আহমেদ সজীব প্রমুখ। এ ছাড়া সংকলিত হয়েছে উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের কন্যা সেলিমা হাশমির রচনা; বইয়ের দ্বিতীয়াংশে ১৯৬০-এ ঢাকায় অনুষ্ঠিত ‘অন্তদৃষ্টি’ শিরোনামে নভেরার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকাভুক্ত শিল্পাচার্য জয়নুল আবেদিন, ফয়েজ আহমদ ফয়েজ, সাংবাদিক এস এম আলী ও আবদুস সালামের ইংরেজি রচনাসমূহের বাংলা ভাষান্তর অন্তর্ভুক্ত হয়েছে। সংকলনভুক্ত এক একটি রচনায় নভেরার জীবন ও শিল্পজগতের এক একটি কোণ উন্মোচিত হয়েছে বিরল তথ্যসমাবেশে—সুপর্যালোচনায়। ফলে ‘কিংবদন্তি’র ঘেরাটোপ ছিন্ন করে নভেরা আহমেদের প্রকৃত প্রতিকৃতি নির্মাণের পরিসর তৈরি হয়। আবার ‘পরিবার’, ‘আজ’, ‘আমাকে দাও’, ‘মা ও শিশু’র মতো আদিপর্বের ভাস্কর্যকর্মের পাশাপাশি ২০০৮-এ করা ‘শঁতমলের ছাগল’ ভাস্কর্য পর্যন্ত বিভিন্ন পর্বে শিল্পকর্মের তথ্য ও বিশ্লেষণ সংযোজনের মধ্য দিয়ে এ সংকলন অখণ্ড নভেরা-অবলোকনের সুযোগ করে দেয়।
মেহবুব আহমেদ তাঁর প্রবন্ধে নভেরা-জীবনের প্রায় প্রতিটি পর্বের আনুপূর্ব বর্ণনা দিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পকর্মে নভেরার অবদান সম্পর্কে তিনি কোনো আপ্তবাক্যের আশ্রয় নেননি, বরং ১৯৫৮ সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার-এ প্রকাশিত শহীদ মিনার নির্মাণকর্ম-সম্পর্কিত প্রতিবেদন, সৈয়দ শামসুল হক-আহমদ রফিক-এস এম আলী-সাদেক খান প্রমুখের প্রাসঙ্গিক ভাষ্য সংগ্রহ করে অস্পষ্টতার আবরণ থেকে বিষয়টি মুক্ত করেছেন। এ ছাড়া লন্ডনের ক্যাম্বারওয়েল স্কুলের বরাত দিয়ে ‘নভেরা এপস্টাইনের ছাত্রী ছিলেন’ এই বহুচর্চিত তথ্যটি খণ্ডন করেছেন।
ইকতিয়ার চৌধুরী ফ্রান্সে কূটনৈতিক কর্মসূত্রে নভেরার সঙ্গে সাক্ষাতের বিবরণ দিয়েছেন এভাবে—‘দীর্ঘদিন আছেন তিনি ফরাসি মুলুকে। এদেশের একটি পাসপোর্ট নিতে পারতেন তিনি। কিন্তু আজো সযত্নে বহন করে চলেছেন জন্মভূমির ছাড়পত্র। ওঁর শেষ ইচ্ছে বোধহয় জননীর কোলে ফেরা।’
বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১৯৯৮-এ বাংলা নববর্ষের দিন থেকে মাসব্যাপী নভেরা ভাস্কর্যকর্মের প্রদর্শনীর একটি মূল্যায়নমূলক লেখা রবিউল হুসাইনের ‘নভেরার পুনরুত্থান ও সাম্প্রতিক ভাস্কর্যশিল্প’। নভেরার শিল্পধারা সম্পর্কে তাঁর মন্তব্য প্রণিধানযোগ্য, ‘লক্ষ করলে তাঁর কাজের মধ্যে হেনরি মুর, এডিথ মিটওয়েলের প্রভাব পাওয়া যায়। কিন্তু সেসব ছাপিয়ে দেশের পুতুল ও পোড়ামাটির ছাপ বেশি প্রকট। তিনি বিদেশ এবং দেশ—দুটিকে এক করে একটি নিজস্ব নতুন নভেরা-ধারার সৃষ্টি করেছিলেন।’

