নরক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নের পাতাল অব্দি তুমি যদি ঘুরে এসে থাকো
মনে করো শুরু হলো জেব্রাঋতু, এমন নরক
কোথা পাবে আর, সখা, শব যত ঢাকা আছে পদ্মে।
একটি সমুদ্র-চিল উড়ে উড়ে অন্তর্ধান করে
একটি সেগুন পাতা খসে পড়ে তোমার মাথায়;
লোকে জানে তুমি জড়বুদ্ধি বালকের মতো সুখী,
মর্মে উপলব্ধি নাই, হাসি আর ধ্রুপদি গাম্ভীর্যে
রয়েছ অটুট! শুধু, ললিপপ পেয়ে গেলে খুশি,
ওদিকে পৃথিবী ঘুরে আসে এক চক্কর বিদ্রূপ;
অবচেতনের পাপ ধীরে ধীরে রাঙায় রাত্রিকে।
তবু রাত্রি গল্পে ভরে, পদ্ম থেকে একটি শিশির
শবের অধরে ঝরে আর এই দৃশ্য মেঘলোকে
কিছু মায়া যুক্ত করে কিছু যায় ভূতচতুর্দশীর
মাল্যবান অন্ধকারে, কিছু রয় অপরূপ ভ্রমে—