১৯৬০-৭০ কালপর্বকে নভেরার ভাস্কর্যচর্চার স্বল্পালোচিত অধ্যায় বিবেচনা করে রেজাউল করিম সুমন এ বিষয়ে লিখেছেন একটি সুদীর্ঘ অনুসন্ধান ও বিশ্লেষণমূলক প্রবন্ধ। ১৯৬১-৬২ সময়পর্বে লাহোরে জাতীয় প্রদর্শনীতে নভেরার অংশগ্রহণ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তি এবং তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট ভাস্করদের সঙ্গে তাঁর তুলনামূলক পর্যালোচনা শেষে তিনি দেখান সমকালীন শিল্পীদের মধ্যে নভেরা বিশিষ্ট ছিলেন তাঁর স্বাতন্ত্র্য-অন্বেষু ধারাবাহিকতায়। সুমন ব্যাংককে নভেরার দ্বিতীয় প্রদর্শনী এবং প্যারিসে তৃতীয় প্রদর্শনীর বিবরণ সংগ্রহ করে আমাদের এই কৌতূহলোদ্দীপক তথ্য জানান যে প্যারিস প্রদর্শনীতে (জুলাই ১৯৭৩) প্রথমবারের মতো ভাস্কর্যের পাশাপাশি স্থান পেয়েছিল নভেরার আঁকা ছবি, যার মধ্যে ‘বাংলাদেশ’ ছবিটি অঙ্কিত ছিল মহান মুক্তিযুদ্ধের বছর ১৯৭১-এ।
আহমেদ সজীব তাঁর ‘নভেরা-বৃত্তান্ত’ লেখায় ২০১২-তে নভেরার জীবনসঙ্গী গ্রেগোয়া দ্য ব্রুনসের সঙ্গে সাক্ষাৎ, প্যারিসের একটি দোকানে সংরক্ষিত নভেরা-শিল্পকর্ম দর্শন, নভেরার সঙ্গে টেলি-কথোপকথন এবং ‘নভেরা রেট্রোস্পেকটিভ ১৯৬৯—২০১৪’–এর মনোগ্রাহী বিবরণ দিয়েছেন।
১৯৬০-এর প্রদর্শনী স্মারকে সংকলিত রচনাগুচ্ছে নভেরার শিল্পবৈশিষ্ট্য আবিষ্কৃত হয় নানা মাত্রায়। জয়নুল আবেদিন তাঁর কাজকে আখ্যায়িত করেছিলেন ‘নতুন ধারার শিল্পকর্ম’ হিসেবে। ফয়েজ আহমদ ফয়েজ তাঁকে দেখেছেন নিয়ত নিরীক্ষাশীল এক শিল্পী হিসেবে। এস এম আলীর অনন্য ব্যাখ্যানে উঠে এসেছে প্রথাবাহী ত্রিমাত্রিক শিল্পধারার বিপরীতে কাঠের ভাস্কর্যগুণকে সরল সৌন্দর্যে ভাস্বর করার বিষয়টি।
এই সংকলনে ১৯৫২-য় লন্ডনে ভাস্কর্যরত নভেরার আলোকচিত্র থেকে শুরু করে ১৯৮৬-তে ধারণকৃত নভেরা ও গ্রেগোয়া ব্রুনসের আলোকচিত্র যেমন স্থান পেয়েছে, তেমনি ভিয়েতনাম যুদ্ধে বিধ্বস্ত বিমানের ভগ্নাবশেষ থেকে তৈরি ভাস্কর্যসহ ঢাকা-লাহোর-প্যারিসে সংরক্ষিত নভেরার গুরুত্বপূর্ণ শিল্পকর্মসমূহের ছবি এবং তাঁর বিভিন্ন প্রদর্শনীর ক্যাটালগের প্রতিলিপি বইটিকে দিয়েছে অসামান্য প্রামাণ্যতা। আবুল হাসনাত সম্পাদিত নভেরা আহমেদ বইটি এভাবে অপরিচয়-অর্ধপরিচয়-ভুল পরিচয়ের ধোঁয়াশা কাটিয়ে নভেরার সঙ্গে পাঠকের যথার্থ পরিচয় সম্ভব করে তোলে, যিনি ভাস্কর্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে জীবনের অর্থ ও সত্যের অন্তর্দৃষ্টিময় স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে চেয়েছিলেন